লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিটার মের লকডাউন বই
পিটার মের লকডাউন বই

আজ থেকে ১৫ বছর আগে ২০০৫ সালে এক বিলাতি লেখক পিটার মে বর্তমান করোনাভাইরাসের ভয়াবহতার মতোই এক অজানা ভাইরাসের আতঙ্ককে ঘিরে একটি থ্রিলার লিখেছিলেন। সেটির নাম দিয়েছিলেন ‘লকডাউন’। ভাবুন, বর্তমান বিশ্ব যখন করোনাভাইরাসে স্তব্ধ, মানুষের জীবন যখন এই অজানা ভাইরাসের হাতে বন্দী, তখন আজ থেকে ১৫ বছর আগে ঠিক একই রকম ঘটনাকে উপজীব্য করে পিটার মে এমন একটি থ্রিলার গ্রন্থ লিখেছিলেন। কিন্তু দুঃখজন ঘটনা হলো সে সময় তাঁর এই পান্ডুলিপিটি কোনো প্রকাশকই গ্রহণ করতে চাননি। তাঁদের সবার কথাই ছিল একটা—‘অতিমাত্রায় ফ্যান্টাসি আর অবাস্তব গল্প!’ কিন্তু এই অতিমাত্রায় ফ্যান্টাসিতে ভরা থ্রিলারই যে মাত্র ১৫ বছরের ব্যবধানে ২০২০ সালে এই করুণ করোনাকালে সত্যে রূপ নেবে, সে কথা কে জানত? শেষ পর্যন্ত খুশির কথা হলো, পিটার মের এই থ্রিলারটি ‘লকডাউন’ নামে সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং বাজারে এসেছে।

‘লকডাউন’ গ্রন্থটির ভেতরে প্রবেশ করলে এবং এর ঘটনাপ্রবাহের সঙ্গে আপনার পরিচয় ঘটলে মনের মধ্যে ধন্দ তৈরি হবে! মনে হবে বুঝি থ্রিলারটি বর্তমান করোনাভাইরাসকে উপজীব্য করেই লেখা। গ্রন্থটির মুল বিষয় হলো এক প্রাণঘাতী ভাইরাসের আক্রমণে গোটা লন্ডন শহর ছেয়ে গেছে। শহরের মানুষজন এই অজানা ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। প্রতিদিন মৃত্যুসংখ্যা বাড়ছে। ভাইরাসের ভয়ে সকাল-সন্ধ্যা শহরের মানুষজন ভীতসন্ত্রস্ত আর লকডাউন হয়ে ঘরে বসে আছে। এদিকে সরকার থেকেও সাবধানবাণী আসছে, সবাই যেন ঘরে বসে থাকে। হাসপাতালের জরুরি সেবায় রত ডাক্তারদের ব্যস্ততা বেড়ে গেছে। কিছুক্ষণ পরপরই আকাশ-বাতাস কাঁপিয়ে শহরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মৃত মানুষের লাশ নিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে। আর অন্যদিকে রয়েছে আরেক দুঃসহ চিত্র! মানুষ ধীরে ধীরে এক মৃত্যুমিছিলের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের চোখে ভয়! গোটা শহর নিস্তব্ধ। এই নিস্তব্ধতার সুযোগে একদল ছিনতাইকারী রাস্তায় নেমেছে। এদিকে মানুষের পেটে খাবার নেই। তাদের খাবার কেড়ে নিচ্ছে একদল সন্ত্রাসী। শহরে বন্দী মানুষগুলো ভাবছে, এই ভয়াবহ ভাইরাস থেকে মুক্তির উপায় কী? দেশটির বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী গোটা দেশের জনসংখ্যার ২৫ শতাংশ মানুষ এই অজানা ভাইরাসের শিকার হবে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেও পারে। আবার নিশ্চিহ্ন হয়ে যেতে পারে একটি জাতি। এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। অতএব মৃতের সংখ্যা বাড়বেই। গোটা শহরে মানুষকে কোয়ারেন্টিনে রাখা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এদিকে সরকার আর কোনো উপায় না দেখে সামরিক আইন জারি করে। মানুষকে ঘরে আটকে রাখতে যত রকম চেষ্টা করার, সরকার করে যাচ্ছে।  এদিকে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। সরকারের সহযোগিতায় একটি অস্থায়ী হাসপাতাল বানানো হয়।  সেই হাসপাতালে অসংখ্য শিশুর মৃত্যু হয়। স্থানীয় বিজ্ঞ ডাক্তার ও বিশেষজ্ঞরা সেই মৃত শিশুদের হাড় পরীক্ষা করতে শুরু করেন। যদি ভাইরাস সম্পর্কে কোনো কুল কিনারা পাওয়া যায়, সেই আশায় তারা বুক বাঁধেন। এদিকে শহরের বড় বড় গোয়েন্দারাও বসে নেই। গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা, যার নাম জেক ম্যাকনিল, এই বিষয়টি নিয়ে আরও গভীরে যেতে চান। তিনি দেখতে চান এই হিংস্র ভাইরাসটির উৎস কোথায়! এই কাজ করতে গিয়ে জেকের চাকরি জীবনেও বিপর্যয় ঘটে। বিবাহিত জীবনে ফাটল দেখা দেয়। এবং একসময় জেক মেকনিলের নিজের পরিবারও এই ভয়ংকর ভাইরাসের শিকার হয়। জেক তারপরও  হাল ছেড়ে দেননি। তিনি এর শেষ দেখে ছাড়বেন বলেই পণ করেছেন। থ্রিলারটির শেষেই আছে সেই চমক! এখন কে জেক ম্যাকনিল, এই কঠিন গবেষণা করার কাজ থেকে থামাবে? ভাইরাস, নাকি সরকার থেকে নিয়োগপ্রাপ্ত কোনো খুনি?

