নিবিড়ের এখন দুটি পুতুল। প্রথম পুতুলটা দেখতে খরগোশের মতো, সাদা মিষ্টির মতো গোল লেজ। পুরোনো ওই পুতুলের সঙ্গী হয়েছে এখন নতুন আরেকটা পুতুল। আকারে এটা একটু বড়।
পুতুলের সংখ্যা বেড়ে যাওয়ায় মায়ের যন্ত্রণাও বেড়েছে। কী কী যন্ত্রণা? প্রথমত, ঘুমানোর সময় পুতুল দুটিকে সঙ্গে নিয়েই ঘুমাতে যায় নিবিড়। বড় বড় পুতুল। বাড়তি দুজন মানুষের জায়গা দখল করে। দ্বিতীয়ত, ঘরের ভেতর সব সময় এখানে-ওখানে পড়ে থাকে। ঘরটাকে দেখতে লাগে এলোমেলো, অগোছালো। তৃতীয়ত, প্রতি শুক্রবার এদের শ্যাম্পু-সাবান মেখে গোসল করাতে হয়। রোদে শুকাতে হয় তিন দিন ধরে। চতুর্থত, প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় পুতুল দুটিকে সঙ্গে নিতে হয়। এমনিতে স্কুলে যাওয়ার সময় মায়ের হাতে থাকে তার নিজের ব্যাগ, মুঠোফোন, নিবিড়ের টিফিন ব্যাগ, নানান জিনিসপত্র। আর নিবিড় তো থাকেই; সঙ্গে বাড়তি ঝামেলা এই দুটি পুতুল।
নিবিড়দের বাসা থেকে নিচে নামলেই অটোরিকশা পাওয়া যায়। একটা অটোরিকশায় ওঠে পাঁচজন যাত্রী। স্কুল পর্যন্ত জনপ্রতি ভাড়া ৫০ টাকা। পেরোতে হয় ছয়টি স্টপেজ। ব্যস্ত রাস্তা। সব সময় সিট খালি থাকে না।
সেদিন অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল নিবিড়রা। কয়েকবার হাত তুলে থামার সংকেত দেওয়ার পর একটা অটোরিকশা থামল। পেছনে তিনজনের সিট। দুজন যাত্রী আছে। একজনের সিট খালি। মা উঠে বসলেন। মায়ের কোলে উঠে বসল নিবিড়। নিবিড়ের কোলে বসল পুতুল দুটি। একদম শেষ স্টপেজে নিবিড়ের স্কুল। মাঝের স্টপেজগুলোতে যাত্রী ওঠানামা করে, কিছুক্ষণ খালি থাকে সিট, আবার নতুন যাত্রী ওঠে। গাদাগাদি, ঠাসাঠাসি করে গাড়ির ভেতর বসে থাকতে হয় আধঘণ্টার বেশি। শীত-বর্ষায় যাও একটু বসে থাকা যায়, গরমকালে একেবারে অসহ্য হয়ে ওঠে।
আজ অবশ্য ভাগ্য ভালো। গাড়িতে ওঠার পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় স্টপেজ স্বর্ণদ্বীপ হাসপাতালের সামনে নেমে গেল সাদা অ্যাপ্রোন পরা একটা মেয়ে। হাসপাতালের সামনে সাধারণত ভিড় থাকে। কেউ একজন নামলেই হুমড়ি খেয়ে আরও তিনজন ওঠার জন্য হল্লা শুরু করে। আজ তেমনটা হলো না। এদিক-ওদিক তাকিয়ে কাউকে না দেখে মনঃক্ষুণ্ন চালক গাড়ি চালাতে শুরু করল।
আশ্চর্য! অন্য দুটি স্টপেজে যাও-বা একটু থেমেছিল, এই স্টপেজে একটুও থামল না চালক। সোজা সামনের দিকে চালিয়ে যেতে লাগল। অন্য দিন যাত্রী না থাকলে একেকটা স্টপেজে কম করেও পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে। একটু যাওয়ার পর মা খেয়াল করলেন, রাস্তার পাশে হাত তুলে গাড়ি থামানোর জন্য ইশারা করছে একজন। কিন্তু একি! চালক থামল না।
নার্স মেয়েটি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে উঠল নিবিড়। একটা সিট খালি হওয়ায় সে আর কোলে বসে থাকতে চাচ্ছে না। পুতুল দুটিকে সঙ্গে নিয়ে খালি সিটে বসতে চায়। সে সুযোগ মা দিলেন না। একটু সামনে গেলেই এনাম নাহার মোড়। বড় স্টপেজ। নিশ্চিত সেখান থেকে যাত্রী উঠবে। নিবিড়কে তখন আবার কোলে তুলতে হবে। একবার নামানো, একবার ওঠানোর চেয়ে যেখানে বসে আছে, সেখানেই বসে থাকা ভালো। এনাম নাহার মোড়ে গাড়িতে থাকা লোকটাও নেমে গেল।
যাত্রীর আশায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল চালক। আজ কী হয়েছে কে জানে, কেউ উঠল না। অগত্যা গাড়িটা সামনে বাড়াল বেজার চালক। এনাম নাহার মোড় থেকে সেনেরহাট ১০ মিনিটের পথ। মাঝখানের জায়গাটা ফাঁকা। যাত্রী তেমন একটা থাকে না। আবারও নড়েচড়ে উঠল নিবিড়। চাপাচাপির মধ্যে এক জায়গায় গুটিসুটি মেরে বসে থাকতে তার কষ্ট হচ্ছে। কাছাকাছি যাত্রী ওঠার আর কোনো সম্ভাবনা নেই দেখে কোল থেকে নিবিড়কে নামিয়ে দিলেন মা। পা ছড়িয়ে আরাম করে বসল নিবিড়। কোলের পুতুল দুটিকেও বসিয়ে দিল পাশের খালি জায়গায়। অটোরিকশার পেছনের তিনটি সিটই দখল করে নিল নিবিড়রা।
প্রায় ১০ মিনিট টানা চলার পর গাড়ি এসে থামল সেনেরহাট। পথে কোনো যাত্রী ওঠেনি। এই স্টপেজ থেকে যাত্রী না পেলে চালক সামনের দিকে সহজে এগোবে না। একজন যাত্রী নিয়ে সারাটা পথ গাড়ি চালালে তার পোষাবে না।
আশ্চর্য! অন্য দুটি স্টপেজে যাও-বা একটু থেমেছিল, এই স্টপেজে একটুও থামল না চালক। সোজা সামনের দিকে চালিয়ে যেতে লাগল। অন্য দিন যাত্রী না থাকলে একেকটা স্টপেজে কম করেও পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে। একটু যাওয়ার পর মা খেয়াল করলেন, রাস্তার পাশে হাত তুলে গাড়ি থামানোর জন্য ইশারা করছে একজন। কিন্তু একি! চালক থামল না। লোকটার প্রতি ভ্রুক্ষেপ না করে সোজা চালিয়ে যেতে লাগল। পথে আরও কয়েকজন গাড়ি থামাতে ইশারা করল। চালকের এমন ভাব, যেন সে কিছুই দেখতে পাচ্ছে না। কে জানে আজ তার কী হয়েছে! বাকি দুটি স্টপেজ উপজেলা কমপ্লেক্স ও তালতলী বাজার পেরিয়ে একেবারে স্কুলের সামনে এসে থামল গাড়ি।
প্রতিদিনের মতো ব্যাগ থেকে ৫০ টাকার একটা নোট বের করে চালকের দিকে বাড়িয়ে দিলেন মা। ৫০ টাকার নোট দেখে চালক অবাক, যেন আকাশ থেকে পড়েছে। চোখমুখ কুঁচকে বলল, ‘আপনারা প্যাসেঞ্জার আসলেন চারজন। ভাড়া দিচ্ছেন একজনের!’
চারজন কোথায়! চালকের কথা শুনে মা তো অবাক। অবাক নিবিড় আর পুতুল দুটিও।