আজব পাখি
পাখির চপলতা, মিষ্টি ডাক কার না ভালো লাগে। এমন কিছু আজব পাখি রয়েছে, যাদের কাণ্ডকারখানা গড়পড়তা অন্য সব পাখির সঙ্গে মেলে না। এসব পাখির মধ্যে কোনোটির গুণ মুগ্ধ করে, কোনোটির গুণ অবাক করে দেয়।আফ্রিকার খালবিলে রয়েছে এক জাতের কালো সারস। ওরা ‘ব্ল্যাক হেরন’ বলে পরিচিত। পাখা দুটি মাথার ওপর ছড়িয়ে সুন্দর ছাতা তৈরি করতে পারে ওরা। কোনো জলাশয়ে এই সারস যদি ছাতা মেলে থাকে, হঠাৎ কেউ সেখানে গেলে অবাক হবে। মনে মনে বলবে, আরে, এই ছাতা এল কোত্থেকে!এটি আসলে এই সারসের শিকার ধরার কৌশল। এভাবে গোল করে ছাতা মেলে পানিতে ছায়া ফেলে পাখিটি। এতে একসঙ্গে দুই কাজ হয়। প্রথমত, রোদ আড়াল করে শিকার খুঁজে নেয়। মাছ ও ছোটখাটো জলজ প্রাণী শিকার করে ওরা। ছাতা মেলে চোখ ধাঁধানো রোদ আড়াল করলে শিকার খুঁজে পেতে সুবিধা হয়। আবার মাছগুলোও ভাবে, যাই, ওই ছায়ার ভেতর এক পাক চক্কর দিয়ে আসি। এই ভেবে ছায়ার ফাঁদে এসে ধরা দেয়। আরেক আজব পাখি ‘বারচেলস স্যান্ডগ্রাউজ’। আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় মরু এলাকায় থাকে ওরা। শুকনো এলাকায় থাকে বলে পাখিটির খাবারও সব রসহীন। সাধারণত নীরস কঠিন বীজ খায় ওরা। এ জন্য শরীরে প্রচুর পানির দরকার হয়। তাই প্রতিদিনই কোনো না কোনো জলাশয়ে গিয়ে নামে। এই পাখির মধ্যে পুরুষটি আবার অন্য রকম। ওদের পেটের পালকে জলকণা ধরে রাখার বিশেষ খুদে কোটর রয়েছে। জলাশয়ে নেমে এসব জলকণা কোটরে ভরে নেয় ওরা। তবে তা নিজের জন্য নয়। ছানাদের জন্য। এদিক থেকে ওরা দায়িত্বশীল বাবা বটে। সুন্দর এক পাখি নীল-মাথা ইফ্রিটা। নিউ গিনির বাসিন্দা ওরা। তবে পাখিটি দেখে যতই নয়ন জুড়াক না কেন, ছুঁতে নেই ওদের। ইফ্রিটার পালক ও ত্বকে রয়েছে মারাত্মক বিষ। দুনিয়ায় হাতেগোনা যে কয়টি বিষাক্ত পাখি রয়েছে, এর মধ্যে ইফ্রিটা একটি। ওদের গায়ে বিষ থাকার কারণ আজও খুঁজে পাননি বিজ্ঞানীরা। তবে এই বিষ দুদিক থেকে উপকার করেছে পাখিটির। একদিকে বিষের কারণে ত্বকে বিচরণ করা খুদে পোকামাকড় ওদের গায়ে থাকতে পারে না। অন্যদিকে মাংসলোভী প্রাণী ওদের শিকার করতে ভয় পায়। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: রেঞ্জার রিক