আঙুলের মাথায় প্রজাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঙুলের মাথায় প্রজাপতি
আঙুলের মাথায় প্রজাপতি

প্রজাপতি দেখলেই মনটা কেমন নেচে ওঠে, তাই না? ইচ্ছে হয় যেন হারিয়ে যাই প্রজাপতির পেছনে পেছনে। আজ না হারিয়ে চলো প্রজাপতি নিয়ে একটা বিজ্ঞানের খেলা খেলি। আজ আমরা এমন সুন্দর একটা প্রজাপতি তৈরি করব, যা কোনো রকম অবলম্বন ছাড়াই দুই ডানা মেলে দাঁড়িয়ে থাকবে তোমার হাতের আঙুলের মাথায়! একবার তৈরি করে দেখোই না মজাটা। নিয়মটা ঝটপট শিখে নিয়ে এক্ষুনি বসে পড়ো।

যা যা লাগবে
সাদা শক্ত কাগজ বা কার্ড পেপারের একটি টুকরো, দুটো ছোট সাইজের মুদ্রা, রংপেনসিল, একটি টুথপিক বা চিকন কাঠি, আঠা, টেপ ও কাঁচি।
যেভাবে করবে
প্রথমে একটি সাদা শক্ত কাগজের টুকরোর ওপর ছবিতে দেখানো প্রজাপতির আকৃতির মতো একটি প্রজাপতি আঁকো। এবার প্রজাপতিটার মুখ এবং লেজের মাঝ বরাবর কাগজটি এমনভাবে ভাঁজ করো যেন প্রজাপতির দুপাশ সমান থাকে। প্রজাপতিটাকে পছন্দের রংপেনসিল দিয়ে রঙিন করো। এখন কাগজের বিপরীত পাশে (যে পাশে রং করোনি) ছবিতে যেমন দেখানো আছে, সেভাবে প্রজাপতির দুটো ডানার ঠিক সেই জায়গায় একটি করে ছোট্ট মুদ্রা আঠা দিয়ে লাগিয়ে দাও। একটি চিকন কাঠি অথবা টুথপিক প্রজাপতির মাঝখানে, অর্থাৎ কাগজ যেখানে ভাঁজ করেছিল, সেই বরাবর টেপ দিয়ে লাগিয়ে দাও। এমনভাবে যেন কাঠির দুপ্রান্ত প্রজাপতির মুখ ও লেজের দিকে থাকে। এবার প্রজাপতিটাকে সোজা করে প্রজাপতির মুখের প্রান্তের কাঠির মাথা একটু নিচের দিকে বাঁকিয়ে নিয়ে ছবির মতো তোমার হাতের আঙুলের মাথায় রাখো।

যা দেখলে
কোনো রকম অবলম্বন ছাড়াই শুধু কাঠির মাথার ওপর ভর করেই প্রজাপতিটা দুই ডানা মেলে ছড়িয়ে রয়েছে আঙুলের মাথায়। কোনো বস্তুর ভরকেন্দ্র বলতে সেই বিন্দুকে বোঝায়, যে বিন্দুতে সমগ্র ভর কেন্দ্রীভূত বলে ধরে নেওয়া হয়। মুদ্রা দুটো যদি এমনভাবে আঠা দিয়ে লাগানো থাকে যে তার ভরকেন্দ্র প্রজাপতির মাথার কাছে থাকে, তবে প্রজাপতিটি যত বড়ই হোক না কেন, ঠিকই তার ভারসাম্য রক্ষা করে আঙুলের মাথায় ডানা মেলে ছড়িয়ে থাকবে। চাইলে তোমার প্রজাপতিটাকে কোনো স্ট্যান্ডের মাথায় সাজিয়েও রাখতে পারো। একটু যদি কঠিন মনে হয়, তাহলে বড়দের সাহায্য নাও।
প্ল্যানেট সায়েন্স অবলম্বনে