>

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির চর্চার শেষ নেই। বিভিন্ন সময়ে নানাভাবে আবিষ্কৃত হয়েছেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর ক্ষণে সম্প্রতি প্রকাশিত রবীন্দ্রবিষয়ক নির্বাচিত কয়েকটি বই নিয়ে আয়োজন

রবীন্দ্রনাথ, এই সময়ে
সম্পাদক: আনিসুজ্জামান
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১২
পৃষ্ঠা: ২৭২
দাম: ৪০০ টাকা
মাঝেমধ্যে ভাবি, ঠাকুর জ্যান্ত আছেন তো? নাকি বিসর্জনের ঢাকের বাদ্যে হারিয়ে গেছেন কোথাও? বেশিক্ষণ ভাবতে হয় না, তার আগেই জবাব আসে, ঘোরতরভাবেই জ্যান্ত আছেন, জীবিত আছেন তিনি। এই ঠাকুর রবীন্দ্রনাথ; এখনো প্রাসঙ্গিক, আর তাই এখনো জীবন্ত। প্রশ্ন আসতে পারে, কীভাবে জীবন্ত? এ প্রশ্নের সরল উত্তর নেই। ঠাকুর-দর্শন একেকজনের কাছে একেক রকম। কেউ দেখেন কবিতা পড়ে, কেউ সুরে-গানে। কেউ দেখেন রক্তকরবীর নন্দিনীর সংলাপে। কারও কাছে রবিঠাকুর মানেই গল্পগুচ্ছ। আর কেউ কেউ তো দাঁড়িয়ে থাকেন খড়্গ হাতে। এই বুঝি ঘটে যায় ‘ঠাকুর-বধ’। গ্রহণ ও বর্জনের হ্যাঁ-না-সূচক দোদুল দোলায় আর যা-ই হোক রবীন্দ্রনাথ জ্যান্ত থেকে যান। মৃত্যুর ৭৬ বছর পরও আমাদের ফিরে তাকাতে হয় তাঁর সৃষ্টির তীর্থে। বিদ্যায়তনিক ও অবিদ্যায়তনিক দুটি রূপেই আমরা তাঁকে পড়ে থাকি।
২০১১ সালে ১৫০তম জন্মবর্ষে রবীন্দ্রনাথকে নতুন করে পাঠের একটি উপলক্ষ তৈরি হয়েছিলে সারা পৃথিবীতে। দৈনিক প্রথম আলো আটটি অধিবেশনে আয়োজন করেছিল একটি সেমিনার অনুষ্ঠানের, যার জিজ্ঞাসা ছিল, ‘আজকের দিনে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কী?’ অধিবেশনসমূহে পরিবেশিত আটটি প্রবন্ধ ও নির্ধারিত আলোচকবৃন্দের বক্তব্যের সংকলিত রূপ আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ, এই সময়ে। বইটিতে গুরুত্ব পেয়েছে রবীন্দ্রনাথের ‘সৃজনশীল সত্তা’। কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার রবীন্দ্রনাথের পাশাপাশি আলোচিত হয়েছেন গান ও চিত্রকলার রবি ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ তো সৃষ্টি ও চিন্তার এক জটিল সমগ্র। আর তাই প্রাসঙ্গিকভাবেই স্থান পেয়েছে তাঁর শিক্ষা, মানুষ, দেশ ও জাতিবিষয়ক ভাবনাও।
প্রাসঙ্গিকতার হদিস নিতে গিয়ে লেখক ও আলোচকেরা রবীন্দ্রসাহিত্য পাঠের ব্যক্তিক অভিজ্ঞতার বিবরণ যেমন দিয়েছেন, তেমনি নিয়েছেন চুলচেরা বিশ্লেষণের সুযোগ। প্রাবন্ধিকের সঙ্গে আলোচকের, আলোচকের সঙ্গে অন্য আলোচকের বক্তব্য ও চিন্তায় মেলেনি। না মেলার ভেতর দিয়ে এগিয়ে গিয়েছে চিন্তার যুগল স্রোত। দু-একটি উদাহরণ দেওয়া যাক।
রবীন্দ্রনাথের কবিতা থেকে সৈয়দ শামসুল হক আঙ্গিক ছাড়া আর কিছুই নিতে চাননি, তাঁর কাছে মনে হয়েছে, রবীন্দ্র-কবিতা ‘লবণাক্ত ও বিস্বাদময়’। সৈয়দ হকের মন্তব্যকে খোন্দকার আশরাফ হোসেন বলেছেন, ‘আধুনিকবাদী ঔদ্ধত্যের একটি প্রকাশ’। রবীন্দ্রনাথের উপন্যাসে ওয়াসি আহমেদ দেখছেন, ‘শ্রেয়োনীতির শ্রেষ্ঠত্ব’ বা ‘ডাইড্যাক্টিভ চরিত্র’। খারিজ করছেন এই বলে যে তিনি ‘আমাদের কালের সহগামী নন’। অথচ আলোচক ভীষ্মদেব চৌধুরী তখন রবীন্দ্রনাথের উপন্যাসে খুঁজে পেয়েছেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা ‘ভাবনার আধুনিকতা’। আতাউর রহমানের ভাষ্যে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাটকের শ্রেষ্ঠত্ব প্রায় প্রশ্নহীন। আলোচক সৈয়দ জামিল আহমেদ শুরুতেই জানিয়ে দিয়েছেন, তিনি রবীন্দ্রনাথের ‘আকুল ভক্ত’ নন। নাটকের সীমানা থেকে আলোচনার খাতকে গড়িয়ে নিয়েছেন ‘সাংস্কৃতিক নেশনবাদ’ ও ‘রাজনীতি’তে।
নেশন, ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য ও রাজনীতির প্রসঙ্গগুলো বিশদভাবে এসেছে আকবর আলি খান ও বিনায়ক সেনের লেখায়। রবীন্দ্রনাথ বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে ‘দুর্বল জনগোষ্ঠীর ÿমতায়নে’র গুরুত্ব স্বীকার করেছেন—এই প্রতিপাদ্যের প্রতিষ্ঠা পাই আকবর আলি খানের প্রবন্ধে। বিনায়ক সেনের প্রবন্ধটিকে বলা যায় এই বইয়ের প্রাণভোমরা। নেশন, সমাজ ও রাষ্ট্রের ত্রিমাত্রিক সম্পর্ক বিষয়ে রবীন্দ্রনাথের মত যাচাই করে ‘নো-নেশনে’র একটি রূপরেখাও প্রস্তুত করেছেন বিনায়ক। রাষ্ট্র সবার বলেই হয়তোবা তাঁর রবীন্দ্রপাঠ কোনো একলা পাঠকের ব্যক্তিগত রবীন্দ্রভাষ্য হিসেবে উপস্থাপিত হয়নি। তাঁর মতে, সমাজের ওপর গুরুত্ব আরোপে, রাষ্ট্রের মানবিকীকরণ ভাবনার জন্য দেশ ও রাষ্ট্রের কাঠামোতে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক।
সমকালীন রবীন্দ্রচর্চায় রবীন্দ্রনাথ, এই সময়ে বইটির গুরুত্ব এই যে, বইটিতে রবীন্দ্রনাথকে নানা কোণ থেকে দেখা হয়েছে। লেখক ও আলোচকের মধ্যে সংঘটিত বিতর্কগুলো বেশ প্রাণবন্ত। বাংলাদেশের অন্ততপক্ষে পাঁচ দশকের লেখক, গবেষক ও বুদ্ধিজীবীদের রবীন্দ্রবিষয়ক ভাবনার প্রতিফলন এ বইয়ে ঘটেছে। এ কারণে পাঠের ক্ষেত্রে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের দূরত্বও চোখে পড়েছে। সেদিক থেকে বইটি কয়েক প্রজন্মের রবীন্দ্রভাবুকতার ‘ডকুমেন্টেশন’।
নতুন সময়ে এসে নতুন কিছু জিজ্ঞাসাও রবীন্দ্রচর্চায় যুক্ত হতে পারে। রবীন্দ্রনাথের গান নিয়েই হতে পারে নতুন গবেষণা, যেখানে বিশ্লেষণ করা হবে হাল আমলে রবীন্দ্রসংগীতের পপ, ফোক ও রক ভার্সনগুলোর সামাজিক গ্রহণযোগ্যতা। প্রকৃতি ও পরিবেশবাদের পাটাতন থেকে দেখা যেতে পারে রবীন্দ্রনাথের প্রকৃতি ও পরিবেশভাবনার নিশানা। জনপ্রিয় সংস্কৃতির তাত্ত্বিক চোখ দিয়ে খুঁজে দেখা যেতে পারে রবীন্দ্র-সাহিত্যের চলচ্চিত্রায়ণ বা নাট্য রূপান্তরের ভেতর মহলে বিদ্যমান ভাবাদর্শ। ঔপনিবেশিক সংস্কৃতির বিরুদ্ধে রবীন্দ্রনাথের প্রতিক্রিয়া ও প্রতিরোধের ধরন নিয়ে হতে পারে বিস্তৃত গবেষণা। এই সময়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা কী?—২০১১-তে তোলা প্রশ্ন ২০১৭-তে এসেও ফুরিয়ে যায়নি। কেননা, তিনি বাংলা অঞ্চলের নাগরিক মধ্যবিত্তের এক সাংস্কৃতিক প্রতীক। অনুমান করি, এই প্রতীকের ভাব ও ব্যঞ্জনা যত দিন টিকে থাকবে, তত দিন এ প্রশ্ন ঘুরেফিরে আসবে, টিকে থাকবে রবীন্দ্রনাথের সাহিত্য, জীবন ও কর্মভিত্তিক আলোচনার পরিসরও।