আঁকিং বুঁকিং
সহজে আঁকাআঁকির ফন্দি শেখাচ্ছেন কার্টুনিস্ট মেহেদী হক! আজ থাকল আঁকিং বুঁকিংয়ের দ্বিতীয় পর্ব।
গোল্লাছুটের গত সংখ্যায় আমরা শিখেছিলাম, OMW ব্যবহার করে কীভাবে আঁকতে হয়। এবার যে বুদ্ধিটা দেখাব সেটা আরও সহজ, এবং সম্ভবত এটা অনেকেই জানি। এই পদ্ধতির নাম হলো লেখা থেকে আঁকা। প্রথমে লিখি Boy, এবারে ওপরের ছবিগুলো পর পর দেখি, কী সহজে একটা লেখা থেকে একটা ছবি হয়ে গেল! আর এখানে আরও মজার বিষয় হলো, যা লিখেছি তা-ই আঁকা হয়েছে। এভাবে আরও কিছু চেষ্টা করে দেখবে নাকি? শুধু ইংরেজি-ই বা কেন? বাংলায় কিছু একটা লিখে সেটা থেকে কি কিছু বানানো যাচ্ছে? এবারে না হয় এই চ্যালেঞ্জটাই তোমাদের দিকে ছুড়ে দেওয়া হলো। দেখি, নতুন কোনো লেখা ব্যবহার করে আর কে কী আঁকতে পার! বাংলা বা ইংরেজি লেখা, যেটা ইচ্ছে ব্যবহার করে কিছু একটা আঁকলেই হবে।
একইভাবে আরেকটা করা যাক। এটা ঠিক লেখা না। গণিত করতে গিয়ে আমরা যে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট (সরল অঙ্কের কথা কে না জানে!) ব্যবহার করি, সেটা দিয়ে কিন্তু খুব সহজেই একটা চেহারা এঁকে ফেলা যায়। ছবিগুলো দেখো। হ্যাঁ, এতটাই সহজ! যারা আরও একটু ভালো আঁকো, তাদের জন্য আরও কিছু মুখ এঁকে দেখানো হলো। এভাবে...যা আমি আগে থেকেই লিখতে বা আঁকতে পারি, তা থেকেই নতুন একটা কিছু আঁকলে সেটা সহজ আর মজার হয়।
সবার শেষে কান নিয়ে একটা টিপস। একটা অর্ধেক গোল আঁকলেই সেটা দেখতে একটু একটু কানের মতো দেখায়। কিন্তু ভেতরের প্যাঁচঘোচ আঁকা আসলেই কঠিন! সে ক্ষেত্রে, অর্ধ গোলকটার ভেতরে একটা ইংরেজি ছোট হাতের h আঁকলেই কিন্তু চলে। পাশের ছবিতে দেখ।
আজ আপাতত এটুকুই থাক।