একজন লজ্জাবতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ-বিভাগ: তৃতীয়মাঝেমধ্যে মনে হয়, লজ্জাদেবী স্বয়ং আমার মধ্যে আশ্রয় নিয়েছেন। তা ছাড়া ভয়াবহভাবে এতটা লাজুক হব কেন আমি? লজ্জাবতীর লতাকে স্পর্শ করলে তা লজ্জায় নুয়ে পড়ে আর আমি নুয়ে পড়ি স্পর্শ করার আগেই। ক্লাসে কোনো টপিক বুঝতে না পারলে স্যারকে বলতে পারি না, ‘স্যার, আমি বুঝিনি।’ আমার খুব বলতে ইচ্ছে করে, কিন্তু মনের ভেতর থেকে কেউ যেন বলে ওঠে, ‘তুমি এই কথাটা বললে তোমার বন্ধুরা সবাই হেসে উঠবে।’ আমি থ মেরে বসে থাকি। স্যার যখন জিজ্ঞেস করেন, ‘পাললিক শিলার একটা উদাহরণ বলো?’ যদিও উত্তরটা আমার জানা, তবু বলার জন্য দাঁড়ালেই সব ভুলে যাই। কানের ভেতর ঝাঁ ঝাঁ করতে থাকে। মনে হয়, একঝাঁক মৌমাছি আমাকে ঘিরে ওড়াউড়ি করছে। ক্লাসে কোনো প্রশ্নের উত্তর না পারাটা খুবই স্বাভাবিক ব্যাপার, তা আমার অজানা নয়। কিন্তু লজ্জা নামক আজব অবস্তুটা আমাকে জানিয়ে দেয়, সেই মুহূর্তে আমার ধুলোর সঙ্গে মিশে যাওয়া উচিত বা কোনো মন্ত্রবলে ক্লাস থেকে অদৃশ্য হয়ে যাওয়া উচিত।স্কুল থেকে প্রতিবছর আমরা পিকনিকে যাই। বাসের ভেতর, পিকনিক স্পটে সবাই কত আনন্দই না করে। কেউ নাচে, কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে। আমার খুব ইচ্ছে করে ওদের সঙ্গে কিছু একটা করতে। কাজী নজরুল ইসলামের ‘কুলি-মজুর’ কবিতাটি আমি খুব ভালো আবৃত্তি করতে পারি। ইচ্ছে করে তখনই ওদের সবাইকে শুনিয়ে দিই। এখানেও লজ্জা নামক অবস্তুটা আবার আমাকে বাধা দেয়। সে বাধা আমি অতিক্রম করতে পারি না। অত ক্ষমতা আমার নেই। কুিসত অদৃশ্য একটা বাঁধনে সব সময় আমি বাঁধা পড়ে থাকি। এত খারাপ লাগে! এমনটা হওয়ার কিন্তু কথা ছিল না। সত্যিই ছিল না। মা মারা যাওয়ার আগে এতটা লাজুক ছিলাম না আমি। আমার এই ভয়াবহ লজ্জার ব্যাপারটা শুরু হলো বাবার দ্বিতীয় বিবাহের দিন। সেই দিনের কথা আজও আমার মনে পর্বতের মতো গেঁথে আছে। সেদিন হূদয়ে যে লজ্জাতটিনী তৈরি হয়েছিল, তা আজও বয়ে চলেছে অসীমের পানে। আমার স্পষ্ট মনে আছে, সেদিন অনেকেই আমাকে বলছে, ‘জরি, তুমি তো ইতিহাসে নাম লেখালে। বাবার বিয়ে দেখতে পারছ! তুমি গর্ব করে সবাইকে বলতে পারবে, তুমি তোমার বাবার বিয়ে দেখছ।’বাবার বিয়ে দেখা যে খুব গর্বের ব্যাপার না, সে-কথা সেদিন খুব ভালোভাবেই বুঝেছিলাম। বাবা বর সেজে আমার পাশে বসে ছিলেন। আমার খুব লজ্জা লাগছিল। কান্না পাচ্ছিল। বারবার মনে পড়ছিল মায়ের কথা।বিয়ের পরদিনের কথা। নতুন বউটা আমাকে খুব আদর করলেন। বললেন, ‘জরি, তুমি আমাকে মা বলে ডাকবে, ঠিক আছে?’আমি কোনো জবাব দিলাম না। আমার খুব রাগ হচ্ছিল। এই অপরিচিত মহিলাকে আমি মা ডাকব কেন? তিনি কি আমার মা? আমার মা মারা গেছে। অপরিচিত একজন, যিনি আমার মা না, তাঁকে মা বলে ডাকার কোনো প্রশ্নই আসে না। মা তো হয় একটাই।এরপর পরিবারের সবাই আমাকে বোঝাল মহিলাটি আমার নতুন মা। তাঁকে মা ডাকতে হবে। সবশেষে বাবা এসে বললেন, ‘জরি, তোমার নতুন মাকে ডাকো না কেন? তোমার নতুন মা এ জন্য খুব মন খারাপ করেছে।’আমি চুপ করে থাকলাম। ভাবলাম, সবাই আমাকে এত জোরাজুরি করছে কেন? মা বাদে আজগুবি একজনকে কি মা ডাকা যায়? এ-ও কি সম্ভব?