বাজেট বুঝতে আপনাকে সহায়তা করবে যে বই

আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে ২০২১-২২ অর্থবছরের বাজেট। তার আগে জেনে নেওয়া যাক বাজেট বুঝতে যে বই আপনাকে সহায়তা করবে, সেই বই সম্পর্কে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্র হলেও বিদেশে অর্থনীতিতে মাস্টার্স ও পিএইচডি করেছেন। অর্থ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব থেকে সচিব পর্যন্ত মোট ১৬ বছর কাজ করে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আমরা বলছি সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খানের কথা। কেবল আমলা হিসেবে নয়, লেখক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বিচিত্র বিষয়ে লিখেছেন। বাংলাদেশের ইতিহাস-অর্থনীতি থেকে জীবনানন্দ দাশ—সবকিছুই উঠে এসেছে এই লেখকের কলমে।
আকবর আলি খানের সর্বশেষ বই বাজেট নিয়ে। ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’। তাঁর ভাষা, উপস্থাপনা এত সহজ, সরল, গল্পচ্ছলে লেখা, সাধারণ পাঠকও সহজে বুঝতে পারবেন। তিনি বাজেটের নানা দিক, আর্থসামাজিক-রাজনৈতিক দিক ছাড়াও প্রশাসনিক দিক নিয়ে, এর সঙ্গে জড়িত সব বিষয় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছেন। অথচ বেশ সংক্ষিপ্ত পরিসরে, আবার ভূমিকায় বইয়ের কাঠামো গঠনের সারসংক্ষেপ বলার পরও প্রতি অধ্যায়ের প্রথমে ভূমিকায় অধ্যায়ের আলোচ্য বিষয় এবং শেষে আবার সারাংশ বিবৃত করেছেন। সবশেষ অধ্যায়, উপসংহারে বইয়ের পুরো বিষয় আবার ব্যাখ্যা করে বুঝিয়েছেন।

বইটির অধ্যায়গুলোর নাম দেখলে আলোচ্য বিষয়ে আকবর আলি খানের জ্ঞানের ব্যাপ্তি উপলব্ধি করা যায়, যেমন: ক) প্রস্তাবনা, খ) বাংলাদেশে বাজেট ব্যবস্থা: রাজনৈতিক প্রেক্ষাপট, গ) বাংলাদেশ বাজেট ঘাটতি তত্ত্ব ও বাস্তবতা, ঘ) বাজেট উপস্থাপনে সাম্প্রতিক সংস্কারসমূহ, ঙ) সরকারের আয়-ব্যয় নির্ধারণে বাংলাদেশ সংসদ কতটুকু কার্যকর, চ) বাজেট প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের ক্ষমতা বৃদ্ধি ও তৃণমূলের জনগণের অংশগ্রহণের জন্য বাংলাদেশে সংসদীয় কার্যপ্রণালি সংস্কার সম্পর্কে কতিপয় প্রস্তাব, ছ) বাংলাদেশে বাজেট প্রক্রিয়া এবং হিসাব নিরীক্ষা, জ) সরকারের অপচয় রাজনৈতিক অর্থনীতি, ঝ) অংশগ্রহণমূলক বাজেট স্বপ্ন বাস্তবায়নের পথে অভিযাত্রা, ঞ) উপসংহার। প্রতিটি অধ্যায়ে আছে আবার চার থেকে পাঁচটি উপ-অধ্যায়!

অথচ আকবর আলি খান এত সংক্ষেপে, এত সহজ করে প্রতিটি অধ্যায় ব্যাখ্যা করে গেছেন যে আশ্চর্য হতে হয়। এর সঙ্গে তিনি দেশ-বিদেশ থেকে নানা তথ্য-উপাত্ত জোগাড় করে তা সারণি এবং রেখাচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন, যা বইয়ের আলোচনাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। প্রতিটি অংশীজনের, প্রতিষ্ঠানের আইনের, পদ্ধতির ভূমিকা বিশ্লেষণ করেছেন। লেখক প্রতিটি বিষয়ের সবলতা-দুর্বলতা নির্মোহভাবে তুলে ধরেছেন এবং তাঁর অনেক জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতার আলোকে কিছু সুপারিশ পেশ করেছেন।

বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি
আকবর আলি খান
প্রচ্ছদ: মাসুক হেলাল, প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: মার্চ ২০২১,২৩৮ পৃষ্ঠা, দাম: ৫০০ টাকা।

আমাদের বাজেট ব্যবস্থার উন্নয়নকল্পে বেশ কিছু সংস্কার আনা হয়েছে, দারিদ্র্য নিরসন এবং সুযোগবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে জোর দেওয়া হয়েছে। লিঙ্গভিত্তিক বাজেট, শিশুদের জন্য বাজেট—এসবের জন্য আলাদা দলিল তৈরি হচ্ছে। আঞ্চলিক বৈষম্য নিরসন ও পরিবেশের ওপরও কখনো কখনো আলাদা দলিল পেশ করা হচ্ছে। এমন নানা গুরুত্বপূর্ণ দলিল সংসদে পেশ করা হলেও বিশেষ করে উন্নয়ন সংসদে তেমন আলোচনা হয় না; তাই সেসব দলিলের গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। সংসদে বাজেট উত্থাপন করা হয় বটে, কিন্তু সেই বাজেট নিয়ে আলোচনার সময় খুব কম; সরকারি দলের সাংসদদের হাত তোলা এবং ক্ষেত্রবিশেষে নিজের এলাকার কিছু অভাব-অভিযোগ তুলে ধরা ছাড়া আলোচনার খুব সুযোগ নেই। বর্তমানে সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি নেই।

তাই আকবার আলি খান সংসদে আলোচনার সময় বাড়ানো এবং বাজেট আলোচনার জন্য সাবকমিটি করার প্রস্তাব দিয়েছেন। সরকারি নিরীক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা এবং সরকারি অপচয়ের সংজ্ঞাকে আরও স্পষ্ট করার প্রয়োজন বলে তিনি মনে করেন। বাজেট ব্যবস্থায় তৃণমূলের জনগণের সরাসরি অংশগ্রহণ, বিশেষ করে স্থানীয় পর্যায়ে আরও বাড়ানো প্রয়োজন বলে তাঁর মত। লেখক বাজেট আলোচনায় বেসরকারি সংগঠন (এনজিও) ও সিভিল সমাজ সংগঠনগুলোকে আলোচনায় সম্পৃক্ত করার কথা বলেছেন।

আকবর আলি খান বলেছেন, ‘এখনো আমাদের কেন্দ্রীয় ব্যাংক অনেক বিষয়ে স্বাধীন নয়, বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের একক না হয়ে দ্বৈত নিয়ন্ত্রণে, যা পরিহার কাম্য। একইভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশে পরিসংখ্যান বিভাগের আরও স্বাধীনতা কাম্য, যেকোনো হস্তক্ষেপ সাময়িক লাভ দেয় বটে, দীর্ঘ মেয়াদে অবিশ্বাস জন্ম নেওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।’

প্রচলিত বাজেট ব্যবস্থার সংস্কারেও লেখক কিছু প্রস্তাব করেছেন। যেমন উদ্ভাবনী কর্মসূচির প্রবর্তন ১ নম্বরের সুপারিশ, শুধু বাজেট বরাদ্দ নয়, বরাদ্দের ফলাফল বিশ্লেষণ। এসবের জন্য যে কর্ম কৃতিভিত্তিক (Performance) বাজেট মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সেটা ভালো পদক্ষেপ, তবে তার মান উন্নয়নের প্রয়োজন, দায়সারা গোছের হলে সময় নষ্ট হবে, কাজে আসবে না। সংসদের বাইরে থেকেও সুষ্ঠু সম্পদ বরাদ্দের জন্য চাপ সৃষ্টির কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বেসরকারি সংগঠন ও সিভিল সমাজ সংগঠনগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

আমাদের রাজস্ব আয় খুব কম, জাতীয় আয়ের প্রায় ১০ শতাংশের মতো। এটা বিশ্বের মধ্যে নিম্নতম পর্যায়ের বলা যায়। এমনকি নেপালেও প্রায় ২৩ শতাংশ। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা—সব বেশ ওপরে। রাজস্ব আয় কম হওয়ার কারণ অদক্ষতা ও দুর্নীতি। ৪০ লাখ পরিবার আয়কর দেওয়ার মতো অবস্থায় থাকলেও দেয় মাত্র ৮ লাখ।

আমদানি-রপ্তানি করের টাকাও ঠিকমতো আদায় হয় না, প্রচুর দুর্নীতি আর টাকা পাচার হয়। নীতিগত দুর্বলতার দিকও আছে। ব্যয়ের ব্যাপারেও অনেক সমস্যা। প্রথমত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ লোকসানের বোঝা সরকারকে বছরের পর বছর বহন করতে হয়। তাদের ব্যয়ের ব্যাপারটি সংসদে নয়, নিজেরাই অনুমোদন করে নেয়, তাদের জবাবদিহি শূন্যের পর্যায়ে! বড় বড় প্রকল্পে বাণিজ্যিক ভিত্তিতে অনেক বড় আকারের ঋণ গ্রহণ, যার ফলে সেসব ঠিকমতো বাস্তবায়িত না হলে বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

