এক দিনও বাদ নেই স্কুল
পড়াশোনায় বরাবরই ভালো—এমন অনেকেই আছে। পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীরও অভাব নেই। কিন্তু ১০ বছরে এক দিনও স্কুলে উপস্থিত না থাকার কৃতিত্ব আছে কারও? আছে। এমন কৃতিত্বের অধিকারী তারা তিন ভাইবোন—হলি (১৯), ড্যানিয়েল (১৬) ও ক্লোয়ি (১৪)। তিন ভাইবোনই চার বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করে। তারপর একটি দিনের জন্যও কেউ স্কুল বা কোনো ক্লাস বাদ দেয়নি। বড় দুজন—হলি ও ড্যানিয়েলের এই রেকর্ড অবশ্য এক যুগ পার করেছে। যুক্তরাজ্যের ব্রিস্টলে হ্যানহ্যাম এলাকায় তাদের বাড়ি। পরিবারটি সেখানে গ্লেন পরিবার বলে পরিচিত। মা জ্যানেট (৫২) জানান, তাঁর তিন সন্তানই বেজায় স্কুলপাগল। বাধা যতই আসুক না কেন, তিনজনই এককাট্টা—স্কুলে যাবেই যাবে। জ্বর ও সর্দি-কাশির মতো সাধারণ অসুখ তারা কেয়ারই করে না। এমনকি জলবসন্ত নিয়েও তিন ভাইবোন ক্লাস করেছে। ড্যানিয়েলের ব্যাপারে মা বলেন, ‘ওর তো একবার অ্যাপেনডিক্সের সমস্যা হয়েছিল। তখন হাসপাতালে নিতে হয়েছিল ওকে। গরমের ছুটিতে স্কুল বন্ধ ছিল বলে রক্ষে। নইলে ওর স্কুল কামাই না দেওয়ার রেকর্ড ভেঙে যেত।’ড্যানিয়েল জানায়, চার বছর বয়সে হ্যানহ্যামের ক্রাইস্টচার্চ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় সে। তার পর থেকে শুরু হয়েছে তার স্কুলে যাওয়া। সাত বছর ওই স্কুলে কাটিয়ে পরের পাঁচ বছর পড়েছে হ্যানহ্যাম হাইস্কুলে। এই ১২ বছরে এক দিনও ক্লাস কামাই নেই তার। স্কুল ছুটি না হলে মা-বাবা কখনো তাদের বাইরে কোথাও নেননি। এতে পড়াশোনায় লেগে থাকার ব্যাপারে ধারাবাহিকতা বজায় থেকেছে। নিয়ম মেনে পড়াশোনা করার সুফলও পেয়েছে তারা। প্রত্যেক ভাইবোন প্রতিটি ক্লাসে খুব ভালো ফল করেছে। ড্যানিয়েলের স্কুলের প্রধান শিক্ষক পেগি ফারিংটন বলেন, ‘হ্যাঁ, ড্যানিয়েল সত্যিই এক দিনও ক্লাস বাদ দেয়নি। হয়তো দেখা গেল, এক দিন সে স্কুলেই জ্বরটরে পড়েছে। কিন্তু পরের দিন আবার স্কুলে আসতে দেখেছি তাকে।’ড্যানিয়েলের দুই বোন হলি ও ক্লোয়ির ব্যাপারে মা-বাবা ও শিক্ষকেরা একই কথা বলেছেন। পড়াশোনায় মনপ্রাণ দিয়ে লেগে থাকে বলেই যে তারা কখনো খেলাধুলা করে না, তা নয়। স্থানীয় ইয়েট অ্যাথলেটিক ক্লাবের সদস্য ড্যানিয়েল। ফুটবল খেলতে খুব ভালোবাসে সে। এভাবে পড়াশোনা ও খেলা নিয়ে বেশ আছে তারা। শরিফুল ইসলাম ভূঁইয়াসূত্র: ডেইলি মেইল