ইচ্ছেঘুড়ি
জল পড়ে পাতা নড়ে—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। জল পড়ে পাতা নড়ে একটা পত্রিকাও; পত্রিকাটা তোমাদের। যেসব শিশু চোখে দেখতে পারে না তাদের জন্য ব্রেইলেও প্রকাশিত হয় জল পড়ে পাতা নড়ে। প্রকাশ করে বেঙ্গল ফাউন্ডেশন। ৪ ফেব্রুয়ারি পত্রিকাটি পা রাখল দ্বিতীয় বছরে। জন্মদিন উপলক্ষে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছিল শিশুদের নিয়ে মজার এক আয়োজন—ইচ্ছেঘুড়ি। সেখানে এসেছিল ঢাকার বেশ কয়েকটি স্কুলের প্রায় ১০০ শিশু-কিশোর। অতিথি হয়ে এসেছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, নৃত্যশিল্পী লায়লা হাসান ও জল পড়ে পাতা নড়-এর উপদেষ্টা সম্পাদক নাজিয়া জাবীন। অতিথিদের বক্তৃতা শেষে উদ্বোধন করা হয় ভাস্কর্য প্রদর্শনীর। কী যে দারুণ দারুণ সব ভাস্কর্য! পেটমোটা একটা চারপেয়ে প্রাণী, মানুষের মুখ, মাটির উনুন, সেখানে আবার রান্নাও চলছে! মাটি দিয়ে গড়া গোলাপ ফুলও দেখা গেল বেশ কয়েকটি। কারা বানিয়েছে জানো? বানিয়েছে তোমাদের মতো শিশুরা। যাদের অনেকেই চোখে দেখে না, কানে শোনে না কিংবা বলতে পারে না কথা! অনুষ্ঠানের আগে দুই দিন একটা কর্মশালা হয়েছিল। সেখানেই ওদের শেখানো হয়েছিল কী করে ভাস্কর্য বানানো হয়। তারপর নিজেরাই তৈরি করে ফেলেছে চমৎকার সব জিনিসপত্র! কী করে পারল ওরা? রফিকুন নবীর বক্তৃতার সময় মিলল উত্তর, ‘কেবল চোখ থাকলেই দেখা যায়—এটা সত্যি নয়। মনেরও চোখ থাকে। তোমরা যারা চমৎকার সব ভাস্কর্য গড়েছ, তাদেরও দেখার চোখ আছে। মনের চোখ।’মোহিনী আক্তারও বলল একই কথা। ও পড়ে মিরপুর বিশেষ শিক্ষাকেন্দ্রে, ক্লাস থ্রিতে। মোহিনী চোখে দেখে না, কিন্তু ক্লাসে ফার্স্ট ও। শুধু পড়াশোনায়ই নয়, মোহিনী ফার্স্ট কবিতা আবৃত্তিতেও। নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এই শব্দটি আমাদের কীভাবে হলো’ কবিতাটি সে আবৃত্তি করে মুগ্ধ করল সবাইকে। সবশেষে পুরস্কার বিতরণী। হতাশ হলো না কেউই। অনুষ্ঠানে আসা সব শিশুই পেল পুরস্কারের ব্যাগ। আর গাইল, ‘আমরা করব জয়, আমরা করব জয় একদিন।’