আমযোদ্ধা
জাতীয় সংগীত গাওয়া শেষ করে সবাই হইহই রইরই করে ক্লাসরুমে ঢোকে। স্কুলের সামনে ঘন ছায়া করে দাঁড়িয়ে থাকা আমতলায় দপ্তরি রহমত বেল বাজায়। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে বগলের তলায় হাজিরা খাতা চেপে ধরে ক্লাসে ঢোকেন জাফর স্যার। ছেলেমেয়েরা খুনসুটি বাদ দিয়ে যার যার জায়গায় স্থির হয়ে বসে। হাজিরা শেষে স্যার পানটাকে গাল বদল করার সময় হাকিমপুরী জর্দার ঘ্রাণ ছড়িয়ে পড়ে ক্লাসে। স্যার বলেন, ‘আজ আমি তোমাদের পড়াব একটা মুক্তিযুদ্ধের গল্প, জহির রায়হানের “সময়ের প্রয়োজনে”। তার আগে আমাকে বলো যে মুক্তিযুদ্ধ কী? কে কে জানো?’ক্লাসজুড়ে নীরবতা, কেউ কোনো কথা বলে না।‘কেউ জানো না?’ স্যার খুব আহত হয়ে তাকান সবার দিকে। রফিক উশখুশ করতে করতে উঠে দাঁড়ায়। সে এই ক্লাসের ফার্স্ট বয়। কিছু না বলতে পারাটা তার আত্মসম্মানে লাগছে। সে গরগর করে বলে, ‘১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠা ঠা করে গুলি করে সব বাঙালিকে মেরে ফেলে। স্যার ওটাই মুক্তিযুদ্ধ।’রফিকের মেশিনগানের ভঙ্গিতে কথা বলা শুনে সবাই হেসে ফেলে। স্যার বলেন, ‘সব বাঙালিকে পাকিস্তানি সেনারা মেরে ফেলেনি, তবে নানাভাবে অত্যাচার করে তারা ৩০ লাখ বাঙালির প্রাণ নিয়েছিল। সবার প্রাণ না নিলেও হয়রানি সব বাঙালির জীবনের ওপর দিয়ে গেছে। ওদের এই অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য যে লড়াই, সেটাই মুক্তিযুদ্ধ। আর যারা সেই যুদ্ধ করেছিল, তাদের বলা হয় মুক্তিযোদ্ধা।’ স্যার আবারও গালে জমানো পানটাকে বাঁ থেকে ডান পাশে সরিয়ে নেন, জর্দার ঘ্রাণ ছড়িয়ে পড়ে।‘আচ্ছা, ক্লাসে এমন কেউ আছ, যে মুক্তিযোদ্ধার সন্তান অথবা আত্মীয়?’প্রথমে কেউ দাঁড়ায় না, তারপর আস্তে করে আজাদ দাঁড়িয়ে বলে, ‘আমার আব্বা মুক্তিযুদ্ধ করেছেন।’এবার বাদল উঠে দাঁড়ায়, একবার স্যারের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, ‘স্যার, আমার আব্বাও মুক্তিযোদ্ধা ছিলেন।’‘তোমার আব্বা মানে...হারুন? ও আবার কবে মুক্তিযোদ্ধা ছিল, শুনি নাই তো! সার্টিফিকেট আছে?’বাদল এপাশে-ওপাশে মাথা নেড়ে জানায়, ‘নেই।’ ক্লাসের সবাই এবার খুব মজা পেয়ে যায়, যেন বাদল খুব জব্দ হয়েছে এমন করে হেসে ওঠে। স্যার হাত তুলে সবাইকে থামান। পান চিবাতে চিবাতে বলেন, ‘বাদল, ঘটনাটা আমাদের বলো তো শুনি।’বাদল বিব্রত হয়, ভেতরের সব কথা কেমন গুলিয়ে যায়। সে ঘটনাটা শুনেছে তার দাদির কাছে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা ছিল একেবারে কিশোর। বুঝে না-বুঝেই মুক্তিযুদ্ধে যাওয়ার বায়না ধরে, দাদি যেতে দেয়নি। একদিন হঠাৎ সেই যুদ্ধই তার সামনে এসে হাজির।