অদ্ভুতুড়ে প্রতিবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: এস এম রাকিবুর রহমান

‘তোমার নাম কী?’ রোদেলার প্রশ্নে ছোট ছেলেটা উত্তর তো দিলই না, উল্টো মুখ ভেংচে দিয়ে চলে গেল!

রোদেলা হতভম্ব। নিশি ভুরু দুটো কুঁচকে বলল, ‘অদ্ভুত ছেলে তো!’

আমি বললাম, ‘এ কারণেই কোনো বাচ্চাকে আমি পছন্দ করি না।’

রোদেলাদের পাশের বাসায় আজ নতুন ভাড়াটে উঠেছে। বাসাটায় জিনিসপত্র তোলার কাজ এখনো শেষ হয়নি। জিনিসপত্র বেশি নেই; অত ভারী কিছুও চোখে পড়ল না। একজন পুরুষ আর একজন নারী হাতে হাতেই জিনিসগুলো বাসায় নিয়ে যাচ্ছেন।

আমি আর নিশি ছেলেটার ব্যাপারে আর কোনো আগ্রহ দেখালাম না। কিন্তু রোদেলা ছেলেটার আচরণে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তো আছেই। আমরাও তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি।

আমাদের মায়ের বয়সী ওই নারী হঠাৎ গলা চড়িয়ে বললেন, ‘আলিফ, এদিকে এসো। এখানে এসে দাঁড়িয়ে থাকো। আমার কিছু কাজ আছে।’ বলেই তিনি ভেতরে চলে গেলেন।

আমরা বুঝতে পারলাম, ছেলেটার নাম আলিফ আর ওই নারী হয়তো তার মা।

আলিফ জিনিসপত্রের পাশে একটা সাদা মূর্তি হাতে নিয়ে নাড়াচাড়া করছে। মূর্তিটাকে ভয়ংকর কিংবা কুৎসিত বললে ভুল হবে না। দুই চোখ থেকে হাত বের হয়ে আছে, আর পায়ের জায়গায় চোখ। দেখেই শরীরটা কেমন চিড়বিড় করে উঠল। আলিফ মূর্তিটা ঘুরিয়ে-ফিরিয়ে দেখছে আর তিন জোড়া চোখ দিয়ে আমরা দেখছি আলিফ নামের বেয়াদব ছেলেটাকে।

দেখতে দেখতেই হঠাৎ আলিফের হাত থেকে মূর্তিটা পড়ে গেল! ছেলেটা চমকে গেছে, আমরাও। মূর্তিটা টুকরো টুকরো হয়ে যেতেই আলিফ চিৎকার করে উঠল, ‘মা! মা! দেখে যাও তাড়াতাড়ি!’

সবকিছু এত তাড়াতাড়ি ঘটল যে আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না।

‘কী হয়েছে, চেঁচামেচি করছ কেন?’

‘মা, দেখো না, এই তিনজন আমার হাত থেকে মূর্তিটা কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে!’

ছেলেটার কথা শুনে আমরা হতভম্ব! বলে কী এই ছেলে!

নিশি বলল, ‘না আন্টি, আমরা ধরিনি মূর্তিটা! এখানে শুধু দাঁড়িয়ে ছিলাম।’

আমরাও সায় দিলাম নিশির কথায়।

হুংকার দিয়ে উঠলেন আলিফের মা, ‘আমার ছেলে মিথ্যা বলবে নাকি? তখন থেকেই দেখছিলাম, আমাদের দিকে তাকিয়ে আছ, এখন বুঝলাম, খারাপ মতলবে ছিলে তোমরা! জানো, এই মূর্তির দাম কত? এত সহজে তোমাদের ছাড়ব না!’

আমরা এতটাই অবাক হয়ে গেছি যে মুখ দিয়ে কোনো প্রতিবাদই বেরোল না। নিশি কেবল কাঁপতে কাঁপতে বলল, ‘আন্টি, আমরা মিথ্যা বলছি না!’

আমিও যোগ দিলাম, ‘আমরা কেন মূর্তি ভাঙব?’

