আমি ওর বন্ধু হলাম

আমার বাসায় অনেকগুলো পাখি আছে। আর আছে খরগোশ। আগেও বেশ কয়েকটা খরগোশ ছিল আমার কাছে। গত জুন মাসে সর্বশেষ দুটি খরগোশ মারা গেল। খুব মন খারাপ হয়েছিল। তাই একদিন বিকেলে আব্বু আমাকে দোকানে নিয়ে গিয়ে এক জোড়া ধবধবে সাদা রঙের খরগোশ কিনে দিলেন। খুশিতে নাচতে নাচতে বাসায় ফিরলাম!
এদিকে তখন আমার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলছে। পরীক্ষার কারণে বাসায় আনার পরও খরগোশ দুটির তেমন যত্ন নিতে পারিনি। খরগোশগুলো বাসায় আনার ছয় দিন পর হঠাৎ লক্ষ করলাম, একটা খরগোশ খুবই দুর্বল হয়ে পড়ছে। তখন সেটিকে খাঁচা থেকে বের করে কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না। প্রায় দুই ঘণ্টা পর খরগোশটা মারা গেল। এরপর খরগোশ রইল মাত্র একটা। এ ঘটনার পর আমি সেই খরগোশটার বিশেষ যত্ন নিতে শুরু করলাম। নাম দিলাম বাবু।
বাবুর সঙ্গে ধীরে ধীরে আমার একটা অন্য রকম সখ্য তৈরি হলো। বন্ধুকে হারিয়ে ও তো একা হয়েছিল, তাই আমিই ওর বন্ধু হলাম। এমনিতে বাবু খুবই চালাক, তবে একটু ভিতু প্রকৃতির। অবশ্য আমাকে তেমন একটা ভয় পায় না। এখন আমার অবসর সময়টা ওর সঙ্গে ভালোই কাটে। ওকে না দেখে আমি একদম থাকতে পারি না। আমি আমার খরগোশটাকে অনেক ভালোবাসি। আসলে পোষা প্রাণীগুলোকে শুধু খাবার দিলে তো হয় না, ভালোবাসাও দিতে হয়। যাঁরা বাড়িতে খরগোশ পোষেন, এ কথাটা নিশ্চয়ই মনে রাখবেন।
অষ্টম শ্রেণি, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল