অরণ্যে অতুল
নিবিড় অরণ্য। জানা-অজানা পশু-পাখির ডাক এদিক থেকে ওদিকে প্রতিধ্বনিত হচ্ছে। তারই মধ্যে কিসের ভয়ে যেন একজন মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে। মানুষ মানে ছোট্ট একটা মানুষ। ১০ বছরের অতুল—ছবি এঁকে, গান গেয়ে, মজার মজার কথা বলে যে সবার মন জয় করে নিয়েছে। সবার প্রিয়, সবার আদরের অতুল এই গভীর অরণ্যে কেমন করে যে এসে পড়ল, তা কে জানে। যেন সে ‘গুপী গাইন, বাঘা বাইন’-এর সেই আশ্চর্য ভূতের চটিজোড়া পেয়ে গেছে, আর তাই চটিজোড়া দিয়ে তালি দিতেই একনিমেষে এই অজানা রাজ্যে এসে পৌঁছেছে। আর এখানে এসেই ভয়ানক বিপদে পড়ল। কোথায় অরণ্যে এসে বৃক্ষের শোভা দেখবে আর বিচিত্র পাখির গান শুনবে তা না, হঠাত্ ভৌতিক একটা ব্যাপার। কোত্থেকে কিসের একটা ছায়া তাকে তাড়া করছে। বড় একটা ধনেশ পাখির উড়াল দেখছিল সে। পাখিটা সামনে থেকে মাথার ওপর দিয়ে পেছন দিকে চলে গেলে অতুল পেছনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছিল। আর অমনি দেখল, একটা কালো ছায়া যেন তার দিকে এগিয়ে আসছে। প্রচণ্ড ভয় পেয়ে সে দৌড়াতে লাগল। কালো ছায়াও দৌড়াতে লাগল। প্রচণ্ড ভয় পেয়ে সে আরও জোরে দৌড়াতে লাগল। কালো ছায়াটিও যেতে লাগল তার পেছন পেছন। অতুল মনে মনে ভাবল, এটা নির্ঘাত কোনো ভূত, তাকে খেতে আসছে। প্রাণভয়ে ছুটতে লাগল সে। কিন্তু ভূতের সঙ্গে পাল্লা দিয়ে কতক্ষণ আর দৌড়ানো যায়। মানুষের শক্তির তো একটা সীমা আছে। ভূতদের তো অসীম শক্তি। তাদের সঙ্গে ছোট্ট অতুল পারবে কীভাবে?আর তাই কিছুক্ষণ দৌড়ে ধপাস করে সে মাটিতে পড়ে গেল। তার পড়ে যাওয়ার শব্দে ভয় পেয়ে পাশের ঝোপ থেকে একটা খরগোশ ভয়ে পালাল। আর খরগোশের পালানো দেখে চারপাশে ঝিম মেরে থাকা অনেক পাখি ডানা ঝাপটাল। কেউ কেউ উড়াল দিল। পশু-পাখির নিজস্ব কতগুলো সতর্কসংকেত থাকে। অতুল দেখেছে, তাদের বাড়িতে উঠোনে অনেক ছানা নিয়ে মুরগিটা আপন মনে চরে বেড়ায়। সারা দিন কী ব্যস্ততা তার! হঠাত্ দেখা যাবে, আশপাশে থাকা মোরগটা অন্য রকম করে ডেকে উঠল। মুরগির ছানারা তার কথা বুঝতে পারল। তারা তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে ডানার ভেতর লুকিয়ে রইল। অতুল সবকিছু মনোযোগ দিয়ে খেয়াল করেছে। মোরগটা একনাগাড়ে ডেকেই চলেছে, আর মুরগিটা চুপচাপ তার ডানা দুটো দিয়ে ছানাদের আগলে রেখেছে। কিন্তু হঠাত্ তাদের এ রকম সতর্ক হতে হলো কেন? অতুল চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে আকাশের দিকে দৃষ্টি ফেরাল। দেখল, তীক্ষ দৃষ্টি নিয়ে বোমারু বিমানের মতো উড়ে বেড়াচ্ছে একটি চিল। অতুলের পড়ে যাওয়ার শব্দে কোনো কোনো পাখি ও রকম সতর্ক করে দেওয়ার মতো ভয়ার্ত ডাক দিতে লাগল। কিন্তু অতুল তো কারও কোনো ক্ষতি করতে এখানে আসেনি। সে তো কারও জন্য ভয়ের কারণ হতে পারে না, বরং সে নিজেই তো এখন প্রাণভয়ে ছুটছে। এসব ভাবতে ভাবতে সে মাটি থেকে উঠে দাঁড়াল। আর দাঁড়িয়েই পেছন ফিরে তাকিয়ে দেখল ভূতটা নেই। কী আশ্চর্য! গেল কোথায়? চারপাশে ভালো করে খেয়াল করে দেখল অতুল। তাকে কিন্তু কোথাও দেখল না।