অন্য রকম শিশু-আশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা না থাকলে দুনিয়া আঁধার। যার মা নেই, সে-ই কেবল বোঝে এই না-থাকার বেদনা। মা-হারা শিশু পৃথিবীর সবচেয়ে অভাগা। কিন্তু সেই শিশু-আশ্রমে এমন এক পরিবেশ, তারা বুঝতেই পারে না কী নেই তাদের। অবশ্য তা কোনো মানবশিশুর আশ্রম নয়, বনের ভেতর মা হারিয়ে দুর্বিপাকে পড়া হস্তীশাবকদের আশ্রম।কেনিয়ার নাইরোবি ন্যাশনাল পার্কে রয়েছে সেই ব্যতিক্রমী এলিফ্যান্ট নার্সারি। সেখানে শুধু অনাথ হস্তীশাবকদেরই লালন-পালন করা হয়। এসব শাবককে বনকর্মীরা যদি সময় মতো উদ্ধার না করতেন, তা হলে সবাই মারা পড়ত বেঘোরে। হস্তীশাবকেরা খুব মা-নেওটা হয়। ২৪ ঘণ্টাই মায়ের সঙ্গে ঘোরে ওরা। আর মা জানপ্রাণ দিয়ে আগলে রাখে ওদের। এ কারণে কখনো মা মারা গেলে বা মাকে হারিয়ে ফেললে খুব বিপাকে পড়ে ওরা। কী করবে, কোথায় যাবে, বুঝে উঠতে পারে না। এ সময় না খেয়ে বা হিংস্র জন্তুর খপ্পরে পড়ে মারা যায়।এসব দিগ্ভ্রান্ত হস্তীশাবককে উদ্ধার করে এলিফ্যান্ট নার্সারিতে নিয়ে আসেন বনকর্মীরা। কড়া নিয়ম মেনে লালন-পালন করেন। তারপর যখন এসব হস্তীশাবক বড় হয়, তখন এদের বনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।বিশ্বে ভূচর সব প্রাণীর মধ্যে হাতি সবচেয়ে বড়। কাজেই এর শাবকও আকারে খুব বড় হয়। হাতির সদ্যোজাত একটি বাচ্চার ওজন হয় প্রায় ২০০ পাউন্ড। যা কিনা একজন পূর্ণবয়স্ক মানুষের গড় ওজনের চেয়েও বেশি। একটি হস্তীশাবক প্রতিদিন পাঁচ গ্যালনের বেশি দুধ পান করে। সে দুধ তৈরি করা হয় বিশেষ প্রণালি অনুসরণ করে। এর মধ্যে মেশানো হয় নারকেলের দুধ। প্রতিবার এক গ্যালনের নিচে হয় না ওদের। কাজেই হস্তীশাবক পালতে গিয়ে খুব ঝক্কি-ঝামেলা যায় নার্সারির কর্মীদের। এসব শাবককে কেবল খাওয়ানোই কাজ নয় তাঁদের, সঙ্গ দেওয়াটাও একটা বিশাল কাজ।হাতি সামাজিক জীব। দলবেঁধে বাস করে। কাজেই নার্সারির কর্মীদের সে আয়োজন করতে হয়। আশ্রমে আসা যেসব মাদি এতিম হাতি একটু বড় হয়ে উঠেছে, সেগুলোর সঙ্গে সদ্য আসা বাচ্চাগুলোর খাতির জমানোর সুযোগ করে দিতে হয়। উভয়ের মধ্যে ভাব হয়ে গেলে মাদি হাতিগুলো ছোট বাচ্চাগুলোর মায়ের ভূমিকা নেয়। এ জন্য এতিম বাচ্চার জন্য একটি আদর্শ স্থান ওই এলিফ্যান্ট নার্সারি। তবে বন্যেরা বনেই সুন্দর। কাজেই মা-হারা হস্তীশাবকগুলো পুরোপুরি বড় হয়ে ওঠার পর ওদের ছেড়ে দিয়ে আসা হয় প্রায় ২০০ মাইল দূরের টিসাভো ন্যাশনাল পার্কে। সেখানে রয়েছে বিশাল এক বনভূমি। বন্য হাতির অবাধ বিচরণ সেই বনভূমিতে।বিশ্বের বিভিন্ন বনজঙ্গলে লোকচক্ষুর আড়ালে প্রতিনিয়ত অজস্র হাতি শিকার করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে বহুমূল্য দাঁতের জন্য উপকারী এই প্রাণীকে হত্যা করা হয়। এই হাতি নিধনের বিপরীতে বিশাল এ প্রাণীর বংশ বিস্তারে অনন্য অবদান রাখছে কেনিয়ার ওই আশ্রম। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক