একসময় তিব্বতের একটা গ্রামে পাশাপাশি বাড়িতে দুজন লোক বাস করত। একজন ছিল ধনী, আরেকজন গরিব। ধনী লোকটার নাম ছিল সিরিং। সে ছিল অহংকারী, লোভী আর স্বার্থপর। গরিব লোকটার নাম ছিল সাম্বা। সে ছিল দয়ালু। সবাই তাকে ভালোবাসত।একদিন দুটি চড়ুই পাখি এসে গরিব লোকটার দরজার ওপর বাসা বাঁধল। ওদের বয়স ছিল কম, তাই গা-গতরে বেশি শক্তি ছিল না। ওদের একজন একদিন নিচে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল। সাম্বা যত্ন করে পাখিটাকে ঘরের ভেতর নিয়ে গেল আর একটুকরো কাপড় দিয়ে ওর ভাঙা পা-টা বেঁধে দিল। তারপর সে পাখিটাকে ওর বাসায় রেখে দিল।পাখি দুটি ছিল আসলে পরী, কিন্তু সাম্বা তা জানত না। যে পাখিটার পা ভেঙেছিল, কয়েক দিন বিশ্রাম নেওয়ার পর ভালো হয়ে গেল। একদিন বাসা থেকে বেরিয়ে উড়ে উড়ে কোথায় যেন গেল, তারপর আবার ফিরে এল। তার মুখে পাঁচটি শস্যদানা। এগুলো সাম্বার সামনে রেখে সে বলল, ‘আমার প্রতি দয়া করার জন্য আপনাকে দিলাম। এগুলো বাগানে নিয়ে বুনে দিন, তারপর দেখুন কী হয়।’ এ কথা বলে পাখিটা উড়ে গেল।শস্যদানাগুলো রোপণ করে সাম্বা নিয়মিত পানি দিতে লাগল। দানা থেকে দ্রুত চারা গজাল। একদিন সে লক্ষ করল, গাছের শস্যগুলো পেকে গেছে। তখন অবাক হয়ে সে দেখল, ওগুলো আসলে শস্য নয়—রত্ন। ওগুলো তুলে নিয়ে সে শহরে চলে গেল। রত্নগুলো বিক্রি করে অনেক টাকা পেল।সে আর গরিব রইল না। আনন্দের সঙ্গে সংসার চালাতে লাগল।তার লোভী প্রতিবেশী সিরিং দেখল, সাম্বা আর গরিব নেই। একদিন সে সাম্বার বাড়িতে গিয়ে হাজির হলো এটা জানতে যে হঠাৎ করে সে এত টাকা-পয়সা কোথায় পেল। সরল-সহজ সাম্বা হাসিমুখে তার টাকা-পয়সা পাওয়ার পুরো গল্পটা সিরিংকে বলে দিল।সিরিং বাড়ি ফিরে গিয়ে ভাবল, আমিও কেন ওমনি করে রত্নের মালিক হব না? বেশ কটা চড়ুই পাখি তার বাড়ির ছাদে বাসা বেঁধেছিল। সিরিং দেখল, একটা চড়ুই তার ছানাকে আধার খাওয়াচ্ছে।লোভী সিরিং ছাদে উঠে চড়ুইছানাকে লাঠি দিয়ে খোঁচা মেরে নিচে ফেলে দিল। এতে একটা পা ভেঙে গেল ছানাটির। সিরিং নিচে গিয়ে পাখিটাকে তুলল, কাপড় দিয়ে পা-টা ভালো করে বেঁধে ওর বাসায় নিয়ে রেখে দিল।কয়েক দিন পর পাখিটার পা ভালো হয়ে গেলে সে উড়তে পারল। একদিন সে উড়ে উড়ে কোথায় যেন গেল, আবার ফিরে এল। মুখে তার শস্যদানা। দানাটি সে সিরিংয়ের সামনে রেখে বলল, ‘এটা আপানাকে দিলাম। বাগানে নিয়ে লাগিয়ে দিন। তারপর দেখুন কী হয়।’ এ কথা বলে পাখিটা উড়ে গেল।চারাটা দ্রুত বড় হতে লাগল। পরের সপ্তাহে সিরিং বাগানে গিয়ে দেখল, চারাটি বড় একটা মানুষের আকার ধারণ করেছে, হাতে তার একটা তরবারি। লোকটাকে এত বলবান আর ভয়ংকর মনে হলো যে সিরিং ভয়ে বাড়িতে গিয়ে লুকাল। কিন্তু লোকটা তার পিছে পিছে গিয়ে সিরিংয়ের ঘরে ঢুকে পড়ল এবং তার সোনাদানা, টাকা-পয়সা নিয়ে উধাও হলো। ফলে সিরিং আর ধনী রইল না। তার অবস্থা এমন খারাপ হয়ে পড়ল যে তিনবেলা খাবারই জুটছিল না ভালো করে।