আকবর আলি খান আরও বলছেন, অনেক সময় যে বাজেট অর্থমন্ত্রী পেশ করেন, তার প্রাক্কলনের দৃঢ় ভিত্তি নেই, কিছু সুবিধাবাদী শ্রেণি/গোষ্ঠীকে খুশি করার বিষয় থাকে।

আবার সেসব নিয়ে সরকারদলীয় বা বিরোধীদলীয় সাংসদেরা ঠিকভাবে পরীক্ষা করেন না, আলোচনা করেন না, পাস হয়ে যায়। বাজেট অধিবেশন ছাড়া বাজেটের ওপর আলোচনার সুযোগ কম। এসব দেখাশোনার জন্য নানা সংসদীয় কমিটি করা হয়েছে, কিন্তু তাদের দায়িত্বের মধ্যে দ্বৈততা রয়েছে। বাজেট ও হিসাব-নিরীক্ষণ প্রক্রিয়ার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু এত বেশি প্রতিষ্ঠান, এত বেশি অনিয়ম আর দুর্নীতি হয়, যেসব ধরার মতো লোকবল বা সক্ষমতা সরকারি নিরীক্ষা বিভাগের নেই। নিরীক্ষার সংখ্যা তাই প্রয়োজনের তুলনায় অনেক কম হয়। সেই সুযোগে অপচয়-দুর্নীতিতে ছেয়ে যাচ্ছে, ‘প্রাতিষ্ঠানিক গোপনীয়তার অন্তরালে যাতে দুর্নীতি না ঘটতে পারে, সে জন্য গোপনীয়তার অবগুণ্ঠন অপসারণ করতে হবে এবং তথ্য ফাঁসকারীদের (whistleblowers) নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’

দারিদ্র্য নিরসনে বাংলাদেশের করোনার আগপর্যন্ত বেশ অগ্রগতি, সেই স্বাধীনতার পরপর ৭০ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনার সাফল্য নিয়ে নানা আলোচনা আছে। এর পেছনের উপাদানগুলোর ব্যাপারে নানাজন নানা মত দিচ্ছেন। অভিজ্ঞ আমলা আকবর আলি খান এ বিষয়ে সামষ্টিক ও ব্যাষ্টিক উভয় পর্যায়ে খতিয়ে দেখেছেন এবং তিনটি কারণের ওপর গুরুত্ব দিয়েছেন। প্রথমত, কৃষি, যেখানে উৎপাদন প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। দ্বিতীয়ত, নারীর ক্ষমতায়ন, তাঁরা ক্ষুদ্রঋণ ব্যবহার করে এবং পোশাকশিল্পে দক্ষভাবে কাজ করে দেশে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব করেছেন। স্থূল জাতীয় আয়ে এনজিও খাতের অবদান ৬ থেকে ৮ শতাংশ। সবশেষে সড়ক ব্যবস্থার অসাধারণ উন্নয়ন, পণ্য পরিবহন ও কর্মজীবীদের সহজ চলাফেরার সুযোগ করে দিয়ে দারিদ্র্য উন্নয়নের প্রক্রিয়াকে সহজ করেছে।

এর বাইরেও কেউ কেউ আরও উপাদানকে হয়তো যোগ করবেন। যেমন প্রবাসী শ্রমিকদের কথা, বিশালসংখ্যক প্রবাসী শ্রমিক বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এমনকি এই করোনাকালেও অর্থনীতিকে অনেকটা ধসে পড়া থেকে রক্ষা করেছেন। সরকারের আয়-ব্যয়ের অনুমোদনে জনগণের অংশগ্রহণের লক্ষ্য নিয়ে বাজেটের প্রক্রিয়া সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আধুনিক রাষ্ট্রে বাজেটের প্রক্রিয়ায় সরাসরি জনগণ নয়, তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। সাধারণ মানুষের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। ‘এদিকে নিম্নপর্যায়ে রয়েছে ব্যাপক দুর্নীতি আর উচ্চপর্যায়ে রয়েছে সুশাসনের ঘাটতি।’ এই অবস্থার পরিবর্তন করতে হলে তাঁর মতে, ‘গণজাগরণের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত জনগণ তাঁদের নিজের অধিকার আদায়ের জন্য সক্রিয় হবেন না, ততক্ষণ পর্যন্ত কিছু অর্জন করা যাবে না। বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে।’

আকবর আলি খানের ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ পড়ে মনে হয়েছে, বইটি সব শ্রেণির, বিশেষ করে রাজনীতিবিদ, বাজেটের প্রক্রিয়ায় জড়িত অর্থ ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন, পরিসংখ্যান বিভাগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অফিসের কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বাজেট নিয়ে কাজ করেন, তাঁরা তো বটেই, বেসরকারি সংগঠন (এনজিও) ও সিভিল সমাজের পাশাপাশি সাধারণ পাঠকও উপকৃত হবে।