আমার অ্যালার্ম দরকার হয় না

২০১৫ সাল। তখন ক্লাস ফোরে পড়ি। এক সকালে উঠে দেখি রুমে দুটি ছোট কুকুরছানা আমার খেলনা ধরে টানাটানি করছে। আমি একটু কাছে যেতেই ওরা ভয়ে পিছিয়ে গেল। আমি অভয় দিয়ে ওদের দিকে হাত বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ গন্ধ নিয়ে ওরা লেজ নাড়তে শুরু করল। এরপর আমার কোলে চলে এল। তখন আম্মু এসে বলল, এই ছোট্ট কিউট ছানা দুটি নাকি আমাদের! খুশিতে আমি ওদের জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিলাম।
ওদের নাম ঠিক করলাম জিমি (খয়েরি রং) ও উইনি (সাদা-কালো রং)। ধীরে ধীরে ওরা বড় হতে থাকে। আমি পড়তে বসলে ওরাও পাশে বসে বইয়ের দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হয় আমরা তিনজনই বুঝি একসঙ্গে পড়তে বসেছি! যখনই অনেকক্ষণ ধরে কিছু লিখতে থাকি, হঠাৎ জিমি এসে আমার কলমের ওপর ওর হাত রাখে। আমি কলমটা রেখে দিলে ও আমার হাতটা টেনে ওর কাছে নিয়ে যায়। আমি বুঝি, এর অর্থ হলো আমাকে আদর করো।
ওরা আসার পর আমার আর কখনো অ্যালার্মের প্রয়োজন হয়নি। সকাল হলেই জিমি আর উইনি আমার ঘুম ভাঙিয়ে দেয়। আমি উঠে বসলে ওরা রীতিমতো নাচা শুরু করে। এরপর সারা দিন ওরা আমার সঙ্গে ঘুরঘুর করে। যেদিন স্কুলে যাই সেদিন ওরা দরজার সামনে মন খারাপ করে বসে থাকে। একবার আমার প্রিয় একটি খেলনা নষ্ট করেছিল বলে ওদের বকা দিয়েছিলাম। এ জন্য উইনি রাগ করে তিন দিন আমার কাছে আসেনি। আরেকবার মামার বাসায় থাকতে গিয়েছিলাম। দুই দিন পর যখন বাসায় ফিরলাম, ওরা খুশিতে এমনভাবে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল যে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। সেই অবস্থায়ই ওরা আমাকে আদর করে দিচ্ছিল।
প্রতি রাতে কাকে প্রথম আদর করে ঘুম পাড়াব, এ নিয়ে দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আমি যদি কখনো কান্না করি, তখন উইনি এসে আমার গাল চেটে দিয়ে আমার বুকে মাথা রেখে চুপচাপ বসে থাকে। ওরা আসার পর আমি জীবনের সবচেয়ে ভালো বন্ধু পেয়েছি। ওদের আমি ভীষণ ভালোবাসি। ওরাও আমাকে অনেক ভালোবাসে।
ষষ্ঠ শ্রেণি, মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়