আঁকিং বুকিং

আঁকতে অনেক পছন্দ করি কিন্তু আঁকতে পারি না—এই আফসোস বোধ হয় অনেকেরই আছে। তাদের জন্য কিন্তু মজার মজার আর সহজ বেশ কিছু উপায় আছে আঁকার। তারই একটা হলো ‘O M W’ পদ্ধতি। এটা বেশ জনপ্রিয় একটা উপায়। আর কিছু আঁকতে না পারলেও ক খ গ ঘ তোমরা নিশ্চয়ই আঁকতে পারো। হ্যাঁ, এটা তো একরকম আঁকা-ই! সেভাবে ডান দিকে দেখো, ইংরেজি বর্ণ ‘O’ ‘M’ আর ‘W’ আঁকা হলো। সেগুলো এবারে একটার পরে আরেকটা সাজানো হলো। মানে O-এর নিচে M, তার নিচে W। এবারে O-এর মধ্যে ‘স্মাইলির’ মতো করে দুটি বিন্দু এঁকে হলো চোখ,

আর একটা বাঁকা চাঁদ দিয়ে হলো হাসিমুখ! যারা আরেকটু ভালো আঁকো, তারা এবার ফাঁকা জায়গার দাগুগুলো মিলিয়ে নিয়ে হাত-পা ইত্যাদি মনের মতো এঁকে নাও। ব্যস, হয়ে গেল একটা মানুষ! এতটাই সোজা। যারা ভাবছ, ‘ধুর, এ আর এমন কী!’ তাদের জন্য এবার আরও একধাপ এগিয়ে নেওয়া যাক।
নিচে দেখো, আগের O M W-এর ওপর কিছু কারিকুরি করা হয়েছে। শেষের জন, মানে এই যে আন্টি, তাঁর কিন্তু ডব্লিউটা শাড়িতেই ঢাকা পড়ে গেছে। মানে আঁকাটা আরও সহজ হলো!

এবার যারা আরেকটু ভালো আঁকিয়ে, তারা ওপরের ছবিগুলোর মতো করে (ধরে নিচ্ছি, O M W দিয়ে আঁকা তোমাদের কাছে পানি-ভাত!) তিনটি চরিত্র এঁকে ফেলো তো। একেকটা একেক রকম হওয়া চাই। খেয়াল করে দেখো, তাদের গড়ন কিন্তু ভিন্ন ভিন্ন। কেউ সরু, কেউ পিচ্চি, কেউ আবার মোটু সাইজের! এই তিনটাও যদি হয়ে যায় তবে নিজে নিজেই আরও কিছু O M W দিয়ে অন্য রকম মানুষ আঁকতে থাকো।
আর আঁকা হয়ে গেলে পাঠিয়ে দাও গোল্লাছুটের ঠিকানায় (আঁকিং বুঁকিং, গোল্লাছুট, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫)।
দেখা যাক, কার আঁকা চরিত্রগুলো সবচেয়ে মজার হয়!