ইকরির প্রিয় বন্ধু
সিসিমপুরে সবাই সবার বন্ধু। ছয় বছরের ছটফটে মেয়ে টুকটুকি স্কুলে যায়, বই পড়তে ভালোবাসে। তিন বছরের ইকরি প্রশ্ন করতে ভালোবাসে। সরল হালুম প্রকৃতিপ্রেমী বাঘ। ছয় বছরের শেয়াল শিকু মেতে থাকে আবিষ্কারের নেশায়। গুণী ময়রা ও আশা স্বামী-স্ত্রী; একজন মুদির দোকানি অন্যজন লাইব্রেরিয়ান। আরেক দম্পতি মুকুল ও সুমনা। ‘বনমালী নার্সারি’ নামে তাদের একটা নার্সারি আছে। সুমনা স্কুলের শিক্ষক। সিসিমপুরের বাহাদুর ভ্যানে জিনিস নিয়ে ফেরি করে। এ ছাড়াও সিসিমপুরে আছে গরু পার্বতী, মোরগ শেরালী, মুরগি বিজলী আর দুই ভেড়া বন্ধু মানিক ও রতন। এদের নিয়েই সিসিমপুরের ঘটে মজার মজার গল্প, যা ধারাবাহিকভাবে প্রকাশিত হবে ‘গোল্লাছুট’ পাতায়ইকরি মনোযোগ দিয়ে ফ্রেমে বাঁধানো টুকটুকি আর তার ফটোটা দেখছিল। দুজন গলাগলি করে দাঁড়িয়ে আছে। টুকটুকি হলো ইকরির প্রিয় বন্ধু। হঠাৎ ইকরির মাথায় একটা বুদ্ধি আসে। এক দৌড়ে গিয়ে হাজির হয় গুণী ময়রার দোকানে।গুণী ময়রা হেসে বলল, ‘কী খবর, ইকরি?’ইকরি তার ছোট্ট নীল দুই হাত পাখির ডানার মতো দুদিকে ছড়িয়ে দিয়ে বলল, ‘তুমি এত্ত শক্ত বেগুনি রং দাও।’ গুণী ময়রা নিজের ইয়া বড় হাত দুটো দুদিকে ছড়িয়ে ধরে বলল, ‘এত্ত শক্ত মানে কী, ইকরি?’ইকরি ওর তুলতুলে নীল গালে ডান হাত ঠেকিয়ে ভাবতে লাগল, কেমন করে গুণী ময়রাকে বোঝাবে! অনেক ভেবে বলল, ‘এত্ত শক্ত মানে যে বেগুনি রং ঘষলে উঠে যাবে না। আবার পানি লাগলেও উঠে যাবে না।’ গুণী ময়রা ভাবল, এমন পাকা রং দিয়ে ইকরি কী করবে? আর খালি বেগুনি রংটাই বা কেন চাইছে? ভেবে কোনো কূল-কিনারা না পেয়ে বলল, ‘শক্ত বেগুনি রং দিয়ে কিসের ছবি আঁকবে তুমি?’ইকরি খিলখিল করে হেসে বলল, ‘ইকরি তো ছবি আঁকবে না, গুণী ময়রা।’গুণী ময়রা অবাক হয়ে বলল, ‘তাহলে?’ ইকরি হাসি থামিয়ে বলল, ‘শক্ত বেগুনি রং দিয়ে ইকরি তার গায়ের রং বেগুনি করবে!’ গুণী ময়রা আরও অবাক হয়ে বলল, ‘নীল রঙের ইকরি হয়ে যাবে বেগুনি রঙের ইকরি! কিন্তু কেন তুমি এমনটা করবে?’ইকরি বলল, ‘ইকরির প্রিয় বন্ধু টুকটুকি! টুকটুকির গায়ের রং বেগুনি, তাই ইকরিও তার গায়ের রং বেগুনি করবে। তাড়াতাড়ি দাও গুণী ময়রা!’গুণী ময়রা একটু ভাবল, ইকরিকে কাছে বসাল। তারপর বলল, ‘দিচ্ছি। দিচ্ছি। কিন্তু তার আগে তোমাকে যে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে ইকরি। বলো, হালুম কি আমার প্রিয় বন্ধু নয়?’ইকরি বলল, ‘এটা তুমি কী বলছ! হালুম তো তোমার খুব প্রিয় বন্ধু!’ গুণী ময়রা বলল, ‘হালুম কি শিকুর প্রিয় বন্ধু নয়?’ইকরি বলল, ‘হালুম শিকুর খুব প্রিয় বন্ধু!’ গুণী ময়রা বলল, ‘আমি কি তোমার প্রিয় বন্ধু নই, ইকরি?’ইকরি বলল, ‘তুমি তো ইকরির দারুণ প্রিয় বন্ধু, গুণী ময়রা!’গুণী ময়রা বলল, ‘এবার বলো, তোমার আর আমার গায়ের রং কি এক রকম?’ইকরি বলল, ‘না।’গুণী ময়রা বলল, ‘হালুম আর আমার গায়ের রং কি এক রকম?’ইকরি বলল, ‘কেন এত সোজা প্রশ্ন করছ, গুণী ময়রা? ইকরি জানে, তোমার আর হালুমের গায়ের রং এক নয়। শিকু আর হালুমের গায়ের রংও এক রকম নয়।’গুণী ময়রা বলল, ‘তাহলে কী হলো ব্যাপারটা, ইকরি?’ইকরি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ‘ইকরি বুঝতে পেরেছে গুণী ময়রা! গায়ের রং এক রকম না হলেও প্রিয় বন্ধু হওয়া যায়! তোমাকে অনেক ধন্যবাদ!’গুণী ময়রা খুশি হলো। হঠাৎ ইকরি বলল, ‘গুণী ময়রা, ইকরিকে তাড়াতাড়ি শক্ত বেগুনি রংটা দাও।’গুণী ময়রা চিন্তিত হয়ে বলল, ‘তুমি কি তবু তোমার গায়ের রং টুকটুকির মতো করবে, ইকরি?’ইকরি বলল, ‘ইকরি তার গায়ের রং টুকটুকির মতো করবে না। ইকরি শক্ত বেগুনি রং দিয়ে প্রিয় বন্ধু টুকটুকির ছবি এঁকে টুকটুকিকে উপহার দেবে। ইকরির আঁকা টুকটুকির গায়ে পানি লাগলেও মুছবে না, ঘষা লাগলেও নষ্ট হবে না।’ বেগুনি রং নিয়ে ইকরি দিল এক দৌড়।