আমি ছোট্ট বাতাস
একদিন আকাশে ঘুরে বেড়াচ্ছিল বাতাসের বাচ্চা, ছোট্ট বাতাস। সূর্য ছিল আকাশে। ফুরফুরে মেজাজে ছিল ছোট্ট বাতাস। ছোট্ট বাতাস উড়ে বেড়ায় আর উড়ে বেড়ায়। উড়তে উড়তে ও চলে আসে এক পাহাড়ঘেরা রাজ্যে। তাকিয়ে দেখে পাহাড়চূড়োয় এক গাছ। গাছটি নয়নকাড়া সুন্দর। পুরো গাছটিতে ঝাকড়া পাতা। সেই পাতার সুগন্ধে মন জুড়িয়ে যায়। সেই সুগন্ধ নাকে নিতে নিতে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়াল বাতাস। তারপর উড়তে উড়তে চলে এল গাছটির কাছে।—কেউ কি আছেন? আমার নাম ছোট্ট বাতাস!—আমার নাম আপেলগাছ।—নিজের পরিচয় দিল গাছটা।—আপনি কীভাবে এখানে বড় হলেন, ভাই! চারদিকে কিছু নেই, একা আপনি এখানে দাঁড়িয়ে আছেন!—নিজের বিস্ময় ঢেকে রাখতে না পেরে বলে উঠল ছোট্ট বাতাস।—খুব সহজ ব্যাপার, ভাই। একদিন আমার বীজটাকে এখানে উড়িয়ে নিয়ে এল ঝড়। সেই বীজ থেকেই জন্ম হলো আমার।—আপনার কি একা একা লাগে না এখানে?—প্রশ্ন করল ছোট্ট বাতাস।একটা দীর্ঘশ্বাস ফেলল আপেলগাছ। তারপর বলল: মাঝেমধ্যে একটু তো একা একা লাগেই।—আমি কি মাঝেমধ্যে আপনার কাছে উড়ে আসতে পারি? আমরা কি বন্ধু হতে পারি?—জিজ্ঞেস করল ছোট্ট বাতাস।খুব খুশি হলো আপেলগাছ। বলল,—তা তো পারিই। আমি খুব-খুব-খুব চাই বন্ধুত্ব করতে!তারপর থেকে প্রতিদিন ছোট্ট বাতাসটা আসতে লাগল আপেলগাছের কাছে। অনেকক্ষণ ধরে ওরা কথা বলত। পৃথিবীর উপরে উঠে যা যা দেখেছে, তার সব গল্পই করত ছোট্ট বাতাস। দম বন্ধ করে সেই গল্প শুনত আপেলগাছ। আপেলগাছের সবুজ পাতা দিয়ে খেলত ছোট্ট বাতাস আর হো হো করে হেসে উঠত গাছটা। ছোট্ট বাতাস অনেক গান আর রূপকথার গল্প জানত, সেগুলোই শোনাত আপেলগাছকে।সময় গড়িয়ে যায়। আপেলগাছটা আরও বড় হয়, দেখতেও হয় খুব সুন্দর। আর ছোট্ট বাতাস? সে-ও হয়ে উঠল অনেক শক্তিশালী, এখন সে আর বাতাসের বাচ্চা নয়, নিজেই বড় বাতাস। এখন ওরা আর আপনি করে কথা বলে না। বলে তুমি।আর হলো কি, এরই মধ্যে বাতাস ভালোবেসে ফেলল আপেলগাছটাকে। কিন্তু ও ছিল খুব লাজুক, তাই আপেলগাছটাকে বলতেই পারল না তার ভালোবাসার কথা।—আজই আমি সবকিছু বলব ওকে।—একদিন ভাবল বাতাস। কিন্তু যখনই সে উড়ে এসে পৌঁছে গেল আপেলগাছটার কাছে, মুখ থেকে আর কথা বের হয় না!ওর অবস্থা দেখে ভয় পেয়ে গেল আপেলগাছ—তোমার কী হয়েছে? অসুখে পড়লে নাকি?কোনোমতে ঢোক গিলে বলল বাতাস,—না। তারপর মন খারাপ করে ফিরল বাড়ি।তারপর একদিন বাতাস ওর মা ঝড়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলল।—আমি জানি তোমার কী করতে হবে—ছেলেকে সান্ত্বনা দিল মা ঝড়। (কারণ, মায়েরা সব সময়ই জানে, কী করতে হয়, আর যদি না জানে, তাহলে কিছু একটা ভেবে বের করে)।—তুমি একটা চিঠি লেখ আপেলগাছটাকে। এই নাও কলম। এই নাও কাগজ। লিখে ফেলো।সাদা কাগজ হাতে নিয়ে বাতাস লিখতে বসল। অনেক অনেক লিখল বাতাস। লিখল নিজের ভালোবাসার কথা। ও এখনো লিখেই চলেছে। এমন সব কথা ও লিখল, যা পড়ে অনেক সময় কান্না আসে। লেখার মধ্যে মাঝে মাঝে এত বেশি আদর থাকে যে, কেউ পড়লে সঙ্গে সঙ্গেই তার মন ভালোবাসায় জড়িয়ে যায়। আর...অনেক অনেক দূরে, সেই পাহাড়ের রাজ্যে রূপবতী আপেলগাছটি পড়তে থাকে একের পর এক চিঠি। আপেলগাছ এখন অনেক সুখী।তাকিয়ে দেখো আকাশের দিকে—নীল আকাশে ওই যে ভেসে বেড়াচ্ছে সাদা সাদা...ওগুলো বাতাসের লেখা সাদা সাদা চিঠি। আর তোমরা কিনা এতদিন মনে করছিলে এগুলো মেঘ!অনুবাদ: জাহীদ রেজা নূর