পিটার মে
পিটার মে

পাঠক ভাবুন, ঘটনার বর্ণনা পড়লে মনে হবে বুঝি বর্তমান সময়ের করোনাকালের  দুঃসহ সময়কে বন্দী করে লেখা এই গ্রন্থ।

লেখক পিটার মে মূলত একজন বিবিসির চিত্র। ২০০৫ সালে তিনি ‘লকডাউন’ নামের এই থ্রিলারটি লিখেছিলেন বটে, কিন্তু কোনো প্রকাশক তখন সেটি ছাপতে রাজি হননি। অথচ আজ থেকে ১৫ বছর আগে একজন লেখক বর্তমান সময়ের করোনাভাইরাসের ভয়াবহ এই ছবিটিই এঁকেছিলেন শুধুমাত্র তাঁর কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে? যে গ্রন্থটির পান্ডুলিপি পড়ে একসময় প্রকাশকেরা ‘অতিমাত্রায় ফ্যান্টাসি এবং অবাস্তব’ মন্তব্য ছুড়ে পাণ্ডুলিপি ফিরিয়ে দিয়েছিলেন, সেটিই দীর্ঘ ১৫ বছর পর শেষ পর্যন্ত গ্রন্থাকারে প্রকাশিত হলো।

পিটার মে তাঁর গ্রন্থটি সম্পর্কে বলতে গিয়ে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি যখন এই গ্রন্থটি লিখেছিলাম, তখন সেই সময়ের বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছিলেন যে বার্ড ফ্লু হবে ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা; ভাইরাসজনিত রোগ।’ তিনি আরও বলেন, ‘ভাইরাস খুব ভয়ানক এক বিষয় এবং মানুষের জীবনে বাস্তব এক ঘটনা। আমি প্রচুর গবেষণালব্ধ তথ্য আর আমার চিন্তার মিশেলে এই গ্রন্থটি রচনা করেছি। লন্ডনে যদি এই ভাইরাসের সংক্রমণ হয়, তাহলে শহরটিতে কী কী অঘটন ঘটতে পারে? একটি শহর যদি লকডাউন হয়ে যায়, তখন সে শহরের অবস্থা কেমন হতে পারে? যদিও বর্তমানের করোনাভাইরাস এবং আমার গ্রন্থের ফ্লু এক বিষয় নয়, কিন্তু গোটা শহরে লকডাউনের চিত্রটি কিন্তু ঠিক একই রকম। বিশেষ করে যখন মিলিয়ন মিলিয়ন মানুষ এই করোনার ভয়ে ঘরবন্দী হয়ে আছে এবং নিজেদের সুরক্ষিত রাখতে তারা নিজেদের আলাদা রাখছে।’

শেষ পর্যন্ত গত ৯ এপ্রিল গ্রন্থটি প্রকাশিত হল। না, এবার আর প্রকাশক তাঁর পাণ্ডুলিপিটি ফিরিয়ে দেয়নি। লেখক পিটার মে বলেন, ‘আমি আমার প্রকাশককে বিষয়টি জানালাম। প্রকাশক কথাটা শুনে তাঁর চেয়ার থেকে পড়ে যাওয়ার জোগাড়! তিনি পুরো পান্ডুলিপিটা পড়লেন এবং পরদিন আমাকে শুধু বললেন, ‘‘অসাধারণ!” আমরা এই গ্রন্থটি এখনই প্রকাশ করতে যাচ্ছি।’

‘লকডাউন’ এখন বাজারে চলে এসেছে। আপাতত বইটির ‘প্রিঅর্ডার’ নেওয়া হচ্ছে। তবে কিনডেল ও ইউকে আমাজনেও চলে এসেছে। জানা গেছে, এ মাসেই অর্থাৎ এপ্রিলের ৩০ তারিখ গ্রন্থটির পেপারব্যাক ও অডিওবুক বাজারে চলে আসবে।

পিটার মে বলেন, ‘আমি যখন এই গ্রন্থটি আবার পড়ি, তখন মনে হয় আমি বুঝি বইটি এই প্রথমবার পড়ছি। আমি অবাক হই, কীভাবে সেই সময়ের লেখা এই গ্রন্থটি বর্তমান সময়ের প্রতিটা চিত্রপটের সাথে হুবহু মিলে যাচ্ছে।’

‘লকডাউন’ প্রকাশ করেছে কারকাস পাবলিশার্স, লন্ডন।

[পিটার মে : একজন স্কটিশ চিত্রনির্মাতা, কথাসাহিত্যিক একং থ্রিলার লেখক। তিনি থ্রিলার লেখক হিসেবে আমেরিকা এবং ইউরোপে বিভিন্ন পুরস্কারে ভুষিত হয়েছেন। তিনি বিবিসি এবং লন্ডন ভিত্তিক  ইনডিপেন্ডেট টিভির জন্যে কাজ করেছেন। পিটার মে গ্লাসগোতে জন্মগ্রহন করেন। জীবনের শুরুতে তিনি ছিলেন ঔপনাস্যিক। উনিশ বছর বয়স থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। ২১ বছর বয়েসেই তিনি ফ্রেসার পুরস্কারে ভুষিত হোন।]