আমাদের শৈশব ম্যারাডোনাময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: আরাফাত করিম

ফুটবলের রাজা

মুকুল শাহরিয়ার

দুই পায়ে ছিল কত কারিকুরি,

ছিয়াশির সেই রাত—

থমকে দিয়েছে পুরো পৃথিবী

একখানি তার হাত।

তারপর থেকে কত কানাঘুষা

তর্কও হলো ঢের—

কিন্তু তিনিই নয়নের মণি

কোটি কোটি মানুষের।

ক্রীড়াজগতের কে সেই রাজা?

বুঝতে কি পারছ না?

আর কেউ নন, আর কেউ নন

ম্যারাডোনা ম্যারাডোনা!

ম্যারাডোনা

আহমেদ সাব্বির

পায়ে পায়ে ফুটবল গড়াগড়ি খায়

বাইশ জন খেলোয়াড় মাঠে দৌড়ায়

একজন জাদুকর

ছন্দের কারিগর

বল নিয়ে কারিকুরি খাওয়াতেন ঘোল

বাঁধভাঙা উচ্ছ্বাস—গোল! গোল! গোল!

কী মধুর মূর্ছনা

ছড়াতেন ম্যারাডোনা

দুরন্ত গতি তাঁর—কী যে দুর্বার

ম্যারাডোনা ম্যারাডোনা সুপারস্টার।

পৃথিবীর কোটি কোটি ভক্তের প্রাণে

ম্যারাডোনা আজও এক স্বপ্নের মানে।

সেই কিক ড্রিবলিং

মাঠজুড়ে তিনি কিং

ফুটবল দুনিয়ায় তিনি বিস্ময়

আমাদের শৈশব ম্যারাডোনাময়।