‘কারণ যাই-ই হোক না কেন, জাদুর প্রাণ কিন্তু জাদুকাঠিতেই। রুমালকে বিড়াল বানানো কিংবা আপাত-অসম্ভব জাদুকরের কার্যকলাপগুলো তো ঘটে থাকে এই জাদুকাঠির বদৌলতেই।’ বলেই জাদুকর হাতে একটা জাদুকাঠি নিয়ে মঞ্চের মাঝামাঝি এসে দাঁড়ালেন। দর্শকদের উদ্দেশ করে বলে চললেন, ‘আমার হাতে আপনারা এই যে জাদুকাঠিটি দেখতে পাচ্ছেন, এর গায়ের রংটা কিন্তু আপনাদরে খুব ভালোভাবে মনে রাখতে হবে। খেয়াল করে দেখুন, জাদুকাঠিটি পুরোটাই সাদা রঙের। কেবল এর দুই পাশেই রয়েছে কালো রঙের পুরু একটি করে বর্ডার। ঠিকমতো দেখেছেন তো?’ কথা কয়টি শেষ করেই জাদুকর করলেন কী—বড় একটা রুমাল অথবা কাপড়ের টুকরো দিয়ে হাতে থাকা জাদুকাঠিটি ঢেকে দিলেন।অবাক ব্যাপার কী, পর মুহূর্তেই জাদুকর যখন হাতের রুমালটিকে জাদুকাঠিটির ওপর থেকে সরিয়ে নিলেন, দেখা গেল, জাদুকাঠিটির রঙের মধ্যে একটু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সাদা জাদুকাঠিটিই পুরোপুরি কালো রঙের হয়ে গেছে এবং এর দুই পাশের কালো রঙের পুরু বর্ডারগুলো হয়ে গেছে সাদা।এমনতরো একটা ঘটনা, তাও আবার নাকের ডগায় চোখের সামনে ঘটতে দেখে দর্শকেরা নিশ্চয় অবাক হয়ে যাবেন বৈকি।পেছনের কৌশলটাই বলে দিচ্ছি এবার। জাদুটি দেখানোর জন্য চাই ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা এবং আধ ইঞ্চি ব্যাসযুক্ত কাঠের একটি লাঠি, একটি বড় আকারের রুমাল কিংবা কাপড়ের টুকরো, অন্য একটি কালো কাপড়, গাম (আঠা), সেলাই করার সুঁই-সুতা, কাঁচি—এসব।প্রথমেই করতে হবে কী, কাঠের লাঠিটির গায়ে যেহেতু কোনো রং করা নেই, সেহেতু লাঠিটির দুই প্রান্তে এক ইঞ্চি পরিমাণ খালি রেখে মাঝের বাকি অংশটাই গাম দিয়ে কালো কাপড় আটকে নিতে হবে। একইভাবে দুই পাশের খালি অংশেও সাদা কাপড় লাগিয়ে নিতে হবে।পাশাপাশি জাদুকাঠিটির বিপরীত রঙের অর্থাৎ মাঝে সাদা এবং দুই পাশে কালো বর্ডার রেখে জাদুকাঠিটির মাপের আঁটসাঁট একটি কাপড়ের খোলও তোমাকে তৈরি করে নিতে হবে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে—জাদুকাঠিটির ওপর থেকে কাপড়ের খোলটি যেন টানলেই বেরিয়ে আসে (চিত্র-১ দেখো)।জাদুটি দেখানোর আগে কাপড়ের খোলটি জাদুকাঠিটির ওপর কিন্তু পরানো থাকবে, যা দেখে দর্শকেরা খোলের রংটিকেই জাদুকাঠির প্রকৃত রং অর্থাৎ কালো বর্ডার দেওয়া সাদা কাঠি বলে মনে করবেন।তার পরের কাজগুলো কিন্তু খুব সহজ। খোল পরানো জাদুকাঠিটি দর্শকদের দেখিয়ে তার ওপর বড় একটি রুমাল চাপা দিতে হবে। রুমালটি সাইজে এমন হবে, যেন সম্পূর্ণ জাদুকাঠিটি তার তলায় চাপা পড়ে। এরপর সেই রুমালটিকে সরানোর সময়ই রুমালটির সঙ্গে সঙ্গে চিত্র-২-এর মতো করে জাদুকাঠিটির এক প্রান্ত ধরে ওপরের খোলটিকেও রুমালের সঙ্গে তুলে নিয়ে আসতে হবে। ফলে এবারে কিন্তু জাদুকাঠিটির প্রকৃত রং অর্থাৎ কালো রঙের দুই পাশে সাদা বর্ডারই দর্শকদের নজরে আসবে। পাদটীকাবিশেষভাবে খেয়াল রাখতে হবে, রুমালের আড়ালে যখন কাপড়ের খোলটি খুলে নেবে, তখন যেন কোনো অবস্থাতেই খোলটি দর্শকদের নজরে না আসে। আর হ্যাঁ, সম্পূর্ণ খোলটি খুলে নেওয়ার পরও যেন সেটি তোমার সেই রুমালের মধ্যেই থাকে, আর দর্শকদের হাতে গিয়ে না পড়ে।