যে বই স্বপ্ন দেখায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার ব্র্যাক-জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা

আহমদ মোশতাক রাজা চৌধুরী

প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: ডিসেম্বর ২০২১, প্রচ্ছদ: মাসুক হেলাল, ২৮৬ পৃষ্ঠা, দাম: ৫৫০ টাকা।

বইটি পাওয়া যাচ্ছে

prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।

মাঝেমধ্যে কিছু ব্যতিক্রমধর্মী বই হাতে আসে, যা পড়লে পাঠক হিসেবে মনে হয়, এমন একটি লেখা যদি আগে পড়ার সুযোগ হতো! হয়তো সে লেখার অনুপ্রেরণা নতুনভাবে চিন্তা করতে শেখাত, বড় কিছু, ভালো কিছু, নতুন কিছু করতে উৎসাহিত ও উদ্বুদ্ধ করত। আহমদ মোশতাক রাজা চৌধুরীর ‘আমার ব্র্যাক-জীবন: একজন উন্নয়নকর্মীর বেড়ে ওঠা’ এমনই একটি বই। বিশেষত নতুন প্রজন্ম, যারা শুধু স্বপ্ন দেখে না, সম্ভাবনা সৃষ্টির মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতেও প্রত্যয়ী, তাদের জন্য এই বই পড়ার ও বোঝার এখনই সময়।

লেখক যে সময়কে এখানে ধারণ করেছেন, তা তাঁর বেড়ে ওঠা এবং স্বাধীন বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রার এক যুগপৎ আখ্যান। সে আখ্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে অনন্যসাধারণ ও অগ্রণী ভূমিকা রেখেছে ব্র্যাক এবং তার প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।

বইয়ে মোশতাক বলেছেন ছাত্রজীবনের শেষে বাঁক পরিবর্তনের এক সন্ধিক্ষণে স্যার আবেদের সঙ্গে তাঁর পরিচয়ের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে পড়া শেষে সেই পরিচয়ের সূত্রেই তাঁর ব্র্যাক-জীবনের সূচনা। আর ব্র্যাকের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরও বেড়ে ওঠার অভিজ্ঞতাই বইটির মূল প্রতিপাদ্য। তো সেই বেড়ে ওঠা থেকেই আমরা জানতে পারি ব্র্যাকের অনেক সফল কর্মসূচির পেছনে লেখকের অবদানের কথা। তরুণ গবেষণাকর্মী থেকে কীভাবে স্যার আবেদের একান্ত ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে ব্র্যাকের নানামুখী অর্জনে তিনি ভূমিকা রেখেছেন, জানা হয় তা–ও। তিনি ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আর স্যার আবেদ যখন চেয়ারম্যান, তখন ব্র্যাকের ভাইস চেয়ারম্যান। স্যার আবেদের মতো একজন বিরল ব্যক্তিত্বকে কাছে থেকে দেখা ও তাঁর কাছ থেকে শেখার কথা বিশদভাবে বলা আছে এই বইয়ের অনেকাংশজুড়ে।

পৃথিবীখ্যাত লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ডেমোগ্রাফির ওপর উচ্চতর পড়াশোনা শেষে দেশে ফেরার পর লেখকের কাছে যখন বিদেশি সংস্থায় কাজের লোভনীয় প্রস্তাব এসেছে, পাঁচ গুণ বেশি বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন, তিনি সেটা তখন ফিরিয়ে দিতে পেরেছেন নিজেকে এই প্রশ্ন করে, ‘টাকা-পয়সা তো অনেক রোজগার করা যায়, কিন্তু তাতে কি জীবন সার্থক হয়?’ লন্ডন ইউনিভার্সিটি থেকে দুই বছর তিন মাসের রেকর্ড সময়ে ওরাল থেরাপি প্রোগ্রামের ওপর পিএইচডি করে দেশে ফিরে আসেন তিনি; হার্ভার্ডের আহ্বান উপেক্ষা করেছিলেন ফজলে হাসান আবেদের পরামর্শে—সেখানে চার থেকে পাঁচ বছর লাগবে পিএইচডি করতে, কিন্তু ব্র্যাকে তাঁর মতো তরুণের তখন অনেক প্রয়োজন।

পরবর্তীকালে বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথের অধ্যাপক হিসেবে ড. মোশতাক ছিলেন যুক্তরাষ্ট্রের আই ভি লিগ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম বাংলাদেশি অধ্যাপক, যা এক বিরল অর্জন। তাঁর লেখাতেই পাই, রকফেলার ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজারের মতো বিশাল পরিসরে কাজের অভিজ্ঞতার কথা, যে রকফেলার ফাউন্ডেশনের সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগ স্থাপনে তিনি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। আবার স্যার আবেদ যখন ডাক দিয়েছেন, তখন শতকরা ৯০ ভাগ কম বেতনে বিদেশি সংস্থার সেই চাকরি ছেড়ে দেশে এসে ব্র্যাক পরিবারে যোগ দিতে তিনি কুণ্ঠা বোধ করেননি।

