ফ্যান্টাসি কাহিনিগুলোয় কত কিছুই হয়, বাস্তবে যা অসম্ভব। বিজ্ঞান কল্পকাহিনিগুলোও অনেকটা তেমন। কিন্তু ফ্যান্টাসি আর বিজ্ঞান কল্পকাহিনির মধ্যে পার্থক্য হলো বৈজ্ঞানিক যুক্তিতে। ফ্যান্টাসি সব সময় যুক্তিতর্কের ধার ধারে না। তবে বিজ্ঞান কল্পকাহিনিতে শক্ত যুক্তি থাকতে হয়, বিজ্ঞানের মূল ধারার বিরুদ্ধে গেলেও চলে না। কিন্তু বিজ্ঞান কল্পকাহিনি আর সত্যিকারের বিজ্ঞানে বিস্তর ফারাক। তারপরও বিজ্ঞান কল্পকাহিনি সত্যি হয়। আজকের বিজ্ঞান কল্পকাহিনিই ভবিষ্যতের বিজ্ঞানের কথা বলে। কিন্তু ভাবী বিজ্ঞান যে সব সময়ই কল্পবিজ্ঞানীর কল্পনা থেকে উঠে আসবেন, তা কিন্তু নয়। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীরাও কখনো কখনো ভবিষ্যতের বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজ সম্পর্কে ধারণা দেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মিচিও কাকুর জুড়ি মেলা ভার। আধুনিক বিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় ও বৈপ্লবিক তত্ত্ব হলো স্ট্রিং থিওরি। এখনো সর্বাঙ্গীণ প্রমাণিত নয়, তবে এর যে গতিবিধি, তাতে বলাই যায়, ভবিষ্যতে পদার্থবিজ্ঞানের জগৎটাই নিয়ন্ত্রণ করবে এই তত্ত্ব। ফলে বদলে যাবে মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস এবং বিজ্ঞানের দর্শন। এই ঘটনাপ্রবাহে প্রযুক্তির দুনিয়ায় আসবে অবিশ্বাস্য বদল। আজ বিজ্ঞান-প্রযুক্তির যেসব বিষয়কে অলীক কল্পনা বলে মনে হচ্ছে, ভবিষ্যৎ পৃথিবীতে সেগুলোই হয়ে উঠবে সভ্যতা চালনার নিয়ামক। মিচিও কাকু তাঁর প্যারালাল ওয়ার্ল্ডস বইয়ে আগামী দিনের বিজ্ঞানের সেই জয়ঢাক বাজিয়েছেন আগেভাগেই।
প্যারালাল ওয়ার্ল্ডস মিচিও কাকুর অন্যতম জনপ্রিয় বই। বিশ্বব্যাপী লাখ লাখ কপি বিক্রি হয়েছে, নাম উঠেছে সেরা বিক্রির তালিকায়। একটা বিজ্ঞান বইয়ের এমন আকাশচুম্বী জনপ্রিয়তার অতীত উদাহরণ যদি কিছু থাকে, সে হলো স্টিফেন হকিংয়ের জনপ্রিয় বইগুলো। কী এমন ক্যারিশম্যাটিক বিষয় আছে এই বইয়ে যে বিশ্বব্যাপী বিজ্ঞানপ্রেমীদের মধ্যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে?
কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, স্ট্রিং থিওরি, সমান্তরাল মহাবিশ্ব, কোয়ান্টাম মহাকর্ষ—বিষয়গুলো বিজ্ঞানরসিকের আগ্রহের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে, সঙ্গে সহজ, সাবলীল ঢঙে লেখা, পাঠকবান্ধব শব্দচয়ন এখানে ভিন্ন মাত্রা যুক্ত করেছে।
প্যারালাল ওয়ার্ল্ডস মূল: মিচিও কাকু অনুবাদ: আবুল বাসার প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২১ প্রচ্ছদ: মাহবুব রহমান ৪২৪ পৃষ্ঠা, দাম: ৬৬০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে www.prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।
মোট তিন পর্বে ভাগ করে বইটি সাজানো হয়েছে ১২টি অধ্যায়ে। মহাবিশ্ব সম্পর্কে প্রাথমিক ও আদিম ধারণা যেমন দেওয়া হয়েছে, তেমনি প্যারাডক্সিক্যাল মহাবিশ্ব, মহাবিস্ফোরণ তত্ত্ব, মহাবিশ্বের স্ফীতির অনুপুঙ্খ বর্ণনা, ভূত-ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছে গল্পের ঢঙে। ধুন্দুমার কাণ্ডটা শুরু হয়েছে দ্বিতীয় পর্বে গিয়ে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের কাহিনি, তবু সেগুলো যেন জাদুবাস্তবতায় ঠাসা! ডাইমেনশন, টাইম ট্রাভেল, সুপারস্ট্রিং থিওরি, প্যারালাল ও ডিজাইনার ইউনিভার্সের সাত-সতেরো লেখক জানিয়েছেন বৈজ্ঞানিক যুক্তির আলোকে। তৃতীয় পর্বে শুনিয়েছেন ভবিষ্যৎ পৃথিবীর গল্প। বদলে যাওয়া বিজ্ঞানের হাত ধরে কেমন হবে প্রযুক্তির দুনিয়া? মানুষ কি স্পেসটাইমে ভ্রমণ করতে পারবে হাইপারস্পেস প্রযুক্তি ব্যবহার করে? পৃথিবী কিংবা মহাবিশ্ব বাসযোগ্যতা হারালে মানুষ কি পাড়ি দিতে পারবে অন্য কোনো মহাবিশ্বে? এসব প্রশ্নের উত্তর যদিও তোলা রয়েছে সময়ের হাতে, তবু একটু অগ্রগামী চিন্তা করতে তো দোষ নেই। মিচিও কাকুর সেই অগ্রগামী চিন্তার প্রতিফলন ছড়িয়ে রয়েছে গোটা প্যারালাল ওয়ার্ল্ডস বইয়ে।
এই বইয়ের ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ২০০৪ সালে। এত দিন তা বাঙালি পাঠকদের কাছে অধরাই ছিল। চলতি বছর এর বাংলা অনুবাদ বাজারে এসেছে। অনুবাদ করেছেন আবুল বাসার। বিজ্ঞান লেখক এবং অনুবাদক হিসেবে তাঁর নিজস্ব মুনশিয়ানা সুবিদিত। প্যারালাল ওয়ার্ল্ডস–এও তা অটুট। ঝরঝরে সাবলীল অনুবাদ আর সহজ প্রতিশব্দ পাঠককে একটানে নিয়ে যাবে সমান্তরাল মহাবিশ্বের বিস্ময়কর জগতে।