আমি রনি। বয়স ১২ বছর। উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। পড়ি ক্লাস সিক্সে। সবাই বলে, বয়সের তুলনায় আমি নাকি অনেক বেশি লম্বা। মা বলেন, উচ্চতার সঙ্গে সঙ্গে আমার অহংকারও নাকি সমপরিমাণে বাড়ছে। আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র। ‘অহংকার’ শব্দটার অর্থ আমার কাছে অনেক কঠিন মনে হয়। তবে এটা বুঝি, অনেক কিছু নিয়ে আমি খুব গর্ব বোধ করি। আমার স্কুল নিয়ে, পরিবার নিয়ে, মা-বাবাকে নিয়ে, ভাইদের নিয়ে— এককথায় সবকিছু নিয়ে। শহরের সবচেয়ে নামকরা স্কুলে আমার ভাই আর আমি পড়ি। আমার সবচেয়ে ছোট ভাইটাও আগামী বছর এ স্কুলেই ভর্তি হবে। এই স্কুলে পড়ার জন্য প্রতি মাসে মা-বাবাকে অনেক টাকা বেতন দিতে হয়। দামি গাড়ি চড়ে স্কুলে যাই, রোদ-ঝড়, তীব্র শীত—কোনো কিছুতেই কষ্ট হয় না আমার। ঝটপট ইংরেজি বলা আমার জন্য কোনো ব্যাপারই না। আমরা দুই ভাই স্কুলের সেরা ছাত্রদের তালিকায় থাকি প্রতিবছর। তাহলে তোমরাই বলো, আমি কেন মায়ের ভাষায় ‘অহংকারী’ হব না। আমার মধ্যে পরিবারের লোকজন ছাড়া আর কারও জন্য কোনো দয়ামায়া কাজ করে না। কেন করে না, জানি না। মামণির এটা নিয়ে কত অভিযোগ—‘তুমি ভালো আছো, তাই বলে কি অন্যের কষ্ট বুঝতে হবে না?’ আরে বাবা! মনে দয়ামায়া আসে না তো আমি কী করব? যত্ত সব! মামণির সবকিছুতেই বাড়াবাড়ি।আমি যখন গাড়িতে করে স্কুলে যাই, তখন কাউকে রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে দেখলে খুব মজা লাগে। সে অনুভূতি আমি কাউকে বোঝাতে পারব না। আমাদের আশপাশের কোনো ফ্ল্যাটের কারোরই গাড়ি নেই। আমার খুব অন্য রকম আনন্দ হয় এতে। আমার মা ঠিক উল্টো। উনি হলেন দয়ার সাগর। পরিচিত কাউকে রিকশার জন্য অপেক্ষা করতে দেখলেই লিফট দিতে চান। আর এ ব্যাপারটা আমার একটুও ভালো লাগে না। কোথায় একটু আরাম করে যাব, তা না, উল্টো গাদাগাদি করে যাও। মাঝেমধ্যে ওদের ঘামের গন্ধে আমার বমি আসে। মামণিকে এগুলো বললেই বলবেন, ‘ওসব বলতে নেই, বাবা; পাপ হয়।’ হেহ্, পাপ হয়! দেব একদিন বমি করে সবার সামনে। তাহলেই বুঝবে মজা। কিন্তু তা তো করতে পারব না। মামণিকে যে ভীষণ ভালোবাসি আমি। এ রকম কিছু করলে মামণি খুব কষ্ট পাবেন।মামণি কি শুধু তা-ই করেন। সবার জন্য ওনার দরজা খোলা। আমাদের ওপরতলার আন্টি প্রায়ই আমাদের ফ্রিজে মাছ রাখতে আসেন। মামণি কিছু মনে করেন না। কিন্তু আমি মনে করি। মাছের সাইজ একদম ছোট ছোট। এসব মাছ কেউ খায় নাকি! বাবা আমাদের জন্য সব সময় বড় বড় মাছ আনেন। আমি বুঝি না, ওই সব ছোট মাছ আবার ফ্রিজে রাখতে হয়? একদিন মাথায় দুষ্টবুদ্ধি চাপল। ভাবলাম, মাছগুলো ফেলে দিলে আর এখানে ওনারা কিছু রাখবেন না। যেমন ভাবা, তেমন কাজ। সোজা রান্নাঘরের ময়লা ফেলার বালতিতে ফেলে দিলাম মাছগুলো। ওহ্, খুব আনন্দ হচ্ছিল তখন। মনে হচ্ছিল, অনেক বড় একটা কাজ করেছি। যাক, এবার থেকে ওরা বুঝতে পারবে, আমরা এটা পছন্দ করছি না। ঘণ্টা খানেক পর কলবেলের শব্দ শুনলাম। মামণি দরজা খুললেন। ওপরতলার আন্টি এসেছেন, ‘দিদি, কাল যে মাছগুলো রেখেছিলাম, ওগুলো নিতে এসেছি।’ এতটুকুই শুনলাম, আর কিছু শোনার মতো বা জানার মতো সাহস আমার হলো না। চুপচাপ ভদ্র ছেলের মতো পড়ার টেবিলে গিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পর মামণির গুরুগম্ভীর ডাক শুনতে পেলাম, ‘রনি, রনি, এদিকে এসো।’ আমি যেন কিছুই জানি না, এমন ভঙ্গি করে মামণির সামনে গেলাম। দেখি, ফ্রিজের সামনে মামণি দাঁড়ানো আর সামনে রান্নাঘরের সেই বালতিটা। মামণির চোখে জল। জিজ্ঞেস করলেন, ‘বাবা, এ কাজটা কি তুমি করেছ?’ আমি হ্যাঁ-না কিছুই বললাম না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। মামণি বুঝতে পারলেন। আমাকে মারলেন না, বকলেনও না। শুধু কাঁদতে কাঁদতে বললেন, ‘আজ যা করেছ, মোটেই ভালো করনি। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। শুধু পড়ালেখায় ভালো হলেই ভালো মানুষ হওয়া যায় না, বাবা, মনটাকেও বড় করা চাই। বলা যায় না, রনি, ওরাও একদিন আমাদের কোনো উপকারে আসতে পারে।’ আমি ভাবি, যাদের একটা ফ্রিজ কেনার সামর্থ্য নেই, যাদের ছেলের স্কুলের বেতন মাত্র ৩০ টাকা, ওরা আমাদের কী উপকারে আসবে!এ ঘটনার কিছুদিন পর সকালবেলা বাবা অফিসে চলে গেলেন। আমার আর ভাইয়ের স্কুল বন্ধ। সকালের পড়া শেষ করে কম্পিউটার খেলতে বসেছি। হঠাৎ শুনি মামণির চিৎকার। কেমন যেন চিৎকারটা। খুব ব্যথা পেলে যেমন করে কেউ চিৎকার করে, তেমন। দৌড়ে মামণির কাছে গেলাম। দেখি, মামণি মেঝেতে পড়ে পেটে হাত দিয়ে গড়াগড়ি করছেন।‘মামণি, তোমার কী হয়েছে?’‘মরে যাচ্ছি, বাবা।’আমি ‘মামণি মামণি’ বলে কেঁদে উঠলাম।বাবার মুঠোফোনে ফোন করলাম। ওপাশ থেকে ফোনটা বন্ধ পাচ্ছি। নিশ্চয়ই বাবা কোনো কাজে ব্যস্ত, গাড়িও তো বাবার সঙ্গে। এখন আমি কী করব!মামণি অনেক কষ্টে বললেন, ‘ওপরতলায় যাও। আন্টিকে ডাকো।’আমি দৌড়ে ওপরে গেলাম। আন্টিকে বলামাত্র আঙ্কেলকে সঙ্গে করে তিনি চলে এলেন। সেই মুহূর্তে একবারও মাথায় আসেনি, আমি ওদের মোটেই পছন্দ করি না। আমার প্রিয় মামণি ব্যথায় কাঁদছেন, আমার কি আর হুঁশ আছে?ঘরে এসে দেখি মামণির অবস্থা আরও খারাপ। ছোট দুই ভাই মামণির পাশে বসে কাঁদছে। আন্টি এসে কী বুঝলেন, জানি না; আঙ্কেলকে বললেন, ‘তাড়াতাড়ি সিএনজি নিয়ে এসো। ওনাকে হাসপাতালে নিতে হবে।’ সিএনজি নিয়ে এসে ওনারা দুজন ধরাধরি করে মামণিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, ‘তোমার বাবার সঙ্গে আমরা যোগাযোগ করব। চিন্তা কোরো না। তুমি শুধু তোমার দুই ভাইকে দেখো।’কয়েক ঘণ্টা কেটে যাওয়ার পরও কোনো সংবাদ পাচ্ছিলাম না কারও কাছ থেকে। আমার মামণির কী হয়েছে? উনি কি ভালো আছেন? উহ্! আমি কিছু ভাবতে পারছিলাম না। বাবাকে ফোন করে পাচ্ছি না। ফোনটা ব্যস্ত দেখাচ্ছে। মনে মনে বলছি, ‘ঈশ্বর, মামণিকে ভালো করে দাও। আর কোনো দুষ্টুমি করব না আমি। এবার থেকে মামণি যা যা পছন্দ করেন, তা-ই করব।’বিকেলের দিকে ওপরতলার আন্টি এলেন বাসায়। বললেন, আঙ্কেল নাকি বাবাকে ফোনে না পেয়ে সরাসরি অফিসে গিয়ে বাবাকে নিয়ে গেছেন হাসপাতালে। বললেন, মামণির একটা অপারেশন হয়েছে। তাই টেনশনে আমাদের জানাতে পারেননি কিছু। ওটা নাকি অ্যাপেনডিক্সের ব্যথা ছিল। ডাক্তাররা বলেছেন, আরেকটু দেরি হলে রোগীকে বাঁচানো যেত না। যা-ই হোক, এ যাত্রা আর কোনো চিন্তা নেই। আন্টি জিজ্ঞেস করলেন, ‘কিছু খেয়েছ, বাবা?’ আমি মাথা নাড়লাম।উনি আমাদের তিন ভাইকে ওনার বাসায় নিয়ে গেলেন। আদর করে, ঠিক যেমনটি মামণি আমাদের খাইয়ে দেন, তেমন করে ভাত খাইয়ে দিলেন। খেতে ইচ্ছে করছিল না, আগে মামণিকে দেখতে ইচ্ছে করছিল। বললাম, ‘আন্টি, মামণিকে দেখব কখন?’ ‘এই তো একটু পরে আমি তোমাদের নিয়ে যাব। আগে খেয়ে নাও। ওখানে তোমার বাবাও আছেন। উনিও কিছু খাননি এখন পর্যন্ত। ওনার জন্য খাবার নিতে হবে। আমি তোমাদের গাড়িতে করে এসেছি। এতেই আবার যাব।’খাওয়ার পর্ব শেষ হলে আমরা তিন ভাই আন্টির সঙ্গে মাকে দেখতে গাড়িতে উঠলাম। আজ আর আমার কোনো ঘামের গন্ধ নাকে লাগল না। আন্টির গায়ের গন্ধটা মনে হলো মামণির গায়ের গন্ধের মতো।হাসপাতালের কেবিনের দরজার কাছে গিয়ে আমি আর ভেতরে ঢুকতে পারছিলাম না। মনে হচ্ছিল, এত পচা পচা কাজ যাদের সঙ্গে করেছি, তারাই আমার মামণিকে আজ বাঁচিয়েছে। কী করে মামণির সামনে যাব! মা বোধহয় সবই বুঝলেন। ইশারায় কাছে ডাকলেন। আমি দৌড়ে মামণির কাছে গেলাম। মামণি বললেন, ‘রনি, খুব চিন্তা করছিলে?’ আমি কিছু বলতে পারছিলাম না। আমার দুই চোখ বেয়ে শুধু জল পড়ছিল। বুঝতে পারছিলাম, দৈহিক উচ্চতা যত বেশিই হোক, মনের উচ্চতা আমার একেবারেই ছিল না। আনন্দ নিকেতন, সুবিদবাজার, সিলেট