হারুনদের বাড়ি ছিল একেবারে পাকা রাস্তার গা ঘেঁষে। পাকিস্তানি বাহিনীর ভয়ে বাড়ির সবাই নদীর ভেতরে লুকিয়ে থাকত। নদীর দুই তীর তাদের আগলে রাখত মায়ের স্নেহে, নদীর গহ্বরে ছিল মায়ের গর্ভের নিরাপত্তা। একদিন চাল ফুরালে বাড়িতে এসে হারুনের মা ধান সিদ্ধ করে শুকাতে দিয়েছিলেন উঠানজুড়ে। চড়ুই পাখি যুদ্ধ বোঝে না, তাই ধানের ওপর ওদের ছোটাছুটি থামে না। অভ্যাসবশত ওদের ধরার জন্য সুতার ফাঁদ পাতছিল হারুন। এমন সময় বুট খটমটিয়ে, বন্দুক বাগিয়ে দুজন সেনা এসে ক্যাঁক করে হারুনের ঘাড় ধরে টেনে নিয়ে যায়। রাস্তার পাশে আমবাগান দেখিয়ে আম পেড়ে দেওয়ার জন্য বলে। যুদ্ধের গল্প থেকে হারুন দুটি বিষয় জেনেছিল: এক. পাকিস্তানি সেনারা পানি দেখে ভয় পায়, দুই. কাউকে দিয়ে কাজ করানোর পর গুলি করে তাকে মেরে ফেলে। প্রদীপ যেমন নেভার আগে জ্বলে ওঠে, তেমনি হারুনও মৃত্যুর আগে দেশের জন্য জ্বলে উঠতে চেয়েছিল। গাছে তাকে উঠতে হয়। কিন্তু কাঁচাপাকা আমগাছ বাদ দিয়ে বেছে বেছে সে গুটুরে আমগাছে ওঠে। টক আর আঁটিসর্বস্ব এই গাছের আম কেউ কখনো খেত না। গাছের পাশেই ছিল পুকুর, হারুন পাকা আম পুকুরে আর কাঁচা আমগুলো ফেলছিল পাকিস্তানি সেনাদের গায়ে-মাথায়। কাঁচা আম মাথায় পড়তেই তারা আহা-উঁহু করছিল, আরও আহ্-উহ্ করছিল টক আম খেয়ে। সেদিন গাছের ওপর বসে হারুন যুদ্ধের স্বাদ পেয়েছিল, মুক্তিযোদ্ধার মতো গর্বে ভরে গিয়েছিল তার বুক। তারপর আমগাছের মগডাল থেকে সে দেখতে পেয়েছিল, একদল মুক্তিযোদ্ধা খেতের আল ধরে এদিকেই আসছে। তখন হারুন কোমরের লাল গামছা খুলে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। গামছা হারিয়ে যায় সবুজ পাতার আড়ালে। হারুন বুদ্ধি করে গামছার একপ্রান্তে একটা আম বেঁধে ছুড়ে দেয় ওপরের দিকে। গামছা উড়ে গাছের সবচেয়ে ওপরের ডালে বেঁধে যায়, খোলা প্রান্ত উড়তে থাকে লাল নিশানের মতো। দূর থেকে সেটা দেখে বিপদ আশঙ্কা করে সাবধান হয়ে যায় মুক্তিযোদ্ধারা। অন্য পথে গিয়ে ব্রিজের পাশে অবস্থান নেয় তারা। পাকিস্তানি সেনারা সেদিন আম খাওয়ার ব্যর্থ চেষ্টা শেষে তাড়াহুড়ো করে ফেরার সময় ঘন আমপাতার আড়ালে হারুনকে খুঁজে পায় না। তারা কিছু এলোপাতাড়ি গুলি ছুড়ে চলে যায়। সেদিন ব্রিজের পাশে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের হাতে মারা যায় পাকিস্তানি সেনারা। তার পর থেকে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ এলেই হারুন নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিত। বাদলের বয়স যখন ১০ বছর, তখন তার বাবা মারা যায়।ঘটনাটা খুব একটা গুছিয়ে বলতে পারে না বাদল, তবে স্যার বুঝতে পারেন। বলেন, ‘বুঝতে পেরেছি, ঘটনাটা আমি আগেই শুনেছিলাম। কিন্তু ওটা যে হারুনের কাণ্ড, তা জানতাম না।’এবার রফিক উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ে, ‘স্যার, ওর আব্বা তো কামলা ছিল, মুক্তিযোদ্ধা ছিল না।’‘দেখো, কামলা হলেই যে মুক্তিযোদ্ধা হতে পারবে না, তা কিন্তু নয়। যুদ্ধ ধনী-গরিব সবাইকে সমান করে দিয়েছিল। বাদলের আব্বা ছিল একজন আমযোদ্ধা।’স্যারের কথা শুনে ক্লাসে হাসি এবং কথার হুল্লোড় শুরু হয়। ঘণ্টা পড়ে যাওয়ায় স্যার কিছু না বলে বেরিয়ে যান। ক্লাসের সব ছেলেমেয়ে একযোগে ‘আমযোদ্ধা’ বলে বাদলকে খেপাতে থাকে। স্কুলে, খেলার মাঠে, এমনকি তাদের পাড়ায়ও ভেংচি কাটে আর বলে, ‘কোন আম? ফজলি না ল্যাংড়া! আম আম আমাশয়...’বাদল ঘরের বাইরে বের হতে পারে না, স্কুলে গিয়ে মাথা নিচু করে বসে থাকে। স্যারের ওপর খুব রাগ হয় তার। জাফর স্যার ক্লাসে এলেও ফিরে তাকায় না, রাস্তায় দেখা হলে সালাম দেয় না। এসব খেয়াল করে স্যার একদিন বাদলকে ডেকে পাঠান, ‘তোমার কী হয়েছে, বাদল? শরীর খারাপ?’‘না, স্যার।’ অন্যদিকে তাকিয়ে থেকে উত্তর দেয় বাদল। ‘আমাকে বলো বাদল, আমি তো তোমার বাবার মতো।’এবার বাদল ফুঁপিয়ে কেঁদে ওঠে। বলে, ‘বাবার মতো হলে কি আর আমার আব্বাকে আমযোদ্ধা বলতেন? আপনি আমযোদ্ধা বলে আমার আব্বাকে ছোট করেছেন। সবাই আমাকে খেপায়। বলে, তোর আব্বা আম-আ-ম আমাশয়...আ-আ...।’বাদল শব্দ করে কেঁদে ফেলে। স্যার বাদলের মাথায় হাত বুলিয়ে দেন। ‘ওরা তোমাকে তা-ই বলেছে! শোনো, ও রকম যারা বলে, তারা সব সময়ই বলে। আমার নাম তো তুমি জানো, আমাকে ওরা খেপাত “মীর জাফর” বলে। আমি তো মীর জাফর হয়ে যাইনি। উল্টো মীর জাফরকে খুঁজতে গিয়ে আমি তন্নতন্ন করে বাংলার ইতিহাস পড়েছি। দেশকে ভালোবাসতে শিখেছি। আজ দেখো, আমি খুব ভালো ইতিহাস জানি, যা ওরা জানে না। সব সময় মন্দ লোকেরা মন্দ জিনিসটাই আগে দেখে। আর ভালো লোকদের সেই মন্দের ভেতরে ভালো খুঁজে নিতে হয়। তুমি আমার সাথে এসো।’বাদল তবু দাঁড়িয়ে থাকে। স্যার পিঠে হাত দিয়ে বলেন, ‘এসো!’স্যার বাদলকে নিয়ে স্কুলের অফিসে ঢোকেন, টেবিল থেকে একটা নীল-সবুজ ডোরাকাটা বই টেনে নেন। বাদলকে দেখিয়ে বলেন, ‘এটা হচ্ছে বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। যে শব্দের অর্থ জানো না, সেগুলো এখান থেকে দেখে নেবে। এই দেখো, এখানে লেখা আছে, “আম” শব্দের অর্থ “জনসাধারণ”।’বই বন্ধ করে স্যার বাদলের হাত ধরে বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সবাই কিন্তু অস্ত্র ধরে যুদ্ধ করেনি, তোমার বাবার মতো অনেক সাধারণ মানুষ তাদের পক্ষে যতটা সম্ভব দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে। আমগাছে উঠে টক আম খাওয়ানো, আম দিয়ে আঘাত করা, আমগামছায় বেঁধে সংকেত দেওয়া—এসবের ফলেই তো সেদিন মুক্তিযোদ্ধাদের প্রাণ বেঁচেছিল, পাকিস্তানি বাহিনীর বর্বরেরা মারা গিয়েছিল। তোমার বাবা অবশ্যই একজন মুক্তিযোদ্ধা, আমি তাকে শ্রদ্ধা করি। আর শোনো, বাবার মতো তোমাকেও দেশের জন্য অন্য রকম কিছু একটা করতে হবে, দেশকে ভালোবেসে বড় হওয়ার জন্য লড়াই করতে হবে। বলো করবে?’স্যারের কথা শেষ হলে বাদলের মুখে হাসি ফুটে ওঠে, তার চিৎকার করে বলতে ইচ্ছে করে, ‘হ্যাঁ, আমি আমযোদ্ধার ছেলে।’ তার বুকের ভেতর থেকে দৃঢ় এক কণ্ঠ বলে ওঠে, ‘আমি শপথ করিতেছি যে...।’