ল্যু সালোমে সম্পর্কে জানার পর যেকোনো মানুষ প্রথমেই একটি দীর্ঘশ্বাস ফেলবেন। তারপর চিন্তা করবেন এমন নারীও ছিলেন! এত এত পুরুষ চারপাশ থেকে তাঁকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন! তা আবার যে–সে পুরুষ নন! তাঁদের মধ্যে ফ্রেডরিক নিৎসে, রাইনার মারিয়া রিলকে, সিগমন্ড ফ্রয়েড ছাড়া আরও অনেকেই ছিলেন। কিন্তু ল্যু ছিলেন স্থির। যদিও শেষ পর্যন্ত একজনকে বিয়ে করেন তিনি—ফ্রিডরিশ কার্ল আন্দ্রিয়াস। কিন্তু ছিল শর্ত একটাই, শারীরিক সম্পর্ক করা যাবে না। ল্যু সালোম সম্পর্কে এমন অনেক কিছু জানা গেল ল্যু সালোমে এবং নিৎসে, রিলকে ও ফ্রয়েড বইয়ের সূত্রে। লেখক আনোয়ারা সৈয়দ হক। তাঁর আগে বোধ হয় এই বিদূষী নারীকে নিয়ে বিশদভাবে বাংলাদেশে কেউ লেখেননি।
এই বইয়ে আছে ল্যুর পুরো জীবন। নানান রকম বইপত্র ঘেঁটে লেখক এখানে ল্যুর এমন এক জীবনী তৈরি করেছেন, যা কেবল তাঁর জীবনেই আবর্তিত থাকেনি, বরং এতে পাওয়া যাবে উনিশ শতকের ইউরোপের সাংস্কৃতিক চালচিত্রের খতিয়ান। পাশাপাশি ল্যুকে কেন্দ্রে রেখে এতে প্রাসঙ্গিকতা পেয়েছে নারীবাদও। তো যে ল্যুকে ঘিরে এত কিছু, তাঁর জীবনটি কেমন ছিল?
ল্যু ফন সালোমের জন্ম ১৮৬১ সালে, রাশিয়ায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন স্বাধীনচেতা। তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন শুধু তাঁর মা। কিন্তু বাবা ছিলেন অনন্য, কখনোই মেয়েকে কোনো কিছু করতে নিষেধ করেননি।
ল্যু সালোমে এবং নিৎসে, রিলকে ও ফ্রয়েড
আনোয়ারা সৈয়দ হক
প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা, প্রকাশকাল: জানুয়ারি ২০২২
প্রচ্ছদ: মাসুক হেলাল
১৭৬ পৃষ্ঠা, দাম: ৩৪০ টাকা।
বইটি পাওয়া যাবে:
www.prothoma.com এবং মানসম্মত বইয়ের দোকানে।
একদিন তাঁদের বাড়ির রাখাল এসে তাঁকে বললেন, ‘খুকি, গতকাল সন্ধ্যায় তোমাদের বাগানের পুতুল খেলার ঘরটার সামনে দুজন গৃহহীন অসহায় মানুষ—একজন পুরুষ আর একজন নারী দাঁড়িয়ে ছিলেন। তাঁরা ঠান্ডায় একেবারে কাহিল হয়ে পড়েছিলেন। সামনে তোমার পুতুল খেলার ঘরটা দেখতে পেয়ে আমাকে অনুরোধ করলেন, “আমরা কি এই পুতুলঘরটায় ঢুকে নিজেদের ঠান্ডার হাত থেকে বাঁচাতে পারি?” কিন্তু আমি তাঁদের ঢুকতেই দিইনি, তোমার কাছ থেকে না শুনে কীভাবে ঢুকতে দিই বলো!’ এ কথা শুনে খুবই চিন্তিত হয়ে গেলেন ল্যু। পরদিন রাখালকে তাঁদের কথা জিজ্ঞেস করতেই তিনি জানালেন, তাঁরা আস্তে আস্তে রোগা হতে হতে হাওয়ায় মিলিয়ে গেছেন, শুধু পড়ে আছে তাঁদের জামার বোতামগুলো।
এবার ল্যুর ভেতরটা হু হু করে উঠল। পরে তাঁর এক আত্মীয়ের সহযোগিতায় রাশিয়ার গিলোট নামে এক ধর্মযাজকের কাছে ধর্মতত্ত্ব ও দর্শন পড়তে শুরু করেন তিনি। সেই ধর্মযাজক তাঁর প্রেমে পড়ে যান। ল্যুও তাঁকে ভালোবেসেছিলেন। তবে ওই ভালোবাসা থেকে মুক্তি পাওয়ার জন্যই মাকে নিয়ে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান তিনি, সেখানে নতুন জীবন শুরু করবেন বলে।
এরপর তাঁর সঙ্গে দেখা হয় ফ্রেডরিক নিৎসের বন্ধু, সাহিত্যিক পল রির সঙ্গে। তাঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা দর্শন নিয়ে তর্ক করতেন ল্যু। অল্প বয়সী একটি মেয়ে কীভাবে এত জানেন, তা নিয়ে ছিল পলের বিস্ময়। ফলে তাঁকে তিনি ভালোবেসে ফেলেন। এই পল রির সূত্রে নিৎসের সঙ্গেও পরিচয় হয় ল্যুর। নিৎসে আরও এক ধাপ এগিয়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ল্যু চাইছিলেন, তিনজনে একটি বাড়িতে থেকে সারা দিন পড়ালেখা করবেন আর তর্ক–বিতর্কে জড়াবেন।
বিখ্যাত মনোবিশারদ ফ্রয়েডের সঙ্গেও ল্যুর দেখা হয় বেশ কয়েক বছর পর। ফ্রয়েডও তাঁর প্রেমে পড়ে যান। কিন্তু ল্যু তখন বিবাহিত। বিয়ে করেছেন অধ্যাপক ফ্রিডরিশ কার্ল আন্দ্রিয়াসকে। আগেই বলেছি, তাঁদের মধ্যে ছিল না কোনো শারীরিক সম্পর্ক। ফ্রয়েড সবই জানতেন, তবু তিনি চাইছিলেন ল্যু তাঁর সঙ্গে থাকুক।
এ রকম সাহসী জীবন যাঁর, যিনি সমাজের নিয়মরীতি ভেঙে চুরমার করে দিয়েছেন, সেই ল্যু ফন সালোমে অবশেষে প্রেমে পড়েন রিলকের এবং এত দিনের শপথ ভেঙে জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। রিলকে ছিলেন তাঁর চেয়ে বয়সে অনেকটাই ছোট।
ল্যু সালোমের লেখালেখিও আগ্রহজাগানিয়া। নারীমুক্তির জন্য লিখে গেছেন আজীবন। সেভাবেই জীবন যাপন করেছেন। ফলে ল্যু সালোমের বিচিত্র জীবন নিয়ে কৌতূহল মেটাতে এই বই পড়ার বিকল্প নেই। তৎকালীন সময় ও সমাজকে বোঝার জন্যও বইটি জরুরি।