অহংকারী পৃথিবীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ভাইয়ের এক বোন হলে যা হয়, পৃথিবীটা এমন আহ্লাদি, বলার মতো না। আহ্লাদি, আবার অহংকারীও। ভারি অহংকার। তার মতো কেউ আছে আর কোথাও? কেন, তার ভাইয়েরা কেউ তার মতো সবুজ? তার মতো নীল? তার মতো রঙিন? কখনো না। এই অহংকারে সে পারলে তার ভাইদের সঙ্গেও কথা বলে না। অথচ কত ভালো তার ভাইয়েরা। মঙ্গল, শুক্র, বুধ, শনি, ইউরেনাস, বৃহস্পতি আর নেপচুন। সাতজনই এত ভালো যে বোন অহংকারী হলেও তারা ভালোবাসে তাদের বোনকে।এই অহংকারী এক বোন আর ভালো মানুষ সাত ভাইয়ের বাবা হলেন সূর্য। ছেলেমেয়েদের নিয়ে তাঁর বাড়ি মহাকাশে থাকেন তিনি। দেখেশুনেও রাখেন সবাইকে। তবে বোঝা যায়, মেয়েকে একটু বেশি আদরই করেন ভদ্রলোক। তাতে অবশ্য হিংসা করে না তাঁর ভালো মানুষ ছেলেরা।আসলে মেয়ের অহংকার দেখে মজাই পান বাবা সূর্য। ছোট্ট মেয়ে তো। এই জন্য বোঝে না যে, অহংকারের মতো বাজে কিছু আর হয় না! একদিন বুঝবে। আর বুঝবে! পৃথিবী ধারও ধারে না এসবের। অহংকারে ভাইদের সঙ্গে কথা বলে না, আবার পারলে দুই কথা শোনাতেও ছাড়ে না। গায়ে পড়েই শোনায়। যেমন মঙ্গলকে হয়তো বলল, ‘কী বিচ্ছিরি রং রে বাবা। এমন বিদঘুটে কমলা কেউ হয়?’ বৃহস্পতিকে হয়তো বলল, ‘যতটা দেখায় ততটা বড় তো তুমি না। এত বড় বড় ভাব করো কেন? রংটাও কেমন। এত সাদা! উহ্!’ শনিকে হয়তো বলল, ‘আমার হাসি পায় তোমাকে দেখলেই! গলায় এমন একটা আংটা পরে কেউ ঘোরে?’ ইউরেনাসকে হয়তো বলল, ‘ভারি তো নীল রং! তুমি কি বুঝতে পারো, একটা ভূতের মতো দেখায় যে তোমাকে!’ শুক্রকে হয়তো বলল, ‘এত ধুলো তোমার শরীরে। তোমাকে তো দেখাই যায় না।’ নেপচুনকে হয়তো বলল, ‘উহ্ রে! কী ঠান্ডা! এত ঠান্ডা হতে আছে নাকি কখনো?’ আর বুধকে হয়তো বলল, ‘তোমার এত কিসের তাড়া শুনি? বাবার ল্যাজে ল্যাজে সারাক্ষণ ছুটছ?’এই হলো কথার ধরন। বাবার ল্যাজে ল্যাজে সারাক্ষণ ছুটছ! বাবাকে নিয়ে কেউ এ রকম বলে? আর বাবা কি ধূমকেতু নাকি?এসবের পর আবার আছে ‘মানুষ!’ ওরে বাবা রে! মানুষ নিয়ে কী যে অহংকার পৃথিবীর! মানুষ এই, মানুষ সেই! কত যে কথা! সবচেয়ে বড় কথা হলো, পৃথিবী ছাড়া মানুষ আছে আর কোথাও?তা নেই। কিন্তু মানুষ কী রকম, সেটা কি আর বৃহস্পতি, নেপচুন, মঙ্গল জানে না? শনি, বুধ, ইউরেনাস, শুক্র জানে না? ভালো। বেশির ভাগ মানুষই ভালো। তারা ভালো চায়ও পৃথিবীর। কিন্তু কিছু মানুষ যে আছে, অল্প কয়েকজন, অত্যন্ত বাজে রকমের! তারা যুদ্ধবাজ আর কুটিল। পৃথিবী তো পরের কথা, মানুষেরই ভালো তারা চায় না কখনো। এই বাজে মানুষেরাই একদিন সর্বনাশ করবে পৃথিবীর। সাত ভাই কতবার যে এই কথা বলেছে বোনকে। কিন্তু অহংকারী বোন শুনলে তো একটু। উল্টো ঠোঁট উল্টে বলে দেয়, ‘হিংসা! হ্যাঁ? আমার সব কিছুতেই তোমাদের হিংসা! তোমরা হিংসুটি! হিংসুটি! হিংসুটি!’কী বলে আর ভাইয়েরা? কিন্তু কম তো তারা দেখেনি। সত্যি হলো তাদের শঙ্কাই একদিন। পৃথিবীজুড়ে ভীষণ একটা যুদ্ধ বাধিয়ে দিল বাজে মানুষেরা। তারা বলল, প্রথম বিশ্বযুদ্ধ এটা। বাজে মানুষদের বানানো গুলিগোলা আর বোমার আঘাতে বিচ্ছিরি একটা অবস্থা হলো পৃথিবীর। মুখ পুড়ে গেল এখানে-ওখানে। ভাইয়েরা বলল, ‘এখন বুঝেছ?’ তাও যদি বোঝে পৃথিবী! বলল, ‘এ রকম এক-আধটু হয়ই। এসব নিয়ে চিন্তা করে কেবল বোকারা। তোমরা বোকা। আমি বোকা না।’ আসলে যে কত বোকা সে! কয়েক দিন পরই আরেকটা ভীষণ যুদ্ধ বাধাল বাজে মানুষেরা। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে আগের যুদ্ধের থেকেও অনেক খারাপ অবস্থা হলো পৃথিবীর। বাজে মানুষেরা পারমাণবিক বোমা ফেলল পৃথিবীর দুটো শহরে। মানুষজন, ঘরবাড়িসমেত তছনছ হয়ে গেল দুটো শহরই। আর পৃথিবীর সুন্দর মুখটায় এমন কুৎসিত দুটো দাগ হয়ে থাকল, তাকানো যায় না! এবার একটু দমল পৃথিবী। ভাইয়েরা যখন বলল, ‘এখন বুঝেছ?’, কিছু বলল না। চুপ করে মন খারাপ করে থাকল। ভাইয়েরা বলল, ‘মন খারাপ করো না। সব আবার ঠিক হয়ে যাবে, দেখো।’ ঠিক। মন খারাপ আর থাকে কয় দিন? কিছুদিন যেতে না যেতেই আবার যেই কে সেই হয়ে গেল পৃথিবী। আবার অহংকারী। আবার আহ্লাদি। কেন হবে না? কত ভালো হয়ে গেছে মানুষ! কত ভালো ভালো কাজ করছে তারা। চাঁদে যাচ্ছে, মহাকাশ অভিযানে যাচ্ছে, কম্পিউটার আবিষ্কার করেছে!‘কিন্তু এ তো সব ভালো মানুষেরা।’ ভাইয়েরা বলল, ‘যুদ্ধবাজ খারাপ মানুষেরা না।’ ‘তাতে তোমাদের কী সমস্যা, বুঝলাম না!’ পৃথিবী রাগ করে বলল, ‘আসলে আমার ভালো তোমাদের কোনো দিনই সহ্য হয় না। অবশ্য সহ্য কী করে হবে? তার চেয়ে আমি আমার মতো থাকি। তোমরাও তোমাদের বিচ্ছিরি রং, বিচ্ছিরি ধুলো, আর বিচ্ছিরি মেঘ নিয়ে থাকো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের!’