মুক্তিযুদ্ধের তিনটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুক্তিযুদ্ধের গল্প শুনতে কার না ভালো লাগে? অনেক গল্প আর উপন্যাস, কবিতা আর ছড়া লেখা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে। আঁকা হয়েছে অনেক ছবি। পড়তে চাইলেই কি সব পড়া যায়? ছড়িয়ে-ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের বইগুলো থেকে তিনটি বই নিয়ে বরং আমরা কথা বলি। কিন্তু সুযোগ পেলে তোমরা পড়ে নিয়ো এ বিষয়ে অন্য বইগুলোও। 
সত্য ঘটনা নিয়ে লেখাটির নাম একবার বিদায় দে মা ঘুরে আসি। লিখেছেন জাহানারা ইমাম। বিখ্যাত একাত্তরের দিনগুলি বইটির লেখক তিনি। এই বইয়ে তিনি ঢাকায় চালানো মুক্তিযোদ্ধাদের আক্রমণের কথা বলেছেন, ঢাকাবাসীর আতঙ্ক আর যন্ত্রণার কথা বলেছেন। এক মা তাঁর ছেলেকে নিয়ে লিখছেন। একাত্তর এই ছেলেটিকে এক নিমেষে বড় করে দিয়েছে। মুক্তিযুদ্ধের আগের সেই উত্তাল দিনগুলোতে মিছিলে মিছিলে ঘোরা এই ছেলেটির নাম রুমী। সারা দিন ঘুরে সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে সারা দিনের গল্প শোনায় ছেলে। মা বোঝেন, এই ছেলে এখন জীবন-মৃত্যুকে পায়ে পিষে স্বাধীনতা নামের অপূর্ব সংগীত শোনার জন্য ব্যগ্র। উনিশ পেরিয়ে বিশে পা দেওয়া ছেলেটি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের কি আর ঘরে বেঁধে রাখা যায়।
একাত্তরের ঘটনাবহুল মার্চ মাসের কথা পড়তে পড়তে মনে হবে, বিশ বছরের রুমী কীভাবে জীবনের পাঠ পেল? কীভাবে ও বুঝতে শিখল যে বাংলাকে উপনিবেশ বানিয়ে রাখতে চায় পাকিস্তান? রুমী মাকে বলেছিল, মার্চ মাসে ইয়াহিয়া খান আসলে বৈঠকের নাম করে সময় নিচ্ছে। ভেতরে ভেতরে ওরা অন্য কিছুর প্রস্তুতি নিচ্ছে। ২৫ মার্চ কিন্তু রুমীর কথাই সত্য হলো। অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ল বাঙালিদের ওপর। লাশের পর লাশ পড়ল রাস্তায়। বারুদের গন্ধে ভারী হয়ে উঠল আকাশ-বাতাস।
রুমীই কিন্তু চলে যায় ভারতে ট্রেনিং নিতে। যোদ্ধা হতে। মায়ের মন কাঁদে, আবার গর্বেও ভরে ওঠে। তাঁর ছেলে স্বাধীনতা নিয়ে ফিরবে। রুমী ঢাকার বেশ কিছু অপারেশনে অংশ নেয়। উড়িয়ে দেয় পাকিস্তানিদের আস্তানা। কিন্তু একসময় সে ধরা পড়ে। দেশ স্বাধীন হয়, কিন্তু মায়ের ছেলে আর ফিরে আসে না।
একেবারে গল্পের মতো কাহিনি। কিন্তু গল্প নয়। প্রতিটি পরিবারেই বুঝি এ রকম এক-একজন রুমী ছিল বলেই দেশটা স্বাধীন হয়েছে।

.
.

হুমায়ূন আহমেদের সূর্যের দিন উপন্যাসটি শুরু হয়েছে খুবই মজার ঘটনা দিয়ে। স্কুলপড়ুয়া ছয় বন্ধু মিলে ভয়াল ছয় নামে একটি দল গঠন করে। হাঁটতে হাঁটতে আফ্রিকায় চলে যাবে তারা। খোকন নামে ছেলেটির বড় চাচা ভীষণ কড়া। তাঁর ভয়ে ভয়াল ছয়ের ছেলেদের হৃৎকম্প শুরু হয়ে যায়। এই ভয়াল ছয়ের সদস্যরাই কী করে মুক্তিযুদ্ধের সময়টিতে বেড়ে ওঠে, তা নিয়েই উপন্যাসটি। তোমরা তো হুমায়ূন আহমেদের লেখার ভঙ্গি জানোই। পরতে পরতে হাসি আর অবাক কাণ্ডের জন্ম দিয়ে তাঁর কাহিনি এগিয়ে যেতে থাকে। এ বইটিতেও সেটা অক্ষুণ্ন আছে। যে হেডস্যারের ভয়ে ওরা থর হরিকম্প, তাঁকেই ৭ মার্চের ভাষণে দেখতে পায় ভয়াল ছয়ের সদস্য সাজ্জাদ। তিনি সাজ্জাদকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে যেতে বলেন। এরই মধ্যে কত ঘটনা ঘটতে থাকে। বিদেশ থেকে খোকনের ছোট চাচা আসেন, সাজ্জাদকে খুঁজতে গিয়ে সাজ্জাদের বড় দুলোভাই নিরুদ্দেশ হয়ে যান।
জীবনের এই ঘটনাগুলোর পাশাপাশি বঙ্গবন্ধু, ভুট্টো, কারফিউ, গুলি, মিছিলও থাকে। এই শিশুদের চোখেই একটি নতুন দেশের জন্ম দেখা যায়। আর হ্যাঁ, আমাদের সাজ্জাদ ছেলেটির জীবনে কী ঘটনা ঘটে, সেটা তো জানতে হবে বইটি পড়ে। ‘একটি সূর্যের দিনের জন্যে এ দেশের ত্রিশ লক্ষ মানুষকে প্রাণ দান করতে হলো।’—এ কথাই লিখেছেন হুমায়ূন আহমেদ।
শোভনের একাত্তর বইটি লিখেছেন কাইজার চৌধুরী। কালো, বেঁটে এক লোকের মাথাটা ইট মেরে কেন ফাটিয়ে দিল শোভন, সে কথা বলতে গিয়েই চলে এসেছে একাত্তর। কাইজার চৌধুরী ছোটদের ভাষা জানেন, বোঝেন, তাই কোনো রকম ভণিতা না করেই তিনি বর্ণনা করে যান একাত্তরের গল্প। একটি শিশু কীভাবে তাঁর চাচা ও চাচার বন্ধুদের মুক্তিযোদ্ধা হতে দেখে, এ শহরেই কীভাবে গড়ে ওঠে রাজাকার বাহিনী, পাকিস্তানিদের ঔদ্ধত্য—সবই দেখা যায় উপন্যাসে।
দাদু, দিদা, ফুপু কিংবা বয়সী মানুষের আতঙ্ক আর কষ্টের কথা শুনে চোখে পানি আসে। কিন্তু মুক্তিযোদ্ধাদের বীরত্বের কথায় বুক সাহসে ভরে যায়। ইয়াহিয়া, ভুট্টা নাম নিয়ে রসিকতায় হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। তারেক কাকু আর ডলি ফুপুর কথা কেন আলাদাভাবে বলা দরকার, সেটা নাহয় তোমরা পড়তে পড়তেই ভেবে নিয়ো।