আবীরের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের নিয়ন আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। জানালার পর্দা ভেদ করে আবছা আলো প্রবেশ করেছে আঁধারে ঢাকা ঘরের ভেতর। শীতের হিমেল বাতাস ঘরের আলো-আঁধারির খেলায় পরশ বোলাচ্ছে। ঘরে আবীর একা বিছানায় শুয়ে আছে। আধবোজা চোখে আবীর ঘরটার চারপাশ তাকিয়ে দেখতে লাগল। আড়মোড়া ভেঙে উঠে বসল আবীর। আজ তার জন্য বিশেষ একটি দিন, বিশেষ দিনের বিশেষ সময়টুকু সে আনন্দে কাটাবে, নাকি শুয়ে-বসে কাটাবে, সেই সিদ্ধান্ত সে এখনো নিতে পারেনি। বিছানার পাশে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে সামান্য পানি খায় সে। বিছানা থেকে নেমে সে জানালার সামনে এসে দাঁড়ায়। আলোর রংছটা ধীরে ধীরে তার রং ছড়াচ্ছে প্রকৃতিতে। কুয়াশাচ্ছন্ন আশপাশের দালানগুলোর চেয়ে এ হাসপাতাল যেন বিশাল এক দুর্গ হয়ে দাঁড়িয়ে আছে। এসব দৃশ্য উপভোগ করার জন্য হয়তো আবীরের আজই শেষ দিন। কারণ আজ তার অপারেশন।হয়তো বা পৃথিবীর বুক থেকে আজ আবীর নামের একটি ছেলের নাম পুরোপুরি মুছে যাবে। তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে। প্রথম প্রথম তার মাথায় খুব চিনচিনে একটা ব্যথা অনুভূত হতো। আবীরের বাবা মো. মালেক রহমান সরকারি অফিসের সামান্য একজন কর্মকর্তা। প্রথমে তিনি আমলে নেননি। এরপর আট মাস কেটে যায়। একদিন আবীর প্রচণ্ড মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়ে যায়। ডাক্তারি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে। দেরি হয়ে যাওয়ায় তার মস্তিষ্কে প্রচণ্ড ক্ষতি হয়। অপারেশনের মাধ্যমে একটা চেষ্টা করা যেত, কিন্তু বাঁচার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আবীরের বাবা তাঁর সব মূল্যবান সহায়-সম্পত্তি বিক্রি করে আবীরের এই অপারেশনের ব্যবস্থা করলেন।এরপর শুধু প্রতীক্ষার প্রহর গোনা। সেই প্রতীক্ষার অবসান হলো আজ। কিন্তু সে বিষয়ে তার বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। পৃথিবীর বুকে তার ১১ বছরের কাটানো সময় পুরোপুরি অর্থহীন লাগছে আজ। যেন সময় ও ভাগ্য এই দিনটিরই অপেক্ষায় ছিল। বোধহয় এখন আবীরের মায়ের কাছে যাওয়ার সময় এসেছে। দুদিন আগে সে ঘুমের মধ্যে মাকে স্বপ্নে দেখেছে। পরনে সাদা শাড়ি, মুখে ভুবন-ভোলানো হাসি। তিনি ডাকলেন আবীরকে, ‘এই আবীর, শুনছিস?’ঘুমজড়ানো কণ্ঠে আবীর উত্তর দিল, ‘হ্যাঁ, মা। কিছু বলবে?’—‘তুই কি আসছিস আমার কাছে?’—‘জানি না।’—‘খুব খারাপ লাগবে কি বাবাকে ছেড়ে আমার কাছে আসতে?’—‘হয়তো বা, কিংবা না।’—‘এখানে তো খুব কষ্ট, থাকতে পারবি?’—‘তুমি আমার সঙ্গে থাকলে থাকতে পারব।’জানালার ধার থেকে আবীর সরে এল। হাসপাতালের এই ছোট্ট ঘরটি এখন তার কাছে অসহ্য হয়ে উঠেছে। সবকিছুই তার কাছে বিচ্ছিরি লাগে, যেন সে জীবন্ত কবরে শুয়ে দিন কাটাচ্ছে। হঠাত্ কোনো আগমনি বার্তা না শুনিয়েই তার মাথায় যন্ত্রণা শুরু হলো। পুরো মাথা যেন ছিঁড়ে খাচ্ছে এই যন্ত্রণা। তাড়াহুড়ো করে সে টেবিল থেকে দুটি ট্যাবলেট বের করে গ্লাসে থাকা অবশিষ্ট পানির সঙ্গে খেয়ে নিল। আস্তে আস্তে পুরো ব্যথাটা তার শরীরে ছড়াতে লাগল, আবার কিছুক্ষণ পর হঠাত্ উধাও হয়ে গেল। আবীর খুব জোরে হাঁপাতে লাগল। এর মধ্যে একজন নার্স সকালের নাশতা নিয়ে তার কক্ষে ঢুকল আর টেবিলে রেখে চলে গেল। নাশতার দিকে চোখ পড়ার পর আবীর চোখ ফিরিয়ে নিল। দুটি রুটি, সামান্য সবজি-ভাজি আর শসা। প্রতিদিন একই নাশতা খেতে খেতে সে ত্যক্তবিরক্ত হয়ে উঠেছে। তবু ক্ষুধার জ্বালা নিবারণে একটি রুটি খেয়ে নিল কোনোমতে। প্রচণ্ড এক বিরক্তিকর সময় কাটবে এখন। কিছুই করার নেই তার। বাজে মাত্র সাড়ে ১০টা। সময় এখনো অনেক বাকি। হঠাত্ সে ভাবল, তার আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। কিন্তু সে জানে না, সে কীভাবে করবে। তবু সে তার চোখ দুটি বন্ধ করে নিল এবং নিজের মনকে প্রশ্ন করল, ‘আবীরের আত্মা, তুমি কি আবীরের কথা শুনতে পাচ্ছ?’