কোনো উদ্যোগের কার্যকারিতার সঠিক মূল্যায়ন ও তার প্রসার-যোগ্যতা যাচাইয়ের জন্য মাঠপর্যায়ের গবেষণা যে কতটা গুরুত্বপূর্ণ, তা অনেক সময় আমরা সম্যকভাবে অনুধাবন করি না। মোশতাককে সেই গবেষণার সুযোগ করে দিয়েছিল ব্র্যাক। মোশতাক লিখেছেন, ‘আমার গবেষণাজগতে বিচরণ কোনো আকস্মিক ঘটনা ছিল না। দেশের এবং বিশেষ করে পশ্চাৎপদ মানুষের ভাগ্যোন্নয়নে আমার আশৈশব লালিত অভিলাষ থেকেই এর যাত্রা শুরু। এই লড়াইয়ে গবেষণা হচ্ছে আমার হাতিয়ার। তাই প্রথম থেকেই আমি প্রস্তুতি নিয়েছিলাম। এ ক্ষেত্রে ধৈর্য ও অধ্যবসায় এক বিশেষ ভূমিকা রেখেছে।’ ব্র্যাকের আরইডি গবেষণা প্রোগ্রামের মাধ্যমে তিনি ও তাঁর সহকর্মীরা গবেষণার ক্ষেত্রে রেখেছিলেন পথপ্রদর্শকের ভূমিকা। গবেষণার সঙ্গে মাঠপর্যায়ের উদ্ভাবনী কার্যক্রমের মেলবন্ধনের মাধ্যমে ‘এক চিমটি লবণ ও এক মুঠো গুড়’-এর মতো যুগান্তকারী ফর্মুলা কীভাবে সারা দেশে বিস্তৃতি লাভ করে, সে কথাও আমরা এ বইয়ের সূত্রে জানতে পারি।

নারীর ক্ষমতায়ন কর্মসূচি থেকে সুলভে রিডিং গ্লাসের প্রচলন, পল্লি উন্নয়ন কর্মসূচি, ব্র্যাক-আইসিডিডিআরবির যৌথ উদ্যোগে চাঁদপুরের মতলবে স্বাস্থ্য, পুষ্টি, ক্ষুদ্রঋণ, উপ-আনুষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে বিশাল কর্মকাণ্ড—এসব কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতার বর্ণনা বিশদভাবে লেখা হয়েছে এ বইতে। এ থেকেও উন্নয়নকর্মীদের অনেক কিছু শেখার আছে।

বইটিতে আছে ব্র্যাকের স্বাস্থ্য, কৃষি, পুষ্টি, শিক্ষা কার্যক্রমকে দেশের বাইরে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশে পৌঁছে দেওয়ার প্রসঙ্গ। ‘আমার ব্র্যাক–জীবন’–এর মাধ্যমে লেখকের কাছ থেকে আরও জানা যায়, ব্র্যাকের পৃথিবীখ্যাত জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের প্রতিষ্ঠাতা ডিন হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা। নিজেকে আড়ালে রেখে, নিজস্ব ভূমিকাকে গৌণ গণ্য করে, সহকর্মী ও সহযোদ্ধাদের কাছে অকপট ঋণ স্বীকারের মাধ্যমে এবং তাঁদের অবদানকে গুরুত্ব ও সম্মান দিয়ে এখানে আহমদ মোশতাক রাজা চৌধুরী লিখেছেন ব্র্যাকের সেসব উদ্যোগের কথা, যেগুলোর সঙ্গে তিনি ছিলেন ওতপ্রোতভাবে যুক্ত, কোনো কোনোটিতে কেন্দ্রীয় ও নেতৃত্বের ভূমিকায়।

সীমিত সময়ের জীবনে সার্থকতা আছে কেবল পিছিয়ে পড়া মানুষের জন্য ভালো কিছু করার মধ্যেই—এই মন্ত্র লেখক শিখেছিলেন ফজলে হাসান আবেদের কাছে। ১৯৮০ সালে ম্যাগসাইসাই পুরস্কার নিতে গিয়ে স্যার আবেদ বলেছিলেন, ‘আ কমিউনিটি অব গ্রিড হ্যাজ টেকেন ওভার দ্য কমিউনিটি অব নিড।’ কথাটি সে সময়ের তরুণ মোশতাককে নতুন এক জীবনদর্শনে ভাবিত ও প্রাণিত করেছিল। স্যার আবেদ সারা জীবন সেই বাস্তবতাকে প্রশ্ন করেছেন, তার বিরুদ্ধে লড়াই করে গেছেন। আর সে সংগ্রামে মোশতাক ছিলেন তাঁর অন্যতম সহযোদ্ধা। তিনি লিখেছেন, ‘আমার যত ঋণ, সবই ব্র্যাক ও আবেদ ভাইয়ের কাছে।’

লেখক এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, স্যার আবেদের স্বপ্ন বাস্তবায়নে ব্র্যাক ও তাঁর সহযোগী প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময়ে এগিয়ে যাবে নতুন নতুন অর্জন, উদ্ভাবন ও সাফল্যের পথে, নতুন প্রজন্মের সফল নেতৃত্বে। জীবনে তুষ্টির সঙ্গে অতৃপ্তি ও অপূর্ণতা থাকবে। এটাই জীবন। এটাই জীবন। কিন্তু মূল লক্ষ্যটিকে নির্ধারণ করে এগিয়ে যেতে হবে; ব্যক্তিগত আশা-হতাশাকে অতিক্রম করে সেই লক্ষ্যের দিকে অবিচল থাকতে হবে; পরিশ্রম করতে হবে; পরিণত বয়সে পেছনে ফিরে তাকালে দেখা যাবে, সেখানেই নিহিত একজন মানুষের প্রকৃত সন্তুষ্টি ও সাফল্য। যাপিত জীবনের এই উপলব্ধি দিয়েই মোশতাক রাজা চৌধুরী বইয়ের উপসংহার টেনেছেন। এ উপলব্ধিতে অনুপ্রাণিত মানুষেরাই এগিয়ে নেবেন বাংলাদেশকে আগামীর দিনে। সে কারণেই বইটি পাঠকসমাদৃত হয়ে বহুল পঠিত হবে, এই আশা বুকে পুষে রাখি।

লেখক: মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীত ফেলো