বাজারে পা বাড়ালেই আমজাদ হোসেনের মধ্যে হামবড়া ভাব দেখা যায়। হামবড়া মানে হলো নিজেকে বিশাল কিছু ভাবা। আশপাশের লোকেরা সমীহ করে চলবে এমন।
আমজাদ হোসেন একদিন হামবড়া ভাব নিয়ে গেলেন মুরগির দোকানে। দোকানিকে কিছু বলার আগেই তিনি সবচেয়ে বড় মুরগিটা বাছাই করতে
শুরু করেন।
‘ফার্মের মুরগি দাও। নাতি-নাতনিরা আসছে। তারা ফ্রায়েড চিকেন খাইতে চায়। দেশি মুরগিতে হইব না।’
ফার্মের মুরগিগুলো ঝিম মেরে বসে থাকে। তেমন ঝামেলা করে না। আমজাদ সাহেব খেয়াল করলেন, খাঁচার ভেতর একটা মুরগি একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। আমজাদ সাহেবের অস্বস্তি লাগছে। মুরগি এভাবে তাকিয়ে থাকবে কেন?
‘জলদি করো। টাইম কম।’
‘জি, ভাই। এখুনি দিচ্ছি।’
আমজাদ সাহেবের মনে হলো, দোকানির কথাটা বুঝতে পারল মুরগিটা। সে মাথা নিচু করে ফেলল। আমজাদ সাহেবের অস্বস্তি বেড়ে গেল। তিনি মুখের মাস্কটা টেনেটুনে মুরগিটার আরও কাছে গিয়ে দাঁড়ালেন। এমন সময় ফিসফিস করে মুরগিটা বলল...না, তিনি মোটেও ভুল শোনেননি। মুরগিটাই মাথা নিচু করে বলল, ‘আমারে গরম তেলে ভাইজা খাইবেন, স্যার?’
‘চুপ থাক! ফার্মের মুরগির মুখে এত
বড় কথা।’
দোকানি ভড়কে গেলেও কিছু বললেন না। আমজাদ সাহেবের সঙ্গে কথা যত কম বলা যায়, তত মঙ্গল। তা না হলে মুরগির দাম না দিয়েই চলে যেতে পারেন।
‘ভাই, সত্যিই আমাকে খাইবেন?’
‘তোরে খাব, তোর চৌদ্দগুষ্টি...।’
কথাটা বলতে গিয়ে আমজাদ সাহেবের গা গুলিয়ে এল। হড়বড় করে বমি করলেন। মাস্ক খোলারও সময় পেলেন না। সব বমি তার মুখেই আটকে গেল। বিশ্রী কাণ্ড।
সবাই হইহই করে ছুটে এল। আমজাদ সাহেবকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তিনি পুরোপুরি সুস্থ বোধ করলেও হাসপাতালে গেলেন। যাওয়ার পথেও মাথার ভেতর মুরগির শেষ কথাগুলো ঘুরছে। একটা কথা বলা মুরগিকে তিনি চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন...
দৃশ্যটা মনে হতেই দ্বিতীয়বার বমি করলেন আমজাদ সাহেব।
পাশে থাকা ভদ্রলোক কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেলেন। মাছ বিক্রেতা তাকে ইশারায় বুঝিয়ে দিল আমজাদ সাহেব বিশাল গুন্ডা। তার কথার নড়চড় হলে তুলকালাম কাণ্ড ঘটে যাবে।
এক সপ্তাহ পর। আমজাদ সাহবে গেছেন মাছবাজারে। ঢোকামাত্রই মনে হলো কানে তুলো দিয়ে এলে ভালো হতো। এত শব্দ কেন চারপাশে! মানুষের দরদাম করার শব্দ পাচ্ছেন। তার সঙ্গে মিহি সুরে আরও অনেক কথা শুনতে পেলেন। কারা যেন ‘পানি! পানি!’ বলে চিঁ চিঁ-জাতীয়
শব্দ করছে।
আমজাদ সাহেব গেলেন তার পছন্দের রুই বিক্রেতার কাছে। এক লোক জ্যান্ত রুই কিনছে একটা। আমজাদ সাহেব স্পষ্ট শুনতে পেলেন রুই মাছটাই পানি পানি বলে চেঁচাচ্ছে। কেউ শুনতে পাচ্ছে না কেন? এদিকে লোকটা মাছটাকে কেটে দিতে বলল।
‘এই, থামো!’
