মাঠের চারদিকে বনজঙ্গল, মাঝখানে একটা ঝাঁকড়া বটগাছ। সেই বটগাছে থাকে একঝাঁক
ছোট পাখি।
ছোট পাখিগুলো সারা দিন মাঠে খুঁটে খায়, সন্ধ্যাবেলায় ডালে এসে ঘুমায়। চাঁদনি রাতে বনের দিকে চেয়ে হাসে, গল্প করে। আঁধার রাতে ওগুলোর কোনো কোনোটি তারার দিকে তাকিয়ে শিস বাজায়। ভোরে বনের মাথায় সূর্য হাসলে ঘুম থেকে জেগে ওঠে।
একদিন ওই গাছে একটা হনুমান এসে জুটল। হনুমানের ইয়া বড় লেজ, মুখটা পোড়া। দেখেই ছোট পাখিদের খুব ভয় হলো। ওগুলো আর বটগাছে থাকতে পারল না। ভয়ে ভয়ে চলে গেল বাজপাখির কাছে। বাজপাখি সব শুনেটুনে হো হো করে হেসে উঠল। বলল, ‘হনুমানটা ঘুমালেই কান মলে দিবি!’
হনুমানটা সেদিন বটগাছের একটা মোটা ডালে হাত-পা মেলে শুয়েছে। চাঁদনি রাত। নিরিবিলি পেয়ে বেশ আরামে ঘুমিয়ে পড়ল। ছোট পাখিগুলো এই ফাঁকে উড়ে এসে ঠোঁট দিয়ে হনুমানের কানে আচ্ছা করে খোঁচা মেরে ফুড়ুত করে উড়ে গেল।
হনুমান তো আচমকা কানে খোঁচা খেয়ে হকচকিয়ে উঠে কাউকে দেখতে না পেয়ে ভয়ে লেজ তুলে বনের ভেতরে পালাল। আরেকটা হনুমানকে ভয়ে চোখটোখ উল্টিয়ে বলল, ‘ভাই, ওই বটগাছে গিয়ে একটু ঘুমাচ্ছিলাম, কে যে আমার কান ধরে টানল! ভীষণ ভয় করছে!
চলো না আমার সঙ্গে ওই গাছে। এখানে তো বাতাস আসে না, ভালো ঘুম হয় না, ওখানেই ঘুমাবে এখন থেকে।’
এবার দুই হনুমান বটগাছে গিয়ে
আস্তানা গাড়ল।
ছোট পাখিগুলো আবার বাজপাখির কাছে গিয়ে বলল, ‘এবার দুটো এসেছে! এখন আমরা
কী করি?’
বাজপাখি আগের মতো হো হো করে হেসে বলল, ‘এবার যে হনুমানটা নতুন এসেছে, তার লেজে আঁচড় কাটবি!’
ছোট পাখিগুলো ফিরে এসে তক্কে তক্কে থাকল। হনুমান দুটো ওপর-নিচ দুই ডালে শুয়েছে। গল্প করতে করতে বেশ কিছুক্ষণ পরে ওগুলো ঘুমিয়ে পড়ল। ছোট পাখিগুলো এই ফাঁকে উড়ে এসে নতুন হনুমানটার লেজে আচ্ছা করে আঁচড় কেটে ফুড়ুত করে উড়ে গেল। লেজে টান পড়তেই হনুমানটা ঘুমচোখে চটাং করে একটা লাফ দিল আর হুড়মুড় করে পড়ল গিয়ে নিচেরটার ঘাড়ে। নিচের হনুমানটা বেঘোরে ঘুমাচ্ছিল, গায়ের ওপর আচমকা ধাক্কা খেয়ে ক্যাঁক করে উঠে সামলাতে না পেরে দড়াম করে পড়ল নিচে। তারপর ভয়ে দুটোই খেঁকিয়ে উঠে ছুটে পালাল বনের ভেতর।
‘কী হলো রে!’ বড় বড় চোখ করে একে অপরকে প্রশ্ন করল।
‘সাপটাপ নয়তো?’ বলল একটা হনুমান।
আরেকটা হনুমান মুখটুক তেতো করে বলল, ‘দূর দূর! এ কাজ সাপের বাপেরও না!’
গাছে তখন হুলুস্থুল কাণ্ড! একটা হনুমান ছটফটানির মধ্যেও অন্ধকারে দেখল, সত্যিই সাপের কাজ। হনুমানটি হাতজোড় করে বলল, ‘পায়ে পড়ি, সাপ ভাই! ছেড়ে দাও!’
ওই গাছের গোড়ায় গর্তে ছিল মস্ত এক সাপ। এমনি ওর খাওয়াদাওয়া হয়নি, রাগে তেতে আছে। তার ওপর বাপ তোলা কথা শুনে গা জ্বলে গেল। চোখ পাকিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখল, ঠিক ওর মাথার ওপর দুটো হনুমান লেজ ঝুলিয়ে বসে আছে। অমনি চারবার মাড়ি চিবিয়ে আর সাতাশবার জিব বের করে এক লাফে একসঙ্গে দুই লেজ আচ্ছামতো পেঁচিয়ে ধরে ঝুলে পড়ল। আর যাবে কোথায়! হনুমান দুটোর মনে এমনি একটু ভয় ভয় ছিল। হঠাৎ লেজে হাডুডু খেলার মতো হাড়ভাঙা চাপ পড়তেই ককিয়ে উঠল। একটা ছুটে যায় একদিকে, অন্যটা যায় উল্টো দিকে। কিন্তু লেজ যে ছাড়ানো যায় না। মহাবিপদ!
গাছে তখন হুলুস্থুল কাণ্ড! একটা হনুমান ছটফটানির মধ্যেও অন্ধকারে দেখল, সত্যিই সাপের কাজ। হনুমানটি হাতজোড় করে বলল, ‘পায়ে পড়ি, সাপ ভাই! ছেড়ে দাও!’
সাপের তো পা থাকে না। সে ভাবল তাচ্ছিল্য করছে। আরও রেগে সাপ তখন বলল, ‘কী! আমার পা নেই বলে রসিকতা করছিস?’ বলে আরও জোরে পেঁচিয়ে ধরল। সে কী প্যাঁচ রে বাবা! একেবারে বজ্রআঁটুনি! লেজ দুটোর হাড়গোড় কড়কড় করে উঠল, লোমের দফা তো আগেই শেষ, ছিঁড়ে গেল গেল! ব্যথায় একটা হনুমানের মুখ দিয়ে শব্দ বেরোয় না। আরেকটা ভাবল, সাপের তো পা নেই, বোধ হয় পায়ের কথা বলেছি বলে বড্ড মানসম্মানে লেগেছে, সে জন্যই এমন চিড়েচ্যাপ্টা চাপ! তাই সে তাড়াতাড়ি সাপের প্যাঁচকল থেকে বাঁচতে বলল, ‘সাপ ভাই, ভুল হয়েছে। তোমার হাতে ধরি ভাই, ছেড়ে দাও!’
সাপের তো হাতও নেই। হাতের কথা শুনে সে আরও চটে গেল, ‘এ দুটো এখনো ইয়ার্কি মেরে যাচ্ছে! দেখাচ্ছি মজা!’ এবার রাগের বাটি উপুড় করে সাপটা এমন কষে চেপে ধরল যে মোটাসোটা লেজ দুটোও সুতার মতো সরু হয়ে গেল। তবে লেজ সরু হতেই জানে বেঁচে গেল হনুমান দুটো। সাপের প্যাঁচ থেকে বেরিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটে পালাল ওগুলো বনের দিকে। সেই থেকে ভুলেও আর বটগাছের দিকে পা বাড়াল না ওগুলো। ছোট পাখিগুলো তখন ফিরে পেল নিজেদের আস্তানা।