কয়েক মাস পর সাম্বা সফরে বেরোল। যাওয়ার আগে সে প্রতিবেশী সিরিংকে সোনাভর্তি একটা থলে দিয়ে বলল, ‘এটা যত্ন করে রাখো ভাই, আমি সফর থেকে এলে ফেরত দিয়ো।’ সিরিং তার কথায় রাজি হয়ে সোনার থলেটা রেখে দিল। কিন্তু সাম্বা চলে যাওয়ার পর সে সব সোনা বিক্রি করে দিয়ে টাকা-পয়সা খরচ করে ফেলল। খালি থলেটা সে বালু দিয়ে পূর্ণ করে রাখল।কিছুদিন পর গ্রামে ফিরে সাম্বা তার সোনাভর্তি থলেটা ফেরত এনে দেখল, ওতে সোনাটোনা কিছু নেই, আছে শুধু বালু। সিরিংয়ের কাছে গিয়ে সে বলল, ‘আমার সোনা কোথায় গেল ভাই?’ সে অবাক হওয়ার ভান করে বলল, ‘সব সোনা বালু হয়ে গেছে। কী অবাক কাণ্ড দেখো!’সাম্বা তাকে কিছুই না বলে বাড়িতে ফিরে এল।পরের সপ্তাহে সাম্বা গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করে ঘোষণা দিল, ওই স্কুলে পড়তে কোনো টাকা-পয়সা লাগবে না। এ কথা শুনে সিরিং তার পাঁচ বছরের ছেলেকে ওই স্কুলে পাঠিয়ে দিল। কয়েক দিন পর সিরিং তার এক চাচার বাড়িতে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সাম্বাকে সে বলল, ‘আমি তো কয়েক দিনের জন্য বাইরে যাচ্ছি। আমার ছেলেটাকে স্কুলে থাকতে দাও।’ তার কথায় চটপট রাজি হয়ে গেল সাম্বা।সিরিং চলে যাওয়ার পর সাম্বা হাঁটতে বেরোল। রাস্তা থেকে সে একটা বানর ধরে এনে তাকে বলতে শেখাল, বাবা আমি বানর হয়ে গেছি। কী অবাক কাণ্ড দেখো! সাম্বা সিরিংয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগল।কদিন পর সিরিং গ্রামে ফিরে স্কুল থেকে ছেলেকে আনতে গেল। ক্লাসে ঢুকে দেখল, তার ছেলে সেখানে নেই। ওখানে একটা বানরকে বসে থাকতে দেখে সে অবাক হলো।সিরিং সাম্বাকে বলল, ‘আমার ছেলে কোথায় ভাই? পড়া তৈরি করার জন্য সে কি খুব খাটাখাটনি করছে?’সাম্বা কিছু না বলে বানরটাকে তুলে এনে তার কাছে দিল। সে আশ্চর্য হয়ে বলল, ‘আমার ছেলে কোথায়?’বানরটা তখল বলল, ‘আমি বানর হয়ে গেছি বাবা! কী অবাক কাণ্ড, তাই না?’এ কথা শুনে সিরিং ভীষণ খেপে গেল আর সাম্বাকে গালাগাল দিতে লাগল; কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করল না। বাধ্য হয়ে সিরিং একাই বাড়ি ফিরে গেল। তার বাড়িতে সোনাদানা তেমন কিছু ছিল না। সে তার চাচার কাছ থেকে এক থলে সোনা নিয়ে এল। কালবিলম্ব না করে সে সোনাভর্তি থলেটা নীরবে সাম্বার হাতে তুলে দিল। একটুখানি মুচকি হেসে সাম্বা ঘরের ভেতর গেল আর সিরিংয়ের ছেলেকে নিয়ে ফিরে এল।এর পর থেকে সিরিং আর কারও সঙ্গে চালাকি করার দুঃসাহস দেখায়নি।