টুকটুকি, শিকু, ইকরি ও হালুমকে নিয়ে সিসিমপুরের গল্প। সঙ্গে আছে আরও অনেকে। সবাই মিলে নানা কাণ্ড ঘটায় এখানে, যা জানতে হলেপড়তে হবে।একদিন সকালে শিকু পাহাড়ের সামনে এসে দাঁড়াল। তার সামনে সারি সারি পাহাড়। শিকু তার দুই হাত মুঠো করে চোঙার মতো বানিয়ে মুখের সামনে ধরে চিৎকার করে বলল, ‘শুভ সকাল।’শিকুর কথা সামনের পাহাড়ে বাড়ি খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এল, শু-ভ-স-কা-ল...।এমন সময় ইকরি এল। সে বলল, ‘একা একা কার সঙ্গে কথা বলছ, শিকু?’শিকু বলল, ‘ঠিক কারও সঙ্গে নয়, আমি প্রতিধ্বনি নিয়ে পরীক্ষা করছি।’ ‘সে আবার কী?’শিকু বলল, ‘প্রতিধ্বনি এক ধরনের আওয়াজ। জোরে কোনো কথা বললে কিংবা শব্দ করলে, সেই শব্দ ভাসতে ভাসতে সামনের কোনো কিছুতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে। সেটাকেই প্রতিধ্বনি বলে।’শিকু আরও বলল, ‘আমি করে দেখাচ্ছি, তুমি ভালো করে শোন।’শিকু চিৎকার করে বলল, ‘শুভ সকাল...!’সঙ্গে সঙ্গে শিকুর কথাটা সামনের পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এল। ইকরি শুনল, শু-ভ-স-কা-ললল...!ইকরি মজা পেল। তাই শিকুর ভঙ্গি অনুকরণ করে চিৎকার করে বলল, ‘বন্ধু!’ ইকরির কথাও পাহাড়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে এল, ব-ন-ধু-উ-উ-উ...!সে উচ্ছ্বসিত হয়ে বলল, ‘শিকু, এবার ইকরি প্রশ্ন করবে আর প্রতিধ্বনি উত্তর দেবে।’শিকু বলল, ‘না, ইকরি, প্রতিধ্বনি উত্তর দিতে পারে না। তুমি যা বলবে, প্রতিধ্বনি শুধু সে কথাই ফিরিয়ে দিতে পারে।’ইকরি একটু ভেবে বলল, ‘প্রতিধ্বনি অবশ্যই উত্তর দেবে, শিকু।’শিকু বলল, ‘কীভাবে?’ইকরি বলল, ‘দেখ...।’ইকরি এবার চিৎকার করে বলল, ‘একটা পাখির কয়টা ডানা?’প্রতিধ্বনিতে শোনা গেল, এ-ক-টা—পা-খি-র—ক-য়-টা—ডা-না?ইকরি আবার বলল, ‘একটা পাখির দুইটা ডানা...!’প্রতিধ্বনিও বলল, ‘এ-ক-টা—পা-খি-র—দু-ই-টা—ডা-না..!ইকরি খিলখিল করে হেসে বলল, ‘দেখলে তো, শিকু, প্রতিধ্বনিও উত্তর দিল!’ইকরির বুদ্ধিতে শিকু ভীষণ অবাক হলো।