কিছুক্ষণ পর মনের ভেতর থেকেই তার কাছে উত্তর এল, ‘হ্যাঁ, পাচ্ছি।’—‘তুমি কি জানো মৃত্যু কী?’—‘আমি জানব কীভাবে? তুমিই যদি না জানো, তবে আমার জানার উপায় কোথায়? কিন্তু মৃত্যু কেমন, তা তো তুমি নিশ্চয়ই জানো।’—‘হ্যাঁ, জানি। তবু তোমার কাছ থেকে শুনতে চাই?’—‘মৃত্যুর পর শুধুই স্বাধীনতা। কেউ বাধা দেওয়ার নেই। তুমি যেখানে খুশি থাকবে, যা খুশি খেতে পারবে, ইচ্ছেমতো খেলতে পারবে। কেউ তোমাকে দেখবেও না, বকবেও না। তুমি চাও না স্বাধীনতা?—‘আমি বলতে পারব না।’একসময় আবীর ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে যখন উঠল, তখন বিকেল পাঁচটা। টেবিলে তার দুপুরের খাবার পড়ে আছে। নার্স তাকে না ডেকেই খাবার রেখে চলে গেছে। সে ওই বাসি খাবার ছুঁয়ে দেখল না। সে চোখ বন্ধ করে ভাবতে শুরু করল—সে চলে গেলে বাবা কীভাবে থাকবে, তার ক্রিকেট-ব্যাট, মনোপলি, আঁকা ছবিগুলো কীভাবে পড়ে থাকবে, বন্ধুরা তাকে ছাড়া কীভাবে থাকবে ইত্যাদি ইত্যাদি। একসময় সে চোখ খুলে দেখল, তার বাবা বিছানার পাশে বসে আছে এবং তার দিকে মায়াভরা করুণ চোখে তাকিয়ে আছে। দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ছে বাবার চোখ দিয়ে। বাবা আবীরের একটা হাত ধরে করুণ গলায় বললেন, ‘কেমন আছিস, আবীর?’আবীর হাসিমুখে উত্তর দিল, ‘খুব ভালো আছি, বাবা।’—‘তোর কি খুব কষ্ট হচ্ছে, সোনা?’—‘না, বাবা, আমার কোনো কষ্ট নেই।’—‘তোকে আর কষ্ট করতেও হবে না, ছয়টায় তোর অপারেশন। তারপর তুই ভালো হয়ে উঠবি। সব আগের মতো হয়ে যাবে। তোর কিছু হবে না।’আবীর জানে, তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলছেন। তাই সে বলল, ‘যদি কিছুই ঠিক না হয়, তবে?’বাবা আরও করুণ ও মমতাভরা কণ্ঠে বললেন, ‘কেন ওসব কথা বলছিস, আবীর? তোর মা আগেই আমাদের ছেড়ে চলে গেছে। তোকে তো আর হারাতে পারি না আমি। তুই চলে গেলে আমি কী নিয়ে থাকব!’আবীর কিছু বলে না। শুধু বাবার দিকে তাকিয়ে থাকে। তার চোখেও জল চলে এসেছে। হঠাত্ আবার সেই ভয়ংকর ব্যথা তার পুরো দেহটাকে কাঁপিয়ে তুলল। মাথায় যেন কে বিশাল এক হাতুড়ি দিয়ে দমাদম পেটাচ্ছে আর মাথার ভেতরের কোষগুলো যেন খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়ছে। সে আর থাকতে পারছে না। সে শুধু চিত্কার করছে। তার বাবা ইতিমধ্যে ডাক্তারকে ডেকে নিয়ে এসেছেন। স্ট্রেচারে করে তাকে তোলা হলো অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়ার জন্য। আবীর শুধু চিত্কার করে করে চলেছে আর ভয়ার্ত চোখে চারপাশে তাকাচ্ছে। বাবার ক্রন্দনরত চেহারা তার চোখে পুরোপুরিভাবে আটকে গেল। আবীরকে নিয়েই তো বাবা বেঁচে আছেন। আবীরের তো সামনে অনেক সময় পড়ে আছে। হয়তো এখনো আবীরের মার কাছে যাওয়ার সময় হয়নি। তাকে এ পৃথিবীতেই বেঁচে থাকতে হবে, বাবার কাছে। বেঁচে থাকার এক আকুল আবেদন সে জানাতে চাইল সবাইকে। শেষ মুহূর্তে তার মুখ থেকে শুধু উচ্চারিত হলো, ‘আমি বাঁচতে চাই। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি বাঁচতে...।’