লেখকের সঙ্গে পাঠকেরও ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের প্লাশ কঁতাসকাপ—প্রথম দিকে এই পাড়ায় থাকতেন মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে
প্যারিসের প্লাশ কঁতাসকাপ—প্রথম দিকে এই পাড়ায় থাকতেন মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে

দেশের বাইরে কোনো দূরের দেশ ভ্রমণ করা কঠিন বটে। তার চেয়েও বেশি কঠিন সেই ভ্রমণের বিবরণ লিখে পাঠককুলের সামনে পেশ করা। এ সত্যিই প্রায় এক দুরূহ কাজ। কেননা, বিবৃত ভ্রমণকাহিনি যদি নীরস বিবরণ মাত্র হয়, পাঠকের মনে আগ্রহের সঞ্চার করবে না। ফলে আমরা দেখি, বিস্তর ভ্রমণকাহিনির বই বাংলা ভাষায় প্রকাশিত হলেও সেগুলোর মধ্যে পাঠযোগ্য বা পাঠকের মন-আকর্ষক বইয়ের সংখ্যা আঙুলে গোনা।

স্বীকার করতে দ্বিধা নেই যে ফারুক মঈনউদ্দীনের ভ্রমণ পুস্তক সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে পড়তে বসে একনাগাড়ে পড়ে যাওয়ার আকর্ষণে যেমন আকর্ষিত হয়েছি, তেমনি তাঁর বিবৃত ভ্রমণসম্পৃক্ত ঘটনা বর্ণনার গুণে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। মনে হয়েছে, লেখকের পাশাপাশি আমিও আছি! আমিও দেখছি বইয়ে বিবৃত দ্রষ্টব্য স্থানগুলো দিব্য দুচোখ মেলে।
আসলে লেখকের দেখার বিরল চোখ থাকা চাই। ফারুক মঈনউদ্দীনের সেটি আছে; এবং তাঁর ইতিহাসবোধও প্রখর। ফলে যখন যে দেশে যাচ্ছেন—বহুখ্যাত কোনো দ্রষ্টব্য স্থান বা ঐতিহাসিক কোনো মনীষীর ভাস্কর্যের সামনে দাঁড়াচ্ছেন অপার আগ্রহ নিয়ে—তখন কেবল তিনি সেসবের বিবরণই দিচ্ছেন না, তুলে ধরছেন ইতিহাসেরও বিবরণ। জানাচ্ছেন সেই দ্রষ্টব্য স্থান ও নিদর্শনের ঐতিহাসিক পটভূমি, কিংবা খ্যাতিমান কোনো ব্যক্তির কর্মবহুল জীবনের ফিরিস্তি। প্যারিস ভ্রমণের সময় তিনি যেমন মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের স্মৃতিবিজড়িত স্থানগুলোর সন্ধান ও দর্শন করেন এবং এ ব্যাপারে তাঁর আগ্রহের প্রাখর্য যেভাবে প্রকাশিত, পাঠক হিসেবে আমাদের তা আলোড়িত না করে পারে না।

সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে
সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে
সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে
ফারুক মঈনউদ্দীন
প্রচ্ছদ: অশোক কর্মকার
 প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
 প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
 ১৯২ পৃষ্ঠা
 দাম: ৩৬০ টাকা।

বলে রাখা ভালো, এই যে তাঁর ইউরোপ সফর, তা বিমান বা বাসে নয়, ট্রেনে করে। তাঁর ভাষায় ‘ইউরো রেলের ঝকঝকে ট্রেনে’ চেপে। এই একই উপায়ে ফারুক সপরিবারে যাচ্ছেন স্পেনের কর্দোবায়। দেখছেন এখনো টিকে থাকা মুসলিম তথা মুরদের শাসনামলের ইতিহাস-ঐহিত্যসম্পৃক্ত বিভিন্ন নিদর্শন, ইহুদিপল্লি, তাদের ওপর পরিচালিত নির্যাতন-নিপীড়নের ইতিহাসের কথাও লিখছেন প্রসঙ্গক্রমে, পাশাপাশি তুলে ধরছেন খ্রিষ্টানদের কর্দোবা পুনর্দখল বা পুনর্বিজয়ের বিবরণ, সংক্ষিপ্ত আকারে হলেও। একইভাবে ভুলছেন না আন্দালুসিয়ার আল-হামরার কথা। স্পেনের বিশ্বখ্যাত কবি ও নাট্যকার ফেরেরিকো গারসিয়া লোরকার কথাও মনে আসছে তাঁর। মনে পড়ছে তাঁর ‘বিদায়’ কবিতার পঙ্ক্তি। আর মনে পড়ার পরপরই স্বগতোক্তির স্বরে তিনি বলছেন, ‘গভীর রাতে লোরকার জন্মভূমির এক হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে তাঁর মৃত্যুচিন্তাক্লিষ্ট এই কবিতাটি কেন মনে এল জানি না, তবে একধরনের বিষণ্নতা গ্রাস করে আমাকে। গ্রানাদার দ্রষ্টব্যসমূহ, আল-হামরা প্রাসাদ—এসব দেখতে এলেও লোরকার স্মৃতিবিজড়িত কোনো দ্রষ্টব্য আমাদের ভ্রমণতালিকায় নেই। আমাদের মতো দরিদ্র ট্যুরিস্টদের ভ্রমণ এমনই হয়, কোনো কিছুই আশ মিটিয়ে দেখা যায় না।’
বলছেন বটে আশ মিটিয়ে দেখা যায় না, কিন্তু যা কিছু দেখছেন, দেখেছেন মন ভরে, খুঁটিয়ে খুঁটিয়ে। একইভাবে ট্রেনে সওয়ার হয়ে তিনি যান সুইজারল্যান্ডের বার্নে। এই সফরের সময় আল্পসের চূড়ায় রেলস্টেশন দেখতে গেলেন তিনি, দেখলেন বিভিন্ন দ্রষ্টব্য ও নিদর্শন; আর স্বভাবমতো সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইতিহাসও তুলে ধরলেন সমআগ্রহে। তাঁর এই বর্ণনা থেকেই জানতে পারা গেল, ইউরোপের ২৮টি দেশ মিলে কীভাবে গড়ে তুলল ইউরোপীয় ইউনিয়ন, কীভাবে চালু হলো অভিন্ন মুদ্রা—ইউরো।
তারপর লেখক যাচ্ছেন ইতালি। দেখছেন মাতেরার গুহাস্থাপত্য, অ্যাম্পিথিয়েটার, ফ্লোরেন্স নগর, ‘কালের কঙ্কাল কলোসিয়াম’, দেশের ভেতরে দেশ—ভ্যাটিক্যান সিটি ও ‘জলে ভাসা ভেনিস’। ইতালিতে যত কিছু দেেখছেন লেখক, অন্য খানে তত কিছু কি?
আদর্শ ভ্রমণকাহিনি বলতে যা বোঝায়, ফারুক মইনউদ্দীনের এ বই, সর্বার্থে, ঠিক তাই। ভ্যাটিক্যানসহ ইউরোপের মোট ছয়টি দেশ এ বইয়ে জীবন্ত হয়ে উঠেছে নতুন করে তাদের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও দ্রষ্টব্যের ঝরঝরে বর্ণনার গুণে।