আমার সাথে থাকে
ব্রত রায়
মাঠে যেদিন খেলতে গিয়ে সন্ধ্যা নেমে আসে
ক্লান্ত হয়ে আমরা থাকি সটান শুয়ে ঘাসে
বন্ধুরা কেউ হঠাৎ বলে, ‘বাসায় যেতে হবে
মা বকা দেয় এখন যদি না থাকি তার পাশে।’
কিংবা যেদিন ঘুড়ির পিছে দৌড়ে যেতে যেতে
কিংবা কোনো অন্য কিছুর মধ্যে থাকি মেতে
অন্য সবার মায়ের কাছে ফেরার থাকে তাড়া
সবার মা কি একরকমই? থাকে এমন তেতে?
আমি যখন একটু বড়—ছাত্রাবাসে থাকি
আমার ক্লাসের রাতুল, সজল, বন্দনা বা আঁখি
ছুটি এলেই হয় উতলা মায়ের কাছে যাবে
ওদের মতো আমায় কোথাও ছুটতে হবে নাকি?
আমার মা কি ওদের মতো আমায় দূরে রাখে?
আমার মা তো সারাক্ষণই আমার সাথে থাকে।
ই–ছড়া
আনজীর লিটন
কী পেপার?
ই–পেপার।
কী বাজার?
ই–বাজার।
কী বই?
ই–বই।
কী ব্যাংক?
ই–ব্যাংক।
কী মেইল?
ই–মেইল।
কী টিকিট?
ই–টিকিট।
ই–ই–ই
ই–এর কাছে আমরা এখন
বাঁধা পড়েছি।
এই ডিজিটাল যুগে যদি
খাবারে পাই ‘ই’
অনলাইনে মিলতে পারে
পান্তাভাতে ঘি!
সবাই কি আর পাবে তখন
ই–বাজারের স্বাদ
খাওয়ার জন্য আসে যদি
ই–রুটি, ই–ভাত?