অন্য রকম জন্মদিন
রারা বলল, বাবা, আমার এবারের জন্মদিনটা অন্যভাবে পালন করলে কেমন হয়? রারাটা এমনই। নিজে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না, নিজের আইডিয়াটা থ্রো করবে। বাবা বলেন, আইডিয়াটা বল।ভেরি সিম্পল। দিনের আলো না ফুটতেই আমরা ঘর থেকে বের হব। তারপর হাঁটতে শুরু করব। শহর পেরিয়ে গ্রাম। গ্রাম ছাড়িয়ে অনেক অনেক দূর। কোনো একটা নদীর কাছে। আমি ভেবেছি, প্রতি জন্মদিনে আমি নতুন একটা নদীর জল স্পর্শ করব। বলেই বাবার দিকে আগ্রহী দৃষ্টি মেলে তাকিয়ে থাকে রারা।আইডিয়াটা ভালো। কিন্তু আমি কি তোর সঙ্গে হাঁটতে পারব অতটা পথ? আমার বয়স হয়েছে না?না, তোমার এমন কোনো বয়স হয়নি। আর আমরা তো কেবল হাঁটতেই থাকব না। হাঁটব, হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে পথে বসে জিরিয়ে নেব। যেখানে যা পাব খেয়ে নেব। আর এই শীতে হাঁটতে ভালো লাগবে আমাদের।রারা বলতেই থাকে। মুগ্ধ শ্রোতা বাবা।শহর ছেড়ে একটু দূরে গ্রামের শুরু। চারদিক শুকনো। শীতল হাওয়ায় দোল খাচ্ছে হলুদ সরষে ফুল। ধনেপাতার ঘ্রাণ মিশে আছে বাতাসে বাতাসে। সেই বাতাস গায়ে মেখে আমরা হাঁটছি। ভাবতেই ভালো লাগছে আমার। বাবা, তোমার লাগছে না?ছেলের এমন ভাবনায়, এমন কথায় যারপরনাই অবাক হয়ে যান বাবা। তিনি বিস্ময়ভরা কণ্ঠে বলেন, এমন ভাবনা তুই কোথায় পেলি? এখন পর্যন্ত তো গ্রাম দেখিসনি?তোমার কাছে শুনেছি, মা বলেছে; আর বইয়ে পড়েছি। পথের পাঁচালী সিনেমায় গ্রাম দেখেছি। আর আমাদের নানাবাড়িটা তো না গ্রাম না শহর—এমন একটি জায়গায়। সেখানে গেলেই তো এসব দেখা যায়। তুমি সব ভুলে যাও কেন, বাবা?সরি। ভুল হয়েছে। এখন চল প্ল্যান করি, তোর জন্মদিনটা অন্য রকমভাবে পালনের। প্ল্যান আর কী? ওই যে বললাম। রাত থাকতে থাকতে ঘুম ত্যাগ। হিমঠান্ডা পানিতে গোসল। তারপর বেরিয়ে পড়া।দারুণ! কিন্তু তোর মা মানবে?সেই দায়িত্ব তোমার।প্ল্যান করবি তুই আর মাকে মানানোর দায়িত্ব আমার, এটা কেমন হয়?বাবা! তুমিই তো বলেছ জন্মদিন পালন করতে হয় একদম নিজের মতো করে। মোমবাতি জ্বালিয়ে আমি কেক কাটব আর তোমরা সবাই মিলে তালি দেবে, ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গাইবে—এটা বড্ড একঘেয়ে। তুমি তো এমন চাও না। আর করোনি কোনো দিন। সেই প্রথম থেকে তুমি অন্য রকমভাবে করেছ আমার জন্মদিন। এ দিনটি আমাকে দেওয়ার জন্য তুমি কাজে যাও না। যত সমস্যাই হোক, তুমি ছুটি নাও এ দিন। নতুন নতুন জায়গায় আমাকে নিয়ে ঘুরে বেড়াও। কত কিছু দেখাও! আমি যখন অনেক বড় হব, ধরো, যখন আমি কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ব তখন বন্ধুদের সঙ্গে নিয়ে জন্মদিনটা পালন করব; অবশ্য যদি ইচ্ছা হয়। তাই এবার আমি তোমাকে সঙ্গে নিয়ে অন্য রকম একটা দিন কাটাতে চাই।রারার কথা আর থামতেই চায় না। অবাক হয়ে শুনতে থাকেন বাবা। রারা একটু ভেবে আবার শুরু করে, আচ্ছা বাবা, আমার দাদা বাড়িতে কে কে আছেন?আকস্মিক এই প্রশ্নে একটু হকচকিয়ে যান বাবা। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলেন, কেউ নেই।বাড়িঘর আছে তো?তাও নেই। শুধু ভিটেটা আছে।তোমরা সেখানে যাও না কেন?গেলে থাকব কোথায়?ঘর বানাও না কেন?সে অনেক কথা।বলো, আমি সব শুনতে চাই। রারা তাড়া দেয় বাবাকে।পদ্মা নদী থেকে একটু দূরে একটা নিটোল গ্রাম। ঝনকি তার নাম। আমাদের সাতপুরুষের বাস এই গ্রামে। একসময় গ্রামজুড়ে আমাদের জমিজমা ছিল বিস্তর। তোর দাদা সব খুইয়েছেন। তোর দাদা ছিলেন গানের মানুষ। যাকে বলে গানপাগল। বন্ধুদের নিয়ে একটা গানের দল গড়ে তুলেছিলেন তিনি। সাত গ্রামে রোগ-বালাই তাড়াতে রাতভর তারা গান গাইতেন। একে আমাদের ওখানে বলে বৈঠক। এই বৈঠক করতে গিয়েই একে একে সব বিক্রি করে ফতুর হয়ে আমাদের নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। তারপর আমরা ভাইবোনেরা ঢাকাতেই বড় হতে থাকি।এখন তোমরা গ্রামে যাও না কেন?যেতে খুব ইচ্ছা হয়। তোর চাচা-ফুফুরা মাঝেমধ্যে গিয়ে ঘুরে আসে।তুমি যাও না কেন?আমিও যাব। আগে একটা ঘর তুলি, তারপর। বাবা, প্রতিবছর কেক কেটে অনেককে নিমন্ত্রণ করে আমার জন্মদিন করা হয় না, এটা ঠিক। কিন্তু তুমি আমাকে নিয়ে অনেক ঘুরে বেড়াও, আমার ইচ্ছামতো অনেক কিছু কিনে দাও। এবার এসব আমি করতে চাই না। তার চেয়ে চলো, ওই টাকাটা দিয়ে আমার দাদার ভিটায় একটা ঘর বানাই। আমি জানি, একটা ভালো ঘর বানাতে অনেক টাকার প্রয়োজন। এই টাকায় এবার হয়তো ঘরটা পুরোপুরি হবে না। তার পরও চলো-না, আমরা শুরু করি।ছোট ছেলের এই কথায় ভীষণ কান্না পেতে থাকে বাবার। তিনি অতি কষ্টে কান্নাটা লুকিয়ে রাখেন। অপলকে চেয়ে থাকেন তার দিকে। তারপর রারাকে অনেক অনেক দূরের একটা অচেনা মানুষ মনে হতে থাকে তাঁর।