আয়শা ও মৎস্যকুমারী
অনেক রাত। ঘুম থেকে জেগে ওঠে আয়শা। মায়েরও ঘুম ভেঙে যায়। মা বলে, ‘আয়শা, কী হয়েছে তোর?’‘না না, কিছু হয়নি।’ আয়শা বলে।‘স্বপ্ন দেখেছিস?’ মা জানতে চায়।‘হ্যাঁ, মা। স্বপ্ন দেখেছি।’ আয়শা বলে।‘কী স্বপ্ন দেখছিলি। ভয় পাসনি তো!’‘ভয় পাইনি মা। তবে স্বপ্নটা সত্যি হলে ভালো হতো।’ আয়শা মাকে বলে।‘কী দেখেছিস?’ মা জানতে চায়।‘একটা মৎস্যকুমারী। অর্ধেক মাছ। অর্ধেক মানুষ। আমাদের নদীর ঘাটে।মা, আমি কি মৎস্যকুমারীকে দেখে আসব?’ আয়শা জানতে চায়।মা বলে, ‘পাগল মেয়ে। এখন তো অনেক রাত।’‘তা হলে ভোরবেলা যাব?’ আয়শা বলে।‘হ্যাঁ। ভোরবেলাতেই যাস।’ মা বলে।আয়শার ছোট ভাই পুটু। সেও জেগে উঠেছে। বলে, ‘আপু, আমিও তোমার সঙ্গে যাব।’আয়শা বলে, ‘ঠিক আছে যাবি।’মা বলে, ‘এখন তা হলে তোরা ঘুমা।’আয়শার কিছুতেই ঘুম আসে না।মৎস্যকুমারী তাকে ডাকছে। ‘আয়শা চলে এসো। আমার পিঠে চড়ে বসো।’ স্বপ্নে এমন কথা আয়শা শুনেছে। মৎস্যকুমারী তাকে বলেছে। সেই রকম শব্দ যেন এখন আবার সে শুনতে পাচ্ছে। ‘রাত কত হলো? ভোর হতে কত দেরি?’ আয়শা শুয়ে শুয়ে ভাবে।হঠাৎ তার কানে ভেসে আসে আজান। ভোরের আজান।আজান শুনে আয়শা বিছানা থেকে উঠে বসে। তা হলে তো সকাল হয়ে গেছে। এমন সময় পাশের বাড়ির মোহন চাচা নামাজ পড়তে যায়।পা টিপে টিপে আয়শা দরজা খোলে। তারপর এক দৌড়। দৌড়ে যমুনা নদীর ঘাট। আয়শা দেখে মোহন চাচা ঘাটে ওজু করছে।চাচাকে দেখে নিজেকে আড়াল করে। বটগাছের পাশে দাঁড়ায়। মোহন চাচা ওজু করে চলে যায়। তারপর ধীরে ধীরে আয়শা যায় ঘাটের কাছে ।নদীর দিকে তাকাতেই আয়শার চোখ বড় বড় হয়। এ যে স্বপ্নে দেখা মৎস্যকুমারী! কী সুন্দর দেখতে! পরিদের চেয়েও সুন্দর।মৎস্যকুমারী তাকে ডাকছে। ‘আয়শা এসো। আমার পিঠে বসো।’ মৎস্যকুমারী একদম ঘাটের কিনারে চলে আসে।মৎস্যকুমারী বলে, ‘এসো। আমার পিঠে চড়ে বসো।’আয়শা মৎস্যকুমারীর পিঠে চড়ে।মৎস্যকুমারী সাঁতরে যায় মাঝনদীতে। তারপর ডুব দিয়ে উধাও হয়ে যায়।আয়শার মায়ের ঘুম ভাঙতেই দেখে, আয়শা বিছানায় নেই। কোথায় গেল? আয়শার বাবারও ঘুম ভাঙে। তিনিও আয়শাকে খুঁজতে থাকেন। পুটুও খুঁজতে থাকে। কিন্তু কোথাও আয়শাকে খুঁজে পাওয়া যায় না।আয়শাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো গ্রামের মানুষ জেনে গেল আয়শা হারিয়ে গেছে। আয়শার স্বপ্নের কথাও জেনে গেল সবাই।আয়শাকে খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল।