ইকরির নতুন জামা
সিসিমপুর একটা মজার জায়গা। ছয় বছরের মেয়ে টুকটুকি স্কুলে যায়, পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। ছয় বছরের শিকু, নেশা তার আবিষ্কার। প্রকৃতিপ্রেমী হালুমের প্রিয় মাছ-সবজি। এ ছাড়া রয়েছে দোকানদার গুণী ময়রা, লাইব্রেরিয়ান আশা, খামারি মুকুল, স্কুলশিক্ষক সুমনা, ফেরিওয়ালা বাহাদুর, গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলি আর দুই ভেড়া—মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের গল্প, যা ছাপা হচ্ছে গোল্লাছুটেইকরি নতুন দেখিয়ে বলল, ‘টুকটুকি, দেখো, নতুন জামা।’টুকটুকি ফুলতোলা রঙিন জামা দেখে বলল, ‘পরে দেখাও না, ইকরি!’ ইকরি এতই খুশি যে জামার বোতাম না খুলেই পরতে গেল। ফলে ইকরির ঝাঁকড়া চুলের মাথা জামায় আটকে গেল। সে দুই হাত মেলে টুকটুকিকে খুঁজতে খুঁজতে বলল, নতুন জামা ছোট হয়েছে। জামা পরতে পারছি না!টুকটুকি হেসে বলল, ‘জামা ঠিক আছে, ইকরি। তুমি জামার বোতাম খুলতে ভুলে গেছ।’ ইকরি তাড়াতাড়ি জামা থেকে মাথা বের করে দেখল, সত্যি সে বোতাম খুলতে ভুলে গেছে। ইকরি আবার জামা পরতে গেল। এবার সে মাথা ঢোকাতে পারল কিন্তু হাত ঢোকাতে গেল ভুলে গেল। জামা পরে ইকরি মহা উল্লাসে বলল, টুকটুকি, কী দারুণ জামা! তোমার সঙ্গে হাত মেলাব।টুকটুকি হাত এগিয়ে দিল। কিন্তু ইকরি হাত বের করতে গিয়ে হাত আটকে গেল। কিছুতেই বের হচ্ছে না। ইকরি অবাক হয়ে বলল, ওহ্! জামার হাতের জায়গায় হাত নেই! ইকরি জামাটি আবার খুলে পরতে শুরু করল। টুকটুকি তাকে উৎসাহ দিয়ে বলল, জামার একেকটা হাতায় একটা করে হাত ঢোকাও...ইকরি ঠিকমতো হাত ঢুকিয়ে জামা পরল। টুকটুকি বলল, ‘বাহ্, তোমাকে দারুণ লাগছে। এসো, এবার হাত মেলাই।’ইকরি আর টুকটুকি হাত মেলাল। এরপর হাত ধরে ঘুরে ঘুরে তারা নাচতে লাগল।