‘জি, স্যার।’
‘এই মাছ কাইটো না।’
পাশে থাকা ভদ্রলোক কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেলেন। মাছ বিক্রেতা তাকে ইশারায় বুঝিয়ে দিল আমজাদ সাহেব বিশাল গুন্ডা। তার কথার নড়চড় হলে তুলকালাম কাণ্ড ঘটে যাবে।
‘জি, স্যার, এই মাছ আপনার। এটা বেচুম না। এক হাজার টেকা দিলেও বেচুম না।’
‘আমার কাছেও বেচতে হবে না। মাছটাকে পানির গামলায় ছাইড়া দাও।’
‘জি, স্যার। এই রাখলাম।’
আমজাদ সাহেব দোকানির দিকে পাঁচ শ টাকা বাড়িয়ে হনহন করে বেরিয়ে গেলেন মাছবাজার থেকে। দূর থেকে ‘পানি! পানি!’ বলে চেঁচিয়েই যাচ্ছে অন্য মাছগুলো।
ভালোই বিপদে পড়েছেন। কাউকে বলাও যাচ্ছে না ব্যাপারটা। বললেই পাগল ভাববে। তাকে থাকতে হবে একদম স্বাভাবিক।
এক মাস পর। আমজাদ সাহেব তার যাবতীয় গুন্ডাগিরি ছেড়ে দিয়েছেন। মানুষের সঙ্গে কথাবার্তা বলেন কম। বেশি বলেন পশুপাখির সঙ্গে। আমজাদ সাহেবকে নিয়ে কেউ চিন্তা করে না। পরিবারের লোকজন চিন্তা করলেও অত টেনশন নেই। কারণ, আমজাদ সাহেবের ব্যবসা-বাণিজ্য ঠিকঠাক চলছে। আয়-রোজগারে সমস্যা হচ্ছে না। সমস্যা একটাই, তিনি মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। আর বিকেল হলে বের হয়ে গরু-ছাগলের সঙ্গে কথা বলেন।
‘কিরে, কান্দস ক্যান?’
‘গতকাল বাবাকে ধরে নিয়ে গেছে কসাইরা।’
‘গরু হয়ে জন্মাইছস, কিছু করার নাই। আমার কথাও এখন কেউ শুনবে না। আমি পাগল। মন খুব খারাপ রে, খুব খারাপ।’
‘স্যার, সবাই আপনার মতো যদি আমাদের খাওয়া বন্ধ করত...।’
‘সেই উপায় নাই রে। গরু-ছাগল হয়ে জন্ম নেওয়া মানেই ডেকচিতে ওঠা লাগবে।’
‘সবাই আপনাকে পাগল বলে, আমাদের খারাপ লাগে।’
‘বলুক, আমি কিছু মনে করি না।’
‘আপনি সারা দিন মন খারাপ করে থাকেন। আপনি ডাক্তার দেখান।’
আমজাদ সাহেবকে একটা বাছুরের সঙ্গে কথা বলতে দেখে এগিয়ে এলেন মনোবিজ্ঞানী মাহবুব আলী। আমজাদ সাহেবকে দেখভালের জন্য গোপনে মাহবুবকে নিয়োগ দিয়েছেন তার স্ত্রী।
‘আমজাদ সাহেব, কী কথা বলেন?’
‘হাম্বা হাম্বা করি।’
‘হা হা। আপনি ভেজিটেরিয়ান হয়ে গেছেন ভালো কথা। সবাই হলে ভালোই হতো। আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি। যে লোক মাংস খায়, তার জন্য ১৭ গুণ জমি বেশি লাগে, ১৪ গুণ বেশি পানি লাগে, আরও বহু কিছু বেশি বেশি লাগে। গোটা দুনিয়ার চেহারা বদলে যেত যদি আমরা মাংস খাওয়া বন্ধ করতাম।’
‘জ্ঞানের কথা শুনে কাম নাই। আপনি আসেন। আমি সুস্থ আছি।’
‘আমি প্রেসক্রিপশন দিতে আসি নাই। অনেক ভেবেচিন্তে আপনার মন খারাপের একটা সমাধান এনেছি। কিরে হাম্বা, বলব নাকি আমজাদ সাহেবকে।’
আমজাদ সাহেবের ইচ্ছা হলো...নাহ..কারও গায়ে হাত তোলার ইচ্ছাও তার নেই এখন। বাছুরটাও বলল, ‘ডাক্তার সাহেব ভালো মানুষ। তার কথা শোনেন।’
বাছুরের কথা ফেলে দিতে পারলেন না আমজাদ সাহেব। গেলেন মাহবুব আলীর সঙ্গে।
কদিন পর। আমজাদ সাহেব বারান্দায় বেশ হাসিখুশি ভাব নিয়ে বসে আছেন। ঘটনা কী? তার বিশাল আঙিনাজুড়ে ইয়া বড় এক খামার। হাঁস-মুরগি, গরু-ছাগল সবই আছে। নিশ্চিন্তে চরে বেড়ায় ওরা। এদিকে সাইবেরিয়া থেকে একটা শীতের পাখি এসেছে তার বাড়িতে। আমজাদ সাহেব গভীর মনোযোগ দিয়ে পাখিটার সঙ্গে রাশিয়ার রাজনীতি নিয়ে আলাপ করছেন। দূর থেকে দৃশ্যটা দেখে তৃপ্তির হাসি হেসে চলে গেলেন মাহবুব আলী। পশুপাখির একটা অভয়ারণ্য খামার গড়ার প্রেসক্রিপশনটা ভালোই কাজে দিয়েছে।