পুটু বলল, ‘চলো, আমরা নদীর ঘাটে যাই। সেখানে আপুকে পাওয়া যাবে।সেখানে মৎস্যকুমারী আছে।’মোহন চাচা বলল, ‘বলিস কী! মাঝে মাঝে নদীতে হঠাৎ ঢেউ ওঠে। আমি তো ভেবেছি বোয়াল মাছ সাঁতরাচ্ছে।’আয়শার বাবা বলেন, ‘মোহন, তুমি তো আমাকে আগে বলো নাই।’ সবাই দৌড়ে যায় নদীর ঘাটে। নদীর ঘাটে অনেক মানুষ। সবাই নদীর দিকে তাকিয়ে আছে।আয়শার মা বলে, ‘আল্লাহ, আমার আয়শাকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও।’ মোহন চাচা আবার বলে, ‘ভোরবেলা ওজু করার সময় নদীতে ঢেউ উঠেছিল। তা হলে মনে হয় মৎস্যকুমারী এসেছিল।’সন্ধ্যা হয়ে গেছে। সবার মুখ কালো। আয়শা কি তা হলে আর ফিরে আসবে না?হঠাৎ নদীতে ঢেউ ওঠে।মোহন চাচা বলে, ‘এই রকম ঢেউ তো অনেকবার দেখেছি। নদীটার পেট যেন ফুলে উঠেছে।’পুটু চিৎকার করে। ‘ওই দেখো মৎস্যকুমারী। ওই দেখো, এদিকে এগিয়ে আসছে। দেখো, দেখো, পিঠের ওপর আয়শা আপু।’মৎস্যকুমারীর পিঠে আয়শা। আয়শাকে দেখে সবাই আনন্দে চিৎকার করে ওঠে। ছোটরা চিৎকার করে, ‘আয়শা, আয়শা।’ চিৎকার শুনে হঠাৎ মৎস্যকুমারীটা ডুব দেয় নদীতে।আবার সবার মন খারাপ হয়ে যায়।লাঠি ভর দিয়ে হাঁটে বুড়ি মা। মুখে শুধু একটি দাঁত আছে তার। গ্রামের সবাই তাকে ‘বুড়ি মা’ বলে ডাকে।‘তোরা এত চিৎকার করছিস ক্যান, মাছকুমারী তো ডুব দেবেই, শরম পাইছে।’ বুড়ি মা বলে।মোহন চাচা বলে, ‘অ্যাই, তোমরা সবাই চুপ করো।’আবার ফুলে ওঠে নদীর পেট।পুটু বলল, ‘ওই দেখো মৎস্যকুমারী।’মৎস্যকুমারীকে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। পিঠের ওপর বসে আয়শা হাসছে। ধীরে ধীরে এগিয়ে আসছে ঘাটের দিকে।ছোটরা আবার চিৎকার করে ওঠে।বুড়ি মা ধমক দেয়, ‘অ্যাই, চেঁচামেচি করবে না।’ এ কথা বলার পরই বুড়ি মার মুখের শেষ দাঁতটি ছিটকে পড়ে যায়।সবাই চিৎকার করছে। আনন্দের চিৎকার। থামছে না। পুটুর চোখে পড়ল বুড়ি মার দাঁত। সে দাঁত তুলে প্যান্টের পকেটে রাখে।মৎস্যকুমারীটি নদীর ঘাটে চলে এল।আয়শা মৎস্যকুমারীর পিঠ থেকে লাফিয়ে নামে। সেই দৃশ্য দেখে সবাই আনন্দে চিৎকার করে ওঠে।মৎস্যকুমারী মিষ্টি হেসে বলে, ‘আয়শা, আসি। আবার দেখা হবে।’আয়শাও বলে, ‘আবার দেখা হবে।’বুড়ি মা এগিয়ে যায় মৎস্যকুমারীর দিকে। তার গালে হাত রাখে।বলে, ‘আমিও একসময় তোমার মতো সুন্দর ছিলাম।’মৎস্যকুমারী হেসে বলে, ‘বুড়ি মা, তোমার দাঁত কোথায়?’পুটুও এগিয়ে যায় সেদিকে। বলে, ‘বুড়ি মা, এই যে তোমার দাঁত।’সবাই হাসতে থাকে।মৎসকুমারী মাঝনদীতে গিয়ে ডুব দেয়। তাকে আর দেখা যায় না।