আবার যেদিন দেখা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: সুমেহরা রুশদা, কিন্ডারগার্টেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

কীভাবে কীভাবে প্রায় দুটি বছর কেটে গেল টেরই পেলাম না। এত দিন ধরে করোনার কারণে স্কুল বন্ধ থাকায় কোনো বন্ধুর সঙ্গেই দেখা হয়নি। হঠাৎ করে একদিন ঘোষণা এল, স্কুল খুলে দেবে। ক্লাস হবে সপ্তাহে এক দিন। খবরটা শুনে আমার খুশি আর ধরে না! তবে আমার স্কুলের পোশাকটা আর গায়ে লাগছে না। তাই অন্য একটা পোশাক পরব বলে ঠিক করলাম।

স্যারকে অবশ্য ফোনে জিজ্ঞাসা করেছিলাম, কোনো অসুবিধা হবে কি না। স্যার বললেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নতুন পোশাক বানিয়ে ফেলা উচিত।

আমি ক্লাস এইটে পড়ি। তাই এখন একা একাই স্কুলে যাই। কিন্তু এত দিন পর যাচ্ছি বলে

মা স্কুলগেটে পৌঁছে দিল। আমি তো স্কুলে ঢুকে অবাক! স্কুল আগের থেকে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। পুরোনো দেয়ালটা ভেঙে নতুন দেয়াল করা হচ্ছে। আর এক পাশে দেখি, একটি নতুন দালানও করা হচ্ছে।

হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি, একটা ছেলে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে। একটু ভালো করে লক্ষ করতেই আমি অকাশ থেকে পড়লাম। এ যে আমার বেস্ট ফ্রেন্ড সুজয়! দেখে চিনতেই পারিনি! অনেক লম্বা হয়েছে আর শুকিয়ে গেছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘কিরে দোস্ত, কেমন আছিস?’

‘ভালো। তুই কেমন আছিস?’

‘ভালো। আরও ভালো ছিলাম, যখন আমার কোভিড হয়েছিল।’

সুজয় লাফ দিয়ে দুই পা পিছিয়ে গেল, ‘এখন নাই তো?’

‘আরে, না না। এখন নাই।’

‘কিন্তু কোভিডের সময় তুই ভালো ছিলি মানে?’

‘কোভিড হয়েছে বলে আমাকে পড়ার জন্য বকা খেতে হয়নি। সারা দিন গেমস আর গেমস!’

সুজয় কোনো কথা বলল না। মনে হয়, আমার কথা বিশ্বাস করেনি।

আমি ওর সঙ্গে কথা শেষ করে অন্যদের কাছে গেলাম। কারও চেহারা আর আগের মতো নেই। তারাও বলছে, আমার চেহারাও নাকি অনেক বদলে গেছে।

মাত্র দুটি ক্লাস হলো। এত দিন পর সবার সঙ্গে দেখা হওয়াতে ক্লাসে পড়ার চেয়ে গল্পই হলো বেশি। ছুটির পর আমাদের সবাইকে সার বেঁধে ক্লাস থেকে বের করা হলো। বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে বাসায় ফিরে এলাম।

সেদিন সব ইচ্ছাই পূরণ হলো, একটা বাদে। কাউকে জড়িয়ে ধরতে পারলাম না। যখন করোনাভাইরাস চলে যাবে, তখন বন্ধুদের জড়িয়ে ধরব। স্কুলের মাঠে মাস্ক খুলে প্রাণভরে শ্বাস নেব।