অবাক ভ্রমণ
যারা একটু ঘরকুনো, তাদের বাদ দিলে সবাই প্রতিদিন টো টো করে ঘুরে বেড়াচ্ছে। হেঁটে, রিকশা, টেম্পো, কার নয়তো বাসে-ট্রেনে ঘুরছে তারা। হিসাব করলে দেখা যাবে, মানুষের প্রতিদিনের এসব ভ্রমণের বেগ প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ৫ থেকে ১০০ কিলোমিটার বা তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। অবশ্য যারা বিমান কিংবা রকেটের যাত্রী, তাদের গতিবেগ আরও একটু বেশি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, নিজেদের অজান্তেই পৃথিবীর প্রত্যেক মানুষ তারও চেয়ে বেশি পথ পাড়ি দিচ্ছে। সেটা অবশ্য আমাদের সাধারণ ভ্রমণের মতো নয়। তবে মহাজাগতিক বিশেষ এই ভ্রমণের কথাই বলা যাক আজ।বাস, বিমান আর জাহাজের কথা বাদ দিয়ে এই মুহূর্তে ধরা যাক পৃথিবীটাই বিশাল এক যান। আর এর যাত্রী ৭০০ কোটি মানুষ। অনেকেই হয়তো জানো, নিজ অক্ষের ওপর পৃথিবী প্রতি ঘণ্টায় প্রায় এক হাজার ৪০ মাইল বেগে ঘুরছে। অবশ্য অক্ষাংশের ওপর নির্ভর করে এ গতিবেগে কিছুটা হেরফের হয়। যেমন মেরু অঞ্চলে এ গতিবেগ ঘণ্টায় প্রায় এক হাজার ৪০ হলেও মধ্য-অক্ষাংশে তা কমে ৭০০ থেকে ৯০০ মাইলে নেমে আসতে পারে। আবার নিজ অক্ষের ওপর ঘোরার পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ১৯ মাইল (৩০ কিলোমিটার) বেগে ঘুরছে। সেই হিসাবে প্রতি ঘণ্টায় প্রায় ৬৬ হাজার মাইল (এক লাখ আট হাজার কিলোমিটার) বেগে সূর্যের চারপাশে ঘুরছে আমাদের এই পৃথিবী। আর পৃথিবী নামের অদ্ভুত যানের বাসিন্দা হিসেবে আমাদের ভ্রমণ না করে উপায় কী? তাই প্রতি ঘণ্টায় সূর্যের চারদিকে আমরাও ৬৬ হাজার মাইল বেগে ভ্রমণ করছি।এদিকে আমাদের সূর্য তার সব গ্রহ, উপগ্রহ, ধূমকেতু নিয়ে অর্থাৎ পুরো সৌরজগৎ ছায়াপথে ঘণ্টায় গড়ে প্রায় ৪৮ হাজার মাইল বেগে ঘুরছে। আর সৌরজগতের বাসিন্দা হিসেবে পুরোপুরি ফ্রি আমরাও ঘুরছি। আবার মহাবিশ্বে প্রায় আড়াই হাজার ছায়াপথ মিলে গড়ে তুলেছে বিশাল এক বাহিনী। আমাদের ছায়াপথ এই বাহিনীর চারপাশে ঘুরছে প্রায় ১৩ লাখ ৫০ হাজার মাইল বেগে প্রতি ঘণ্টায়। ছায়াপথের অতি পুঁচকে সদস্য হিসেবে আমাদেরও ঘুরতে হচ্ছে বাধ্য হয়ে। সেই হিসাবে ছায়াপথে প্রতিবছর আমাদের ভ্রমণ করতে হয় প্রায় ১১,৮২৬,০০০,০০০ মাইল।শুধু কি তা-ই, বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের জন্মের পর থেকেই তার প্রতিটি ছোট-বড় সদস্য একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, এই দূরে সরে যাওয়ার বেগ ঘণ্টায় তিন লাখ ৬০ হাজার মাইল।তাহলে এবার নিজেই হিসাব করে দেখো, একটা শিশু জন্মগ্রহণ করেই প্রতি ঘণ্টায় কতটা পথ নিজের অজান্তেই পাড়ি দিচ্ছে। তাই যারা ঘরকুনো, তাদের নিয়ে রসিকতা করার আগে একবার ভেবে দেখো! আবুল বাসার, ন্যাটজিও কিডস অবলম্বনে