না, কোনো ছায়া নেই, নেই কোনো ভূত।আছে শুধু পশু-পাখি, বড় অদ্ভুত।একটু হাঁফ ছেড়ে বাঁচল অতুল। যাক, এ যাত্রা ভূতের কবল থেকে তবে রক্ষা পাওয়া গেল। একটু জিরিয়ে নিয়ে সে আবার হাঁটতে লাগল সামনে। এমন সময় মজার একটা কাণ্ড ঘটল। কে যেন তার নাম ধরে ডাক দিল—অতুল...অতুল! অতুল এদিক-ওদিক তাকিয়ে দেখল কেউ নেই। এ বনের মধ্যে কেউ থাকবেই বা কেন? তার গা ছমছম করে উঠল। এটা নিশ্চয়ই সেই ভূতের কারসাজি। —এই যে অতুল, ভয় পাইও না। ইহা ভূতের কারসাজি নহে। আশ্চর্য অতুল যা ভেবেছে, কে যেন তাই বলছে। অতুল একটু জোরগলায় অজানা কণ্ঠস্বরের উদ্দেশে বলল—তবে তুমি কে? —এই যে আমি! আমাকে দেখিয়াই তুমি বুঝিতে পারিবে। —কোথায়? —এই তো এইখানে। তুমি যে বৃহত্ বৃক্ষটার নিচে অবস্থান করিতেছ, তার একটি শাখায় বসিয়া আমি তোমাকে ডাকিতেছি।অতুল খুব দ্রুত ওপরের দিকে তাকাল। দেখল ধবধবে সাদা অপূর্ব সুন্দর একটা পাখি। গলায় হারের মতো নীল পালক। হ্যাঁ, পাখিটাই মানুষের মতো কথা বলছে।এতক্ষণে আমাকে তোমার দৃষ্টিগোচর হইয়াছে তাহা হইলে! হ্যাঁ, তোমাকে দেখলাম। কিন্তু তুমি কে? মানুষের মতো কথা বলছ? —কেন? মানুষেরাই শুধু কথা কহিতে পারিবে, অন্য কেউ পারিবে না কেন? আমার গল্প তুমি বহুবার শুনিয়াছ, জানিয়াছ। শুধু আমাকে কখনো দুই চোখ দিয়া দেখিতে পারো নাই। আজ প্রথম দেখিলে। মানুষের মতো পাখির ঠোঁটে কথা ফুটতে দেখে অতুলের মনে পড়ে গেল ঠাকুরমার ঝুলির কথা। ওখানে একটা গল্পে শুকপাখির কথা আছে। সেই শুকপাখি মানুষের মনের যত কথা সব বলে দিতে পারে। মানুষের ভাগ্যে আর ভবিষ্যতে কী আছে, তাও সে বলতে পারে।তুমি কি শুকপাখি?—অতুল জানতে চাইল। হ্যাঁ, আমি শুকপাখি। গল্পের শুকপাখিকে এমন চোখের সামনে দেখে অতুল ঝটপট গল্পের মতোই বলতে লাগল—কও কও শুকপাখি রেআমার বিবরণ,আমার এই দুঃখের শেষহইবে কখন?এ কথা শুনে খিলখিল করে হেসে উঠল শুক—তোমার আবার দুঃখ কিসের? তোমার কত দিনের স্বপ্ন আজি পূরণ হইয়াছে বলো? একা একা গহিন অরণ্যের ভেতর ঘুরিয়া বেড়াইতেছ টারজানের মতো। আমার দর্শনলাভ হইয়াছে। পৃথিবীতে কেহই আমাকে কোনো দিন দেখিতে পাই নাই, একমাত্র তুমিই পাইলে। আমাদের বনের পাখিরা তাহাদের সুমিষ্ট কণ্ঠে তোমাকে সংগীত শুনাইতেছে।অতুল বলল, আমাকে একটা ছায়া তাড়া করছে। মনে হচ্ছে সেটা ভূত। আপাতত সেটাই আমার দুঃখ।শুক বলল, অতুল, তুমি মিছামিছি ভয় পাইয়াছ। তোমাকে কোনো ছায়া তাড়াইয়া নিয়া আসে নাই। অরণ্যের মধ্যে সূর্যের আলো গাছের ফাঁক দিয়া তীর্যকভাবে পড়িয়াছে। তাই গাছপালা আর তোমার ছায়া একটু দীর্ঘ হইয়াছে। তুমি নিজের ছায়াকে দেখিয়াই ভয় পাইয়াছ।তবে যে এখন ছায়াটা দেখতে পাচ্ছি না?এখন তুমি নিজেই যে একটা বড় গাছের নিচে দাঁড়াইয়া আছ। এই গাছের ছায়ার ভেতর তোমার নিজের ছায়াটি হারাইয়া গিয়াছে।—আমি এখানে কী করে এলাম? অতুলের মনে এখন প্রশ্নের পর প্রশ্ন।শুকপাখি বলল, তুমি তোমার প্রবল ইচ্ছার জোরেই এখানে আসিয়াছ। মানুষের ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি।—আমাকে এখানে কত দিন থাকতে হবে? —যত দিন তোমার ইচ্ছা করিবে। ইচ্ছা হইলেই তুমি তোমার দেশে ফিরিয়া যাইতে পারিবে। —তবে শুকপাখি, তুমি আমার ভবিষ্যত্ বলে দাও।—তোমার ভবিষ্যত্ আমি বর্ণনা করিতে পারি। তবে একটা শর্তে। —কী শর্ত? —আমি যাহা বলিব তাহা গোপন করিতে পারিবে না। সবাইকে জানাইয়া দিতে হইবে। এককালে তোমাদের দেশের সৌন্দর্য পৃথিবীর সবাইকে অবাক করিয়া দিয়াছে। কিন্তু আজ সেই সৌন্দর্য হারাইয়া গিয়াছে। আমরা যারা অরণ্যে থাকি, ঘুমাই, জন্মাই, এখানে বড় হই, আমরা সবাই তোমাদের ওপর বড় ক্ষিপ্ত হইয়া আছি। কারণ, তোমরা আমাদের বাসভূমিকে ধ্বংস করিয়া দিতেছ। বৃক্ষদের, পাখিদের হত্যা করিতেছ। তোমরা নিজেরাও বিবাদে লিপ্ত হইয়াছ। তাই তোমাদের দেশ মরুভূমি হইয়া যাইবে। তোমাদের নদী শুকাইয়া যাইবে। তোমাদের গাছে গাছে ফুল ফুটিবে না। ফল ধরিবে না। তোমরা সকলেই বড় কষ্ট পাইবে।অতুল ভয় পেয়ে বলল , শুকপাখি, তুমি আমাদের কষ্ট দিয়ো না। আমি কী করিয়া তোমাদের কষ্ট দিব। তোমাদের কষ্ট তোমরা নিজেরাই ডাকিয়া আনিয়াছ।আমরা এই কষ্ট থেকে রেহাই পেতে চাই। এর জন্য আমাদের কী করতে হবে? শুকপাখি এবার ডাল থেকে নেমে এসে অতুলের কাঁধে এসে বসল—তুমি তো ভালো করিয়াই জানো, কী করিলে কী হয়। লোভে পড়িয়া তোমরা যাহা করিতেছ, তাহা সবাইকে ধ্বংসের দিকে ঠেলিয়া দিতেছে। তবে তোমার কথা ভিন্ন। তুমি অতিশয় ভালো। ভারি সুন্দর ছবি আঁকিতে পারো। মন সুন্দর বলিয়াই সুন্দর ছবি আঁকিতে পারিতেছ। নচেত্ পারিতে না। একদিন তুমি অনেক বড় শিল্পী হইবে। তবে তোমার একার সৌন্দর্য সৃষ্টিতে কোনো কাজ হইবে না। তোমার চারপাশে যদি অসুন্দর থাকে, তবে তোমার সৃষ্টি সৌন্দর্যও অসুন্দর হইয়া যাইবে। অতুল বলল, তোমার কথা আমি সবাইকে জানিয়ে দেব।শুকপাখি খুশি হয়ে বলল, আমার কথা শুধু গল্পে শুনিয়াছ। তুমি যখন আমার কথা সবাইকে বলিবে, তখন তোমাকে কেউই বিশ্বাস করিবে না। এই জন্য আমি তোমাকে আমার একটি পালক উপহার দিতেছি আর একটি বটবৃক্ষের চারাও দিতেছি। চারাটি তোমার বাড়ির আঙিনায় লাগাইয়া দিবে। একদিন ইহা বড় হইবে। অ-নে-ক বড়। তখন তাহাতে নানা পাখির মেলা বসিবে। যদি পারি আমিও যাইব।অতুল বলল, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এক্ষুনি এই চারাটি লাগাতে হবে।শুক বলল, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করিলেই তুমি ঘুমাইয়া পড়িবে। আর ঘুম হইতে জাগিয়া দেখিবে, তুমি তোমার শয়নকক্ষে শুইয়া আছ।অতুল ঘুম থেকে জেগে প্রথমেই শুকপাখির পালক আর বটগাছের চারাটি খুঁজতে লাগল। দেখল, তার বিছানার পাশে তারা চুপচাপ পড়ে আছে।