এখানে আরেকটা ব্যাপার ছিল। এই দিনগুলোতে আমি মায়ের অভাব, মা ডাকার তৃষ্ণা তেমন অনুভব করিনি। তখন দুই চোখের পাতা এক করলেই মা আমার কাছে আসতেন। আমার গায়ে হাত বুলিয়ে দিতেন, চুলে বিলি কেটে দিতেন, চুপ করে পাশে বসে থাকতেন। ঘুম ভাঙলে খুব ভয় লাগত। কোনো কোনো রাতে মা একটু দূরে দাঁড়িয়ে ‘আয় সোনা, সোনা আয়, আয়’ বলে হাত ইশারা করে ডাকতেন। আমি স্বাভাবিকভাবেই তাঁর দিকে হাঁটা দিতাম, কিন্তু তাঁর কাছে কখনো পৌঁছাতে পারতাম না। ঘুমের ভেতরই খুব অবাক লাগত। এ সময় থেকেই ঘুমের ভেতর হাঁটা আমার অভ্যাসে পরিণত হলো। প্রায়ই ঘুমের ঘোরে হেঁটে হেঁটে সারা বাড়ি ঘুরতাম। এরপর দাদি আমার গলায় একটা তাবিজ ঝুলিয়ে দিলেন। তাবিজ গলায় রাখলে আমি নাকি আর ঘুমের মধ্যে হাঁটব না। আমি ঘুমানোর আগে তাবিজটা খুলে রাখতাম। কারণ, মাকে আমি দেখতে চাই, তাঁকে আমার পাশে চাই।এরপর অনেক দিন কেটে গেল। আমার তথাকথিত মায়ের ছোট্ট একটা বাবু হলো। এক বছর বয়স এখন তার। মা, বাবা, দাদা এই সব বলতে পারে। আমি স্বপ্নে আর মাকে দেখি না। মাঝেমধ্যে সন্ধ্যা না পেরোতেই ঘুমিয়ে পড়ি, যদি একবার মায়ের দেখা পাই। কিন্তু মা আসেন না।আমার ছোট্ট ভাইটি যখন আধো আধো মুখে ‘মা, মা’ বলে ডাকে, তখন আমার ভেতর সবকিছু উলটপালট হয়ে যায়। সেই মহিলাটি আমার মা না হলেও তাঁকে মা বলে স্বীকার করে নিতে আমার আর কষ্ট হয় না। তাঁকে বারবার ‘মা’ বলে ডাকতে ইচ্ছে করে। তাঁকে আর অপরিচিত বলে মনে হয় না। তাঁকে আমি খুব ভালোবাসি। যদিও বাবু হওয়ার পর তিনি আমাকে বেশি ভালোবাসেন না। আগে কতবার বলতেন, ‘তুমি আমাকে মা ডাকো না কেন? তুমি কি আমাকে পছন্দ করো না, জরি?’এসব কথা তিনি আর বলেন না। তিনি কি জানেন, তাঁকে মা বলে ডাকার জন্য আমি মুখিয়ে থাকি? তাঁর এখন বাবু হয়েছে। আমার মা ডাক আজ তাঁর প্রয়োজন নেই। অভিমানে আমার গলাটা ধরে আসে। তাঁর প্রয়োজন না থাকুক, আমার তো আছে। কিন্তু এত দিন তাঁকে মা ডাকিনি, এখন হঠাত্ কী করে ডাকা যায়। না না না, এখন কোনোভাবেই তাঁকে মা ডাকা সম্ভব নয়। লজ্জায় আমি মরেই যাব। মনে মনে তাঁকে আমি হাজারবার মা ডাকি। মা যখন আমাকে ডাকেন, ‘জরি’ এদিকে এসো তো, মা।’আমি ঘরের দরজা বন্ধ করে চুপটি করে বলি, ‘মা’। বাইরে এসে বলি ‘...আসছি।’এরই মধ্যে আবার আমার কাজিনের বিয়ে হয়ে গেল। কাজিনের বউ মানে আমার ভাবি মাকে অবলীলায় মা ডেকে সালাম করল। আমি আর সহ্য করতে পারলাম না। ভাবির তো এটা মা না, তবু অপরিচিত একজনকে কী সহজেই না মা বলে ডাকছে! শুধু আমিই পারছি না। কেন? এত লজ্জা কেন আমার? মনের সঙ্গে অনেক যুদ্ধ করার পরও লজ্জার সঙ্গে আমি পেরে উঠলাম না। তাঁকে মা ডাকতে পারলাম না। খুব কষ্ট হতে লাগল আমার। কান্না আর বাঁধ মানতে চাইল না। ঘরে এসে ফুঁপিয়ে কেঁদে উঠলাম। আস্তে আস্তে কাঁদতে চেষ্টা করছি, কিন্তু কেন জানি না বুকের ভেতর থেকে কে যেন কান্নার আওয়াজটা বাড়িয়ে দিচ্ছিল।আমার কান্না বোধ হয় বাইরে থেকেও শোনা যাচ্ছিল। কারণ, মা তখন ঝড়ের বেগে আমার ঘরে ঢুকলেন। আমার পিঠে হাত রেখে বললেন, ‘কী হয়েছে, মা? কাঁদছ কেন, জরি? বলো, আমাকে বলো।’আমি কিছু না ভেবে তাঁকে জাপটে জড়িয়ে ধরলাম। তিনি বারবার আমাকে বলছেন, ‘কী হয়েছে? কী হয়েছে? কাঁদছ কেন, মা?’আমি কোনো কথা বলতে পারলাম না। শুধু কান্না জড়ানো গলায় একবার বললাম, ‘মা’। মহব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসা, ধুরইল, মোহনপুর, রাজশাহী