অনেকের কাছে এখনো জাদু মানেই অলৌকিক কিছু। আমার কাছেও তাই। তবে তা অন্য অর্থে। আমি মনে করি, অলৌকিকতার মোড়কেই তো জাদু হওয়া উচিত। যদিও জাদু হচ্ছে বিজ্ঞান-কৌশল আর উপস্থাপনার মিশেল মাত্র। কিন্তু ওই যে বললাম, অলৌকিকতার চমক যদি না থাকে, তবে তো জাদুকে জাদুই মনে হবে না। কথা কয়টি মাথায় রেখেই আজকের আয়োজনে তেমনই চমক-মেশানো একটি জাদুর পেছনের কৌশল শিখিয়ে দেওয়া গেল।জাদুকর যেভাবে দেখালেনহাত চারেক লম্বা একটি দড়ি। টেবিলের ওপর থেকে দড়িটি নিজের হাতে তুলে নিলেন জাদুকর। নিজে তো বটেই, উপস্থিত দর্শকদের দিয়েও খুব ভালোভাবে দড়িটি পরীক্ষা করিয়ে নিলেন তিনি। দর্শকদের কাছ থেকে দড়িটি ফেরত নিয়ে জাদুকর করলেন কি, মাঝবরাবর প্রায় সমান দুই ভাগ করে ওপরের অংশে দড়িটিকে বাঁ হাতের সাহায্যে এমনভাবে ধরলেন, যাতে দড়ির খানিকটা ওপরে দেখা যায় এবং বাকিটা অর্থাৎ দুটো প্রান্ত যেন নিচের দিকে ঝুলতে থাকে। এই অবস্থায় জাদুকর টেবিল থেকে তুলে নিলেন চকচকে একটি কাঁচি। উপস্থিত দর্শকদের কাউকে মঞ্চে ডেকে নিয়ে কাঁচিটি হাতে তুলে দিয়ে বললেন দড়িটির মাঝবরাবর সাবধানে কেটে দিতে। সে দর্শকও জাদুকরের কথামতো করল তা-ই। অর্থাৎ জাদুকরের হাতে থাকা দড়িটি মাঝবরাবর কাঁচির সাহায্যে কেটে দিল।উপস্থিত দর্শকেরাও দেখল যে জাদুকরের হাতে থাকা দড়িটি দুই টুকরা হয়ে গেছে। সে অবস্থায় জাদুকর দড়ির কেটে দেওয়া প্রান্ত দুটিকে একসঙ্গে করে গেরো লাগিয়ে দিলেন এবং আপাতভাবে দড়িটিকে গেরো দিয়েই জোড়া লাগিয়ে দিলেন।দর্শকদের উদ্দেশে টুকরা টুকরা কিছু বললেন তিনি। গেরো দেওয়া দড়িটি বাঁ হাতে ধরে ডান হাতে তুলে নিলেন কাঁচিটি। গেরোর বেরিয়ে থাকা খুচরো প্রান্ত দুটিকে কাঁচি দিয়ে সবার সামনে কেটে দিলেন জাদুকর। কাঁচিটি টেবিলের ওপর রেখে দিয়ে দড়িটির যেকোনো এক প্রান্ত ধরে বাঁ হাতের তর্জনী ছেড়ে বাকি চার আঙুলের ওপর দড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাতে থাকলেন এবং এভাবেই পুরো দড়িটিই পেঁচিয়ে নিলেন তিনি। ডান হাতটি পকেটে ভরে বের করে আনলেন একটি জাদুকাঠি এবং কীসব মন্ত্র আওড়ানোর ভান করে জাদুকাঠিটি আবারও রেখে দিলেন পকেটে। এবার ধীরে ধীরে দড়িটি হাত থেকে খুলতে লাগলেন তিনি এবং উপস্থিত দর্শকেরাও অবাক বিস্ময়ে খেয়াল করল, একটু আগে কেটে দেওয়া সেই দড়িটিই কোন জাদুবলে যেন জোড়া লেগে গেছে। কেমন করেসঙ্গে দেওয়া ছবিগুলোর দিকে ভালোভাবে যদি একটু খেয়াল করো, সহজে অনুমান করে নিতে পারবে এর পেছনের কৌশলটি। মূল দড়ির (কমপক্ষে হাত চারেক লম্বা হতে হবে) সঙ্গে একই দড়ির অন্য একটি টুকরা (লম্বায় আট থেকে ১০ ইঞ্চি হতে হবে) নিয়ে তা দিয়ে একটি রিংয়ের মতো বানিয়ে নিতে হবে। তোমার বোঝার সুবিধার্থে ছবিতে আমি সাদা দড়ির সঙ্গে রিং অর্থাৎ টুকরা ছোট দড়িটা কালো রঙের ব্যবহার করেছি। প্রথমে দড়িটি তোমার দর্শকদের দিয়ে খুব ভালোভাবে পরীক্ষা করিয়ে দাও। এরপর দড়িটি দর্শকদের কাছ থেকে ফেরত নিয়ে কৌশলে মুহূর্তের জন্য দর্শকদের দিকে পেছন ফেরো এবং এর মধ্যেই তোমার মূল কারসাজিটা অর্থাৎ টুকরা দড়ির রিংটাকে মূল দড়ির যেকোনো একটি প্রান্ত দিয়ে ভেতরে ঢুকিয়ে নাও। দুটো দড়ির সংযোগস্থল বাঁ হাতের চার আঙুল দর্শকদের দিকে রেখে এমনভাবে ধরবে (ছবি দেখো), যেন দর্শকেরা ব্যাপারটিকে খুব সহজভাবেই নেয়।এরপর যেকোনো একজন দর্শককে ডেকে নিয়ে তাকে দিয়েই দড়িটির মাঝবরাবর (এ ক্ষেত্রে দড়ির ছোট রিংটিকে) কাটিয়ে নাও। টুকরা দড়িটি গেরো দিয়ে জোড়া দাও। কাঁচি দিয়ে ছোট রিংয়ের ছাঁটগুলো কাটো। বাঁ হাতের চার আঙুলে দড়িটিকে পেঁচিয়ে নাও। সেই সময়টায়ই তুমি গেরোর খুচরো অংশটি কায়দা করে ডান হাতের তালুতে লুকিয়ে রেখে কাজ শেষে ডান হাতটি পকেটে ঢোকাও। ফলস গেরোটি পকেটে রেখে সেই জায়গায় পকেট থেকে একটি জাদুর কাঠি বের করে আনো।