আমার পড়া, আমার ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে দাঁড়িয়ে নিজের লেখা ছড়া আবৃত্তি করছিল সুনন্দন
মঞ্চে দাঁড়িয়ে নিজের লেখা ছড়া আবৃত্তি করছিল সুনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আমি অনেকবার গিয়েছি। একুশে ফেব্রুয়ারিতে, বইমেলার সময়, টিএসসিতে অ্যানিমেশন ছবি দেখতে গিয়ে—সুযোগ পেলেই বড়দের সঙ্গে আমি ওখানে যাই। আর পুরো জায়গাটা ঘুরেফিরে দেখি। বড় বড় গাছ, দেয়ালে সুন্দর সব ছবি আঁকা, অনেক মূর্তি...দেখতে খুব ভালো লাগে।
গত ২৬ ফেব্রুয়ারিও ভালো লাগছিল। এই দিন বকুলতলায় একটা অনুষ্ঠানে আমি আমার লেখা একটা ছড়া আবৃত্তি করেছি। ছড়ার নাম ‘আমিও’, লিখেছিলাম আমার দাদি শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে নিয়ে। ২০১২ সালে ছড়াটি গোল্লাছুট পাতায় ছাপাও হয়েছিল। তোমরা যদি ভুলে গিয়ে থাকো, ছড়াটা তোমাদের একটু মনে করিয়ে দিই।
‘মাটি, মাটি, মাটি,
আমার দেশটি কত খাঁটি
এই আমাদের দেশের জন্য,
প্রাণ দিয়েছে আমার দাদি।
দেশের জন্য প্রাণ দিতে,
আমিও রাজি।
সেই সাথে চাই, চাই, চাই—

শহীদ সাংবাদিক সেলিনা পারভীন
শহীদ সাংবাদিক সেলিনা পারভীন

সব রাজাকারের বিচার চাই।’
শম্পা ফুপি যখন মঞ্চে দাঁড়িয়ে আমার দাদি সম্পর্কে বলছিলেন, তখন আমার কেমন যেন লাগছিল। আর যখন মঞ্চে দাঁড়িয়ে আমার লেখা ছড়াটা আবৃত্তি করলাম, তখন নার্ভাস লাগছিল খুব। কারণ চোখে পড়ছিল অনেক আলো, সামনে অনেক মানুষ ও টিভি ক্যামেরা। আমি দ্রুত ছড়াটা পড়ে শেষ করেছি। বড়রা সবাই হাততালি দিয়েছে, কেউ গাল ধরে আদর করেছে, আব্বু-আম্মুও খুশি হয়েছেন। ২০১৩ সালে দাদির জন্মদিনে আরেকটা অনুষ্ঠানে আমি ছড়াটা পড়েছিলাম। সেই সময় অনেক ছোট ছিলাম, তাই সব কথা আমার মনে নেই।
মো. সুনন্দন জওহর
চতুর্থ শ্রেণি, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