আজব এক ভালুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা মা-নেওটা হবে—এটাই স্বাভাবিক। বনের পশুর মধ্যেও এর ব্যতিক্রম নেই। তবে ‘স্লথ বেয়ার’ বলে পরিচিত ভালুকের শাবকেরা যেন একটু বেশি রকমের মায়ের ভক্ত। আর এই ভালুক মায়েরাও শাবককে বেশি রকমের লাই দিয়ে থাকে।দেখা গেল, বন-পাহাড়ের মধ্যে কোনো স্লথ বেয়ার যাচ্ছে, শাবকটি থাকবে কোথায়? ঠিক মায়ের পিঠে। অথচ অন্য ভালুকেরা কখনো শাবককে এতটা আগলে রাখে না। এই ভালুক স্বভাব আর চালচলনেও অন্য ভালুকের চেয়ে আলাদা। ইংরেজিতে ‘স্লথ’ মানে যা, বাংলায় ‘শ্লথ’ মানে তা-ই। অর্থাৎ, খুব ধীর। বাদামি বা কালো ভালুক যেমন চলাফেরায় চটপটে, স্লথ বেয়ার ঠিক এর উল্টো। অলস ভঙ্গিতে এক পা-দুই পা করে যায় এই ধীর-ভালুক।কালো ভালুকের সঙ্গে ওদের তফাত হচ্ছে, স্লথ বেয়ারের গায়ের রোমগুলো বেশ লম্বা। ওদের জিভও বেশ লম্বা। পায়ের নখর বড় ও বাঁকানো। এই নখর গাছ বেয়ে উঠতে ও পিঁপড়া বা উইয়ের ঢিবি খুঁড়তে সহায়তা করে। অন্যান্য ভালুক যেমন শীতকালে শীতনিদ্রায় যায়, স্লথ বেয়ারের এসব দরকার পড়ে না। ধীর-ভালুক সাধারণত ১৪০ থেকে ১৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। পুরুষটির ওজন হয়ে থাকে ৮০ থেকে ১৪০ কেজি। মাদিটির ওজন ৫৫ থেকে ৯৫ কেজি। বছরে একটি বা দুটি শাবকের জন্ম দেয় মা ভালুক।মজার ব্যাপার হচ্ছে, এটা আমাদের এই দক্ষিণ এশিয়ারই ভালুক। তবে সংখ্যায় খুব বেশি নেই। বিবিসির তথ্যমতে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও নেপালে এই ভালুক রয়েছে। বিজ্ঞানীদের মতে, সংখ্যায় সব মিলিয়ে ২০ হাজারের কিছু বেশি হবে ওরা। এটি হিংস্র তো নয়ই, বরং লাজুক স্বভাবের। এ জন্য ওদের খোঁজ পাওয়া দায়। বিশেষ করে দিনের বেলায়। রাতে খাবার খুঁজতে বেরিয়ে বেশির ভাগ সময় পিঁপড়ে বা উইপোকা খায় ওরা। এসব খাওয়ার সময় এমন শব্দ করে, অনেক দূর থেকে শোনা যায়। আরও খায় বিভিন্ন ধরনের মিষ্টি ফল ও ফুল।রাতের আঁধারে খেত-খামারে শস্যহানি করে বলে অনেক কৃষক ও খামারির শত্রু ওরা। এ জন্য বেঘোরে মারা পড়ে এই ভালুক। ওদের পিত্তথলি এশিয়ায় ওষুধের কাজে ব্যবহূত হয়। এটিও ধীর-ভালুকের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ।  শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক, বিবিসি।