আইস এজ অ্যানিমেশনটির কথা খেয়াল আছে? যেখানে ছিল বাচাল ও দুষ্টু সিড, গম্ভীর প্রকৃতির লোমশ ম্যামথ মেনি, ভিলেনরূপী বাঘ ডিয়াগো আর ওক ফললোভী স্ক্যাট?প্রায় ২০ হাজার বছর আগের ঘটনা। পৃথিবীতে মাত্র বরফ যুগ শুরু হয়েছে। পুরো পৃথিবী বরফে ঢেকে যাচ্ছে। সব পশুপাখি নিজেদের বাঁচাতে কিছুটা উষ্ণ পরিবেশের খোঁজে পাড়ি দিচ্ছে দক্ষিণের দিকে। যাত্রাপথেই সিডের সঙ্গে মেনির দেখা হয়।এদিকে মানুষখেকো একদল বাঘ মানুষের একটি ক্যাম্প আক্রমণ করে। বাঘের হাত থেকে বাঁচতে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে। মেনি ও সিড বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হয়। তারা একসময় সিদ্ধান্তে আসে, বাচ্চাটির বাবাকে খুঁজে বের করে বাচ্চাটিকে ফিরিয়ে দেবে। তারপর শুরু হয় এক দীর্ঘ পথযাত্রা। ভিলেনরূপী ডিয়াগো অসৎ উদ্দেশ্য নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় এবং নানাভাবে তাদের ভুল পথে পরিচালিত করে। এভাবেই ক্রমে কাহিনি রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগিয়ে যায়। যারা এখনো আইস এজ দেখোনি, তাদের জীবন অর্ধেকটাই বৃথা। আর যারা দেখেছ তাদের জন্য সুখবর হচ্ছে, আইস এজ-এর সিক্যুয়েল আছে আইস এজ দ্য মেল্টডাউন নামে। এ পর্বও মেনি, সিড এবং ডিয়াগোর টান টান অ্যাডভেঞ্চারে ভরপুর। ৯০ মিনিটের এ মুভিটিও ব্যাপক জনপ্রিয়। এ পর্বে দেখা যায় পৃথিবীতে বরফ যুগ প্রায় শেষের দিকে। চারদিকে বরফ গলতে শুরু করেছে, জীবজন্তুরা তাই আনন্দে উল্লসিত। কিন্তু হঠাৎ করেই সিড, মেনি এবং ডিয়াগো আবিষ্কার করল বরফগলা পানিতে তাদের সাধের বাসভূমি ডুবে গেছে। তারা বুঝতে পারল, পৃথিবীতে শিগগিরই মহাপ্লাবন শুরু হবে। তাই সবাইকে সতর্ক করতে এবং পরিত্রাণের উপায় খুঁজতে তারা মরিয়া হয়ে উঠল। যারা আইস এইজ দেখে মজা পেয়েছো তারা দ্য মেল্টডাউন দেখেও মজা পাবে।