কী বোকা রে, আমাদের বোনটা! আফসোস করে ভাবল দুঃখিত ভাইয়েরা। কোন দিন যে ঠিক হবে ও! ভালো কাজ কম করছে না মানুষ। কথা সত্যি। কিন্তু তারা তো ভালো মানুষ। খারাপ মানুষ যারা আছে, তারা কি আর এমনি বসে আছে নাকি? ভয়ংকর সব অস্ত্র তারা বানাচ্ছে। ভয়ংকর কত কাজ যে করছে!এত চিন্তাভাবনা করে নিরুপায় ভাইয়েরা কথা বলল বাবা সূর্যের সঙ্গেই, ‘বাবা, আপনি ওকে বোঝান।’ সূর্য হাসলেন, ‘অস্থির হয়ো না। ও বুঝবে।’ বুঝলে তো ভালোই। ভাবল ভাইয়েরা। কবে যে বুঝবে? সেই কবে হতে দেরি লাগল না! কয়েক দিন পরই আবার একটা যুদ্ধ বাধাল পৃথিবীর বাজে মানুষেরা। তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন যুদ্ধ আর কখনো হয়নি। এমন ভয়ংকর, এমন বিধ্বংসী। ছারখার হয়ে গেল পৃথিবী। গাছ, পাখি, নদী, মানুষজন, ঘরদোর—সব নিশ্চিহ্ন হয়ে গেল যুদ্ধে। বিভীষিকার মতো সব ঘটনা ঘটল। এক ফোঁটা রং থাকল না পৃথিবীর। না, থাকল। কুৎসিত ছাই রং। পৃথিবীকে দেখে মনে হতে লাগল ছাই রঙের একটা ঢেলা। শুকনো আর রুক্ষ। আর মুখ দেখাতে পারে না বেচারি। ভাইদের সঙ্গেও আর কথা বলে না। আগে অহংকারে কথা বলত না। এখন বলে না দুঃখে ও লজ্জায়। শিক্ষা হয়ে গেছে। ঠিকই বলেছিল তার ভাইয়েরা। অহংকার খারাপ। খুব খারাপ। এসব ভাবে আর সব সময় মনমরা, চুপচাপ হয়ে থাকে পৃথিবী। দেখে মন খারাপ লাগে ভাইদের। যত অহংকারী হোক, নিজেদের বোন। এ ছাড়া এখন তো আর অহংকারী না সে। ভাইয়েরা ঠিক করল তারা যথাসাধ্য সাহায্য করবে তাদের বোনকে।ইউরেনাস বলল, ‘মন খারাপ করে থেকো না। আমি কিছু নীল রং তোমাকে দিচ্ছি।’মঙ্গল বলল, ‘আমি তাহলে কিছু কমলা রং দিই, নাকি?’শনি বলল, ‘আমি মেঘ পাঠাই কিছু?’নেপচুন বলল, ‘আমি দিই কিছু ঠান্ডা।’বৃহস্পতি বলল, ‘আমি তাহলে কিছু উজ্জ্বলতা দিই।’বুধ বলল, ‘আমি দিই কিছু উত্তাপ।’শুক্র বলল, ‘আমি বৃষ্টি দিই কিছু।’ভাইদের এত মায়ায় অনেক দিন পর আবার আগের মতো হলো পৃথিবী। আবার সবুজ, আবার নীল, আবার রঙিন। গাছ, ফুল, পাখি, ফড়িং—হরেক জন্তু আর মানুষের পৃথিবী। অহংকারী সে না আর একটুও। তবে আহ্লাদি ষোলো আনাই। ভাইদের সঙ্গে এখন ভাবো অনেক, ভাইয়েরা তার আবদারে আবদারে অতিষ্ঠ। তবে এ রকম অতিষ্ঠ হতে মনে হয় পছন্দই করে তার ভাইয়েরা। সাত ভাইয়ের এক বোন না! একটু আহ্লাদি তো সে হবেই। অনেক আহ্লাদি হলেই বা দোষ কী।