আমাদের মাহাবুব ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মাহাবুব ভাই। এলাকায় আমাদের সবার বড় ভাই। আর পিচ্চিপাচ্চাদের মাহাবুব চাচ্চু। আমরা তাঁকে সম্মানের চোখে দেখি, আর পিচ্চিপাচ্চারা দেখে ভয়ের চোখে। তিনি সবাইকে যখন-তখন শিক্ষা দিয়ে বেড়ান। অধ্যবসায়ী হওয়ার শিক্ষা। জীবনে সফলতার জন্য অধ্যবসায়ের বিকল্প নেই এবং তিনি হলেন অধ্যবসায়ের জ্বলন্ত উদাহরণ। তিনি তিনবারের মাথায় এসএসসি, তিনবারের মাথায় এইচএসসি, তিনবারের চেষ্টায় বিএ এবং তিনবারের সাধনায় এমএ পাস করেছেন। এখন আবার চাকরির জন্য অধ্যবসায় করে যাচ্ছেন। এ পর্যন্ত ৫২টি ইন্টারভিউ দিয়েছেন। প্রয়োজনে আরও ৩০০ দেবেন, তবু হাল ছাড়বেন না। তিনি অধ্যবসায়ে বিশ্বাসী। তিনি আমাদের এবং বর্তমান পিচ্চিপাচ্চাদের মধ্যে প্রধান যে দোষ খুঁজে পান, তা হলো আমরা অধ্যবসায়ী না। তাই তিনি আমাদের সব সময় শাসন করেন। তাঁর ভয়ে আমরা চায়ের দোকানে শান্তিতে বসতে পারি না। আমাদের দেখলেই ধমকে ওঠেন, ‘তোমরা এখানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছ কেন? জানো না সময়ের চেয়ে মূল্যবান কিছু নেই? সময় হলো মহামূল্যবান জিনিস। তোমাদের মধ্যে তো অধ্যবসায় বলে কিছু নেই। শেষে পরীক্ষায় একবার ডাব্বাকাত করলে হাল ছেড়ে বসে থাকবে। তাই বাসায় বসে লেখাপড়া করো গে। আর যদি নিজের মধ্যে অধ্যবসায়ের গুণাবলি থাকে, ট্রাই ট্রাই এগেইন—এ মন্ত্রে বিশ্বাসী হও, তাহলে আড্ডা দিতে পার।’ তবে আমরা যদি তাঁকে বলি, ‘মাহাবুব ভাই, আসুন না আমাদের সঙ্গে এক কাপ চা খান।’ তাহলে তিনি আমাদের প্রতি কিছুটা সহজ হন। বলেন, ‘মাঝেমধ্যে একটু চায়ের দোকানে না এলে মন প্রফুল্ল থাকে না।’ চায়ের সঙ্গে টা, মানে কেক বা টোস্ট হলে তিনি একেবারে গদগদ হয়ে যান। যেন আমাদের সাত খুন মাফ করে দেবেন। কিন্তু সমস্যা হলো পিচ্চিপাচ্চাদের। ওরা তো আর তাঁকে চায়ের আমন্ত্রণ জানাতে পারে না। ওদের মার্বেল খেলতে দেখলে তিনি ছুটে গিয়ে সব মার্বেল কেড়ে নিয়ে ড্রেনে ফেলে দেন। ঘুড়ি ওড়াতে দেখলে ঘুড়ি কেড়ে নিয়ে টিস্যু পেপার বানান। তাই পিচ্চিপাচ্চারা তাঁকে দেখলেই ছুটে পালায়।সেদিন তিনটা পিচ্চি স্কুলের মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল। স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলেন মাহাবুব ভাই। তিনি পিচ্চিদের দেখে থমকে দাঁড়ালেন। ওদের ডাকলেন। পিচ্চিদের তো মাথায় বাজ পড়ল। এবার তাদের প্রিয় রঙিন ঘুড়িগুলো মাহাবুব চাচ্চুর টিস্যু পেপার হয়ে যাবে! ঘুড়ি তখন আকাশছোঁয়া। দৌড়ে পালানোর সুযোগও ছিল না। ওরা মাহাবুব ভাইয়ের কাছে গেল। মাহাবুব ভাই বললেন, ‘টিফিন পিরিয়ড তো শেষ। তোমরা ক্লাস ফাঁকি দিয়ে ঘুড়ি ওড়াচ্ছ কেন?’ পিচ্চিদের মুখে কোনো কথা নেই। মাহাবুব ভাই ধমক দিয়ে বললেন, ‘বলো, ক্লাস ফাঁকি দিয়ে ঘুড়ি ওড়াচ্ছ কেন? চলো, তোমাদের হেড মাস্টারের কাছে নিয়ে যাব।’ পিচ্চি তিনজনের তো কাঁদো কাঁদো অবস্থা। ঘুড়ি নিয়ে টিস্যু পেপার বানাক, সেও ভালো, তবু যেন হেড মাস্টারের...। মাহাবুব ভাই ওদের নিয়ে গেলেন হেড মাস্টারের কাছে। সব শুনে হেড মাস্টার যা করলেন, তাতে পিচ্চি তিনজন বিস্মিত এবং মহা-আনন্দিত। আর মাহাবুব ভাই থ। হেড মাস্টার তাঁর আলমারির ওপর থেকে তিনটি রঙিন ঘুড়ি নিয়ে এলেন। তিনটি ঘুড়ি তিনটি পিচ্চিকে দিয়ে বললেন, ‘তোমরা ঘুড়ি ওড়াবে, সাঁতার কাটবে, হই-হুল্লোড় করবে—এটাই স্বাভাবিক। তবে লেখাপড়া ফাঁকি দিয়ে নয়। যথারীতি লেখাপড়া করে এসব করতে বাধা নেই। খেলাধুলা, হই-হুল্লোড় না করলে শরীর-মন ভালো থাকে না।’ তারপর হেড মাস্টার মাহাবুব ভাইকে বললেন, ‘মাহাবুব, তোমার বাবা আমার বন্ধু। তোমাকে আমি ছোট বয়স থেকে চিনি। তুমি এলাকার ছোটদের ওপর অহেতুক খবরদারি করো, যখন-তখন ওদের উপদেশ দাও। এবার আমি তোমাকে উপদেশ দেব। লেখাপড়ার জন্য নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় তুমি ব্যয় করে ফেলেছে। তুমি এটাকে অধ্যবসায় হিসেবে দেখলেও... তোমার উচিত, এখন একটা চাকরি জোগাড় করে দায়িত্বশীল কিছু করা।’ মাহাবুব ভাই এখন আমাদের শাসন করেন না। পিচ্চিপাচ্চাদেরও না। বলেন, ‘আমি ভুল ধারণা নিয়ে ছিলাম। যুগটা এখন অন্য রকম। শিক্ষকেরাই যখন পিচ্চিপাচ্চাদের ঘুড়ি দেন, তখন...।’ তিনি পাড়ার ক্লাবঘরে প্রতিদিন দুপুরের পর বসেন পিচ্চিদের নিয়ে। ওদের বিনা পয়সায় পড়ান। আমরাও তাঁর এ কাজে সহায়তা করি। তারপর তিনি পিচ্চিদের খেলাধুলার প্রশিক্ষণ দেন। তিনি ওদের নিয়ে ফুটবল, ক্রিকেট, ক্যারাম, ব্যাডমিন্টন ইত্যাদি খেলার টিম গঠন করেছেন। আবার দৌড়, লং জাম্প, হাই জাম্প ইত্যাদিরও প্রশিক্ষণ দেন। এখন আমাদের পাড়ার সঙ্গে কোনো খেলাতেই অন্য কেউ পারে না। স্কুলের প্রতি ক্লাসে ভালো ছাত্রের তালিকায় রয়েছে আমাদের পাড়ার ছেলেরা। সবাই মাহাবুব ভাইয়ের ওপর খুব খুশি। খুশি তাঁর বাবাও। তিনি বলেন, ‘ওর চাকরি করতে হবে না। ও যা করছে, তাতেই আমি খুশি।’ পাড়ার পিচ্চিদের সবচেয়ে প্রিয় মানুষ এখন মাহাবুব ভাই। সেদিন এক পিচ্চি তাঁকে বলল, ‘চাচ্চু, আমার নাটাইটা একটু ধরেন তো, আমি একটা আইসক্রিম নিয়ে আসি।’ তিনি তো ঘুড়িটা ছেড়ে দিয়ে যেতে পারেন না। শেষে আবার হারিয়ে যাবে। পরে জানা গেল, পিচ্চিটা আইসক্রিম আনতে গিয়ে পথে অন্য বন্ধুদের সঙ্গে মার্বেল খেলায় মত্ত হয়ে পড়েছিল। সে ভুলে গিয়েছিল তার ঘুড়ির কথা।