ইঁদুরসুন্দীর বর খোঁজা
এক ইঁদুর দম্পতির ছিল অপূর্ব সুন্দরী এক কন্যা। মেয়েটি মা-বাবার আদর-সোহাগে আস্তে আস্তে বড় হতে লাগল। একসময় তার বিয়ের বয়স হয়। ইঁদুর মা-বাবা মেয়েটিকে নিয়ে একটু বিপদেই পড়লেন। কারণ, নানা দিক থেকে তার বিয়ের প্রস্তাব আসতে লাগল। মেয়েটি যখন এত রূপসী, তখন যার-তার সঙ্গে বিয়ে দেওয়া কোনোমতেই ঠিক হবে না। ভেবে ইঁদুর মা-বাবা মেয়ের বিয়ের প্রস্তাব একে একে ধন্যবাদের সঙ্গে ফিরিয়ে দিলেন। বাবা ইঁদুর একসকালে রোদ পোহাতে পোহাতে মা ইঁদুরকে জিজ্ঞেস করলেন, ‘বলো দেখি, আমাদের এই অসাধারণ সুন্দরী মেয়েটিকে কার হাতে তুলে দেওয়া যায়।’ মা ইঁদুর তখন একমনে কাঁটা হাতে সোয়েটার বুনছিলেন। স্বামীর প্রশ্ন শুনে কাজ থেকে মুখ তুলে বললেন, ‘কে আবার। সূর্যই হবে আমাদের মেয়ের যোগ্য বর। কেননা এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে শক্তিশালী হলেন সূর্য।’বাবা ইঁদুর বিন্দুমাত্র সময় অপচয় না করে সূর্যকে প্রস্তাব দিলেন। বললেন, ‘জনাব সূর্য, আপনি কি আমাদের অসামান্য কন্যাকে বধূ হিসেবে গ্রহণ করতে আগ্রহী। কারণ, আমাদের ধারণা পৃথিবীতে আপনি সবচেয়ে শক্তিশালী।’সূর্য মৃদু হেসে উত্তর দিলেন, ‘আমাকে পাত্র বিবেচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার চেয়েও শক্তিশালী কেউ আছে।’‘কে সে?’ জিজ্ঞেস করলেন বাবা ইঁদুর, ‘আপনার চেয়েও শক্তিশালী হতে পারে কে? সূর্য উত্তর দিলেন, ‘মেঘ। মেঘ আমার চেয়েও শক্তিশালী। দেখবেন যখন ঘন কালো মেঘ আকাশে ছেয়ে যায়, তখন আমার আর কোনো ক্ষমতা থাকে না। আমার নিজেকে তখন নিতান্তই অসহায় মনে হয়, কাজেই মেঘকে প্রস্তাব দিন।’বাবা ইঁদুর মেঘকে একইভাবে জানালেন। বললেন, ‘জনাব মেঘ, আপনি কি আমার পরমা সুন্দরী মেয়েটিকে স্ত্রীরূপে গ্রহণ করতে আগ্রহী? কারণ, সূর্যের কথামতো আপনিই নাকি সবচেয়ে শক্তিশালী।’ মেঘ তাঁর হাত নাড়িয়ে জবাব দিলেন, ‘না না, কথাটা মোটেই ঠিক না। আমার চেয়েও শক্তিশালী হচ্ছে বাতাস। কারণ, বাতাস যখন জোরে বইতে শুরু করে, তখন আমার একজায়গায় দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে ওঠে। সে আমাকে তাড়িয়ে নিয়ে যায়।’মেঘের কথা শেষ হতে না-হতেই মহাবেগে বাতাস এসে হাজির। মেঘ ভেসে গেল। বাবা ইঁদুর তাঁর দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলেন, ‘জনাব বাতাস, তা হলে আপনি কি রাজি আছেন আমাদের সুন্দরী মেয়েটিকে বিয়ে করতে? কারণ, আপনিই নাকি সবচেয়ে শক্তিশালী।’ বাতাস বললেন, ‘আরে না না। আমি মোটেই তেমন শক্তিশালী না। আমার চেয়ে শক্তিশালী হচ্ছে দেয়াল। আমি আমার সর্বশক্তি দিয়েও যদি দেয়ালকে ধাক্কা দিই, সে বিন্দুমাত্র নড়বে না। কাজেই আমার অনুরোধ, আপনার এ প্রস্তাবটি আপনি দেয়ালের কাছে পেশ করুন।’বাবা ইঁদুর আর দেরি না করে মেয়ের বিয়ের প্রস্তাব দেন দেয়ালের কাছে। বলেন, ‘জনাব দেয়াল, আপনি আমার মেয়েকে কনে হিসেবে গ্রহণ করুন।’দেয়াল বললেন, ‘না, এটা হতে পারে না। ইঁদুর আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে তার তীক্ষ দাঁত দিয়ে আমার শরীরে অসংখ্য গর্ত করে রেখেছে। তিনি হঠাত্ ব্যথার চোটে কঁকিয়ে উঠলেন।’ বাবা ইঁদুর দেখতে পেলেন, সত্যি সত্যিই একটি ইঁদুর দেয়ালের এক কোণ তার তীক্ষ দাঁত দিয়ে কুট কুট করে কামড়াচ্ছে। তিনি বুঝে ফেললেন, এতক্ষণ যাঁরা যা যা বলেছেন, তা সত্যি। তক্ষুনি ইঁদুর ছেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দিয়ে দিলেন। মেয়ে-জামাই সুখে-শান্তিতে দিন কাটাতে লাগল।দ্বিতীয় শ্রেণী, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা।