ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে টুপুর। তিনটা ক্লাস টেস্ট আগামীকাল। বেচারি ভেবেছিল, মা-বাবা আর ভাইয়ার সঙ্গে সেন্ট মার্টিনে কী মজাই না করবে! কিন্তু টিচারের কথায় তার আশার গুড়ে বালি পড়ল। কী আর করা! স্কুলের বাসে চেপে বাসায় ফেরার পথে তার ছোট্ট দুই চোখে শত শত রঙিন ইচ্ছা যেন ডানা মেলল, দুঃখী মনে সে বাসায় ফিরল। টুপুর আম্মুও ওর দুঃখটা বুঝতে চেষ্টা করলেন না। উল্টো তাকে পড়ায় মন বসাতে বললেন। আম্মুর এ ভাব দেখে টুপুর মন আরও খারাপ হয়ে গেল। শেষমেশ মন খারাপ করে সে বারান্দায় দাঁড়াল। পাখিদের দেখে তার ইচ্ছে করল আকাশে উড়তে। তার একমাত্র বন্ধু ভাইয়াটাও বাসায় নেই। কী যে করে সে সারা দিন খেলার মাঠে, সেই-ই জানে! বেলা গড়িয়ে বিকেল হলো। আম্মু যথারীতি অগ্নিমূর্তি ধারণ করে বললেন, ‘টুপু, যাও, পড়তে বসো।’ আম্মুটা যে কী! সারা দিনই মন খারাপ করে থাকে। বিষণ্ন মনে টুপু পড়তে বসে। ভাইয়ার সঙ্গেও ঠিকভাবে কথা বলে না। কিন্তু পড়ার ফাঁকে তার মন চলে যায় সেন্ট মার্টিনের নির্জন পাড়ে। এভাবেই রাত গভীর হয়ে আসে। বাসার সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু টুপু পড়া শেষ করে স্কুলব্যাগ গুছিয়ে নেয়। জানালা দিয়ে আকাশ দেখে সে। ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ইচ্ছেপূরণ’ গল্পের কথা, ইচ্ছাঠাকুরণের জাদুর কথা। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে টুপু। হঠাৎ টুপুর মনে হয়, তার পাশে কেউ বসে মিষ্টি গলায় যেন তাকে বলছে, ‘বাছা, শুনতে পাচ্ছ?’ যেন হাজার মাইল দূর থেকে ভেসে আসা অস্পষ্ট ধ্বনি। সে চোখ মেলে দেখে তার পাশে বসে আছে স্বয়ং ইচ্ছাপূরণ ঠাকুরণ। সে অবাক দৃষ্টিতে তাকায়। ঠাকুরণ টুপুকে আদর করে কত হাসির গল্প শোনায়! শেষে টুপুকে বলে তার মনের ইচ্ছার কথা বলার জন্য। টুপুও শত আশা নিয়ে ঠাকুরণকে বলে তার মনের ইচ্ছার কথা। ঠাকুরণ বলে, ‘টুপু, সোনা আমার, তুমি খুব লক্ষ্মী। তোমার ইচ্ছে আমি অবশ্যই পূরণ করব, অবশ্যই...’ যেভাবে শব্দগুলো ভেসে আসছিল, যেন সেভাবেই তা হারিয়ে গেল বহু দূরে। ‘টুপু, এই টুপু, ওঠ। যাবি না তুই?’ ‘কোথায় আম্মু? আজ না পরীক্ষা?’ ঘুমজড়িত কণ্ঠে জবাব দেয় সে। আম্মু বলেন, ‘আরে বোকা, সেন্ট মার্টিন যাবি না?’ সেন্ট মার্টিনের কথা শুনেই ওর ঘুম উবে যায়। তাড়াতাড়ি উঠে বসে সে। জিজ্ঞেস করে, ‘সেন্ট মার্টিন! আজ তো পরীক্ষা। ইচ্ছেপূরণ ঠাকুরণ কই?’ ‘আরে, কী বলছিস এসব! শোন, সকালে তোর স্কুল থেকে ফোন এল। বলল, তোদের স্কুল জেলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। তাই স্কুল দুই দিন বন্ধ।’শুনে টুপু যেন আকাশের চাঁদ হাতে পেল। সে আনন্দে আত্মহারা হয়ে আম্মুকে জড়িয়ে ধরল। ভাবল, এ কি স্বপ্ন, না জাদু! খুশির ডানায় ভর করে তার ইচ্ছেরা ডানা মেলল যেন আকাশে। চোখ বুজেই সে দেখতে পেল সমুদ্র, নীলাকাশ, প্রবাল, লাল কাঁকড়া...আরও কত কী! ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম