আসলে কী হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজাজ খিচড়ে বিছানায় শুয়ে আছে রতন। মেজাজ খারাপ করবে না-ই বা কেন। যেই সে জীবনে প্রথমবারের মতো একটু বড় হওয়ার সুযোগ নিতে গেছে, আর অমনি ভূতের তাড়া খেয়ে চিৎপটাং! মা তো এখন আর তাকে ঘর থেকে বেরই হতে দেবে না! এসব যখন ভাবছিল, তখনই ঘরে ঢোকে তামিম। ওর বন্ধু। চেহারায় আমসি ভাব ফুটিয়ে ওর কাছে এসে বসে। এটা-সেটা নানা কথা বলে। একসময় জিজ্ঞেস করে, ‘আসলে কী হইছিল রে রতন? আসলেই ভূত দেখছোত? তর কেইসটা নিয়া সে দিনও ক্লাসে কথা হইল। অঙ্ক স্যার তো কইল, ভূতটুত বইলা আসলে কিছু না। ও এমনেই ভয় খাইছিল। পরে অন্ধকারে চোখে ধান্দা দেখছে। তর কী মনে হয়?’রতন চুপ করে শোনে। মনে ভেসে ওঠে সেই রাত। ওদের গরপাড়া ক্লাব আর বেইথা ক্লাবের মধ্যে ছিল ফুটবল ম্যাচের ফাইনাল। খেলা টাইব্রেকারে গড়ায়। তারপর ওই পাড়ার বড় ভাই আর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে কখন যে রাত নয়টা পার হয়েছে হুঁশ নেই। তারপর ও, তামিম আর নেয়ামুল দ্রুত পা বাড়ায় বাড়ির দিকে। পাড়ার মোড়ে এসে তামিম আর নেয়ামুল চলে যায় বাঁয়ে। ও ধরে ডানের শর্টকাট রাস্তা। এ রাস্তায় কিছুদূর এগোলেই পড়ে একটা কবরস্থান। আগুপিছু না ভেবে পা চালিয়ে এসে থমকে দাঁড়ায় কবরস্থানের গেটে। কিছুক্ষণ তাকিয়ে থাকে সামনে। আশপাশও একটু দেখে। তারপর হাত রাখে লোহার গেটটিতে। ঠান্ডা লোহার স্পর্শে কিছুই বোঝে না, ওর শিরদাঁড়া বেয়ে নেমে যায় শীতল স্রোত। কিন্তু আবার মাথায় ঝিলিক দেয় বাসায় দেরি করে ফেরার চিনচিনে ভয়। নাহ্, আর দেরি করা যায় না। বড় করে শ্বাস টেনে ঢুকে পড়ে গেটের ভেতর। কবরস্থানের ভেতর ল্যাম্পপোস্ট দুটিতে জ্বলছে সোডিয়াম বাতি। চাঁদের আবছা আলোর সঙ্গে সেই হলুদ রং মিশে কেমন একটা ঘোলাটে আলো চারদিকে। সারি দেওয়া নতুন পুরোনো কবরের মধ্যে দাঁড়িয়ে আছে নারকেল কিংবা তালগাছ। দু-একটি কবরের মাথার কাছে অচেনা কিছু গাছও দাঁড়িয়ে আছে। গাছগুলোতে কিছু ফুল সুবাস ছড়াচ্ছে। সব মিলিয়ে পুরো এলাকাই কেমন অন্য রকম মনে হতে থাকে রতনের। ঘাসে জমা শিশিরে ভিজে পা কেমন ঠান্ডা হয়ে যেতে থাকে ওর। দ্রুত হাঁটতে থাকে। কত দূর এগিয়েছে জানে না, হঠাৎ রতনের মনে হয় কবরস্থানের মাটি যেন হঠাৎ দেবে যাচ্ছে। ও তলিয়ে যাচ্ছে অতল কোনো গুহায়। চিৎকার করে ওঠে সে। কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হয় না। বরং হাত-পা দুমড়ে মুখ থুবড়ে পড়ে যায়।অনেক কষ্টে মাথা তুলে রতন বোঝার চেষ্টা করে কী হলো। দেখে একটি সদ্য খোঁড়া কবরে পড়ে গিয়েছিল। কোনোমতে হাতড়ে পাশের বাঁশের খুঁটিটি ধরে নিজেকে টেনে তোলে সে। দৌড় দেয় সে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে ওঠে, একটি পাথর দেখে ধপ করে বসে পড়ে। কিন্তু হায় আল্লা, পাথরটিও কেমন ভয়ংকর শব্দ করে ওঠে। লাফিয়ে দাঁড়িয়ে যায় রতন। চোখ ঠিকরে বেরিয়ে আসতে চায় পাথরটির হাত-পা গজাতে দেখে। তারপর ঘেউ ঘেউ করে কয়েকবার যেন তাকে ধমকে দৌড়ে গাছপালার ভেতর হারিয়ে যায় কালো কুকুরটি। গা তখনো ভয়ে কাঁপতে থাকলেও চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রতন। মনে মনে তিনবার দোয়া কুনুত পড়ে বুকে ফুঁ দেয়। তারপর আবার পা চালায়।এমন সময় ধপ করে নিভে যায় ল্যাম্পপোস্টগুলোর বাতি। রতন বুঝতে পারে লোডশেডিং। প্রতিদিনই হয়। কিন্তু চাঁদটাও পাল্লা দিয়ে মেঘের আড়ালে চলে যাওয়ায় নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। ওর কেবলই মনে হতে থাকে, পাগুলো কেন আরও লম্বা হলো না। তাহলে মুহূর্তে পথটুকু পেরোতে পারত। এখন তো রাস্তা শেষই হচ্ছে না। ওরে বাবা, পেছনে আবার কে হাঁটছে? চমকে তাকায়। নাহ্, কেউ তো নেই। আবার হাঁটে। মনে হয়, আবারও কেউ হাঁটছে পেছনে। আড়চোখে তাকায়, দেখে একজনের লম্বা ছায়া। ঝট করে পেছন ফেরে। কিন্তু হু হু করা বাতাস শুধু ঘূর্ণি খায় ওকে ঘিরে। প্রাণপণে রতন চিৎকার করে ওঠে, কে...? চারদিক থেকে কারা যেন ওকে ব্যঙ্গ করে হেসে ওঠে, হেঁ...হেঁ...হেঁ। ওই বিকট হাসির শব্দ ছাড়া আর কিছু মনে নেই রতনের। কীভাবে ও বাড়ি ফিরেছে, কী হয়েছে কিছুই জানে না। পরে শুনেছে, রাত ১১টার দিকে উদ্ভ্রান্তের মতো বাড়ির দরজায় ধাক্কা দেয় ও। সবাই ওর জন্য অস্থির হয়েই ছিল। দরজা খুলে সবাই খুশিতে চিৎকার করে উঠলে ও মাকে জড়িয়ে ধরে জ্ঞান হারায়। প্রচণ্ড জ্বরে দুই দিন প্রলাপ বকার পর গতকালই ওর জ্ঞান ফিরেছে।তামিম প্রশ্নটা আবার করে, ‘আসলে হইছিল কী রে রতন?’ক্লান্ত চোখে তামিমের দিকে তাকায় রতন। তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ‘জানি না রে দোস্ত।’