এমন সময় পেছন থেকে পুরুষ লোকটা এগিয়ে এলেন। তিনি সম্ভবত আলিফের বাবা। সব শুনে হাসতে হাসতে বললেন, ‘যদি তোমাদের দোষ থেকে থাকে, তাহলে কিন্তু ফল ভালো হবে না!’

হাসতে হাসতে বললেও কথাগুলো একেবারে হুমকির মতো শোনাল! এরা দেখি সব অদ্ভুত মানুষ! পরিচয়ের আগেই এমন বিচিত্র আচরণ আমরা আর কারও কাছ থেকে কখনো পাইনি! অপমান আর ঘৃণার মিশেলে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে আমাদের ভেতরে। এই মানুষগুলোর সঙ্গে তর্ক করে লাভ নেই। তাই ওদের সামনে দাঁড়িয়ে থাকারও কোনো মানে হয় না। আমরা চলে এলাম।

পরদিন সকাল। ঘুমিয়ে ছিলাম, মা ডেকে তুলল। রোদেলা নাকি ফোন করেছে। ঘুমের ঘোরেই জিজ্ঞেস করলাম, ‘কী রে, কী হয়েছে? এত সকালে ফোন কেন?’

রোদেলা উত্তেজিত হয়ে বলল, ‘মায়া, আমাদের বাসার দরজার ছিটকিনি বাইরে থেকে আটকানো, খুলতে পারছি না! মা-বাবা বাইরে থেকে লক করে যায় না। তাড়াতাড়ি আয়।’

আমি নিশিকে ডেকে নিয়ে রোদেলার বাসার দিকে রওনা হলাম। ছিটকিনি খুলেই দেখলাম রোদেলা ভীষণ খেপে আছে।

‘কী রে, ছিটকিনি আটকাল কে?’

‘আর কে, ওরাই হবে হয়তো!’ আলিফদের বাসার দিকে রোদেলার চোখ।

‘না-ও তো হতে পারে, শুধু শুধু দোষ দিয়ে লাভ নেই। আর ওদের বাসার বাইরে তালা দেওয়া, আসার সময় খেয়াল করেছি।’

নিশি হঠাৎ মেঝেতে ঝুঁকে বলল, ‘তোর পায়ের নিচে এটা কী?’

পা’টা আস্তে সরালাম, একটা কাগজ। কাগজটা ওঠালাম। ওতে লেখা ‘সাবধান!’

তিন দিন কেটে গেল। কাগজটার কথা প্রায় ভুলেই গেছি। আলিফদেরও আর দেখা যায়নি। রোদেলাদের বাসায় নিশি আর আমার দাওয়াত। সিঁড়ি দিয়ে উঠছি, বাড়িওয়ালা চাচার সঙ্গে দেখা। হাসিমুখে জিজ্ঞেস করলেন, ‘দুই রত্ন, কী খবর?’

আমরা উত্তর দিলাম। নিশি হঠাৎ আলিফদের কথা জানতে চাইল।

বাড়িওয়ালা চাচা অবাক, ‘কোথায়! ওই বাসায় তো কেউ ওঠেনি, আজকেই না একটা পরিবার উঠবে!’

চাচার কথা শুনে আমাদের আক্কেলগুড়ুম। ধীরে ধীরে কথাটা আমাদের মনে ভয় ঢুকিয়ে দিল। রোদেলাকে সব জানানোর পর ও বিশ্বাসই করল না। করার কথাও না।

কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ আর মানুষজনের কথাবার্তা শুনে বাইরে বেরোলাম আমরা। সামনের বাসায়, মানে আলিফরা যে বাসায় উঠেছিল, সেটাতে নতুন ভাড়াটে উঠছে! সামনেই দাঁড়িয়ে ছিলেন বাড়িওয়ালা চাচা। হঠাৎ একটা ছেলে বাসার ভেতর থেকে বেরিয়ে এল। চাচা ছেলেটাকে জিজ্ঞেস করলেন, ‘তোমার নাম কী?’

ছেলেটা হাসিমুখে জবাব দিল, ‘আলিফ।’

বিস্ময়ে হতবাক আমরা খেয়াল করলাম, ছেলেটার হাতে সেই ভয়ংকর কুৎসিত মূর্তিটা অক্ষত!