একটা খরগোশ দৌড় দিল
বাবু বুঝে পায় না খরগোশের সঙ্গে ভয়ের সম্পর্কটা কী। ভয়ের জিনিস তো ‘মাক্কা’। দুপুর বেলায়ও যদি মাক্কার কথা স্মরণে আসে, বাবু ভয়ে গুটিয়ে থাকে। বাবু জানে না মাক্কা দেখতে কেমন, কত লম্বা, কয়টা পা, কীভাবে হাঁটে—মাক্কার কোনো ছবি তো সে কল্পনায় বানায়নি। কিন্তু ‘মাক্কা’ শব্দটাই যেন জাদু করা। মনে আসলেই এক পাহাড় ভয়ের নিচে বাবু ডেবে যেতে থাকে। কিন্তু সেদিন গভীর রাত, ঘুম ভাঙা বাবুর মনে ছিল না মাক্কার ভয়। বরং সে বিস্মিত হয়েছিল। কী এক আশ্চর্য কারণে বাড়ির সবাই কাঁদছিল—দাদি, ফুফু, বেড়াতে আসা খালা, এমনকি কাকা পর্যন্ত। বাবা তো ছিল না সেদিন। বাবাকে রোজ রোজ পাওয়া যায় না কখনোই। বাবা হঠাত্ হঠাত্ আসে। বাবা যেদিন আসে, সেদিনটা বাবুর কাছে উত্সবের মতো লাগে। সেই বাবা, যদি থাকতেন, তিনিও কাঁদতেন আর সবার মতো।সবাই কাঁদছে শব্দ করে। যারা ঘুমিয়ে ছিল, কান্নার জন্য তাদেরও ঘুম থেকে জাগানো হলো। একমাত্র বাবুই অবাক। তার কান্না পাচ্ছে না। কিন্তু দাদির জন্য তার মন খারাপ হয়ে আছে। দাদিও কাঁদছে। কিন্তু অন্যদের মতো জোরে শব্দ করে নয়। দাদি কাঁদছে নীরবে। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। বাবু জিজ্ঞেস করে, ‘ও দাদি, তুমি কাঁদো কেন?’‘কই? কাঁদি না তো রে।’ দাদি কাঁদতে কাঁদতে বলে।‘তুমি কেঁদো না।’ বলে বাবু দাদিকে জড়িয়ে ধরল। তারপর, বাবুদের বাসায় অনেক লোক জড়ো হলো। পাশের বাড়ির কাকা। মানিকের মা। এমন আরও অনেকে। সেই ঘরে, একজন শুঁটকি মহিলা থাকত না, তাকেই সবাই ধরাধরি করে ঘর থেকে বের করে আনল। উঠানে একটা পাটি পেতে তার ওপর শুইয়ে দিল। বিছানার চাদরটা দিয়ে ঢেকে দিল সারা শরীর। বাড়ির সবার সঙ্গে এই মহিলার যে কী সম্পর্ক, বাবু তা জানে না। সবাই তাকে ওর ঘরে যেতে বলে। এমনকি কাকাও প্রায় সময় বলত, ‘থাপ্পড় দেব। তোকে ডাকে, তুই যাস না কেন?’কিন্তু ওর কাছে যেতে বাবুর ইচ্ছাও হয় না, সাহসও থাকে না। বড় বড় চোখ। এলোমেলো চুল। তাকে যা কিছু খেতে দেওয়া হতো, সেই সব সে লুকিয়ে রাখত বালিশের নিচে। লিচু, মিষ্টি, পাউরুটি পর্যন্ত। আচ্ছা, পাউরুটি কি বালিশের তলে লুকিয়ে রাখার জিনিস! সে এসব খাবারের লোভ দেখিয়ে বাবুকে কাছে ডাকত। বল হাতে নিয়ে বাবু অবাক হয়ে দেখত, দুয়ারে দাঁড়িয়ে। কাছে যেতে সাহস হতো না। বাবা একদিন ওই মহিলাকে কমলা খাইয়ে দিয়েছিল কোয়া ভেঙে ভেঙে। দেখে খুব বিরক্ত লেগেছিল বাবুর। এমন একটা জিনিসের জন্য গোটা একটা কমলা নষ্ট করা!ফুফু বলত, ‘ইনি তোমার মা’। কোনো দিন এ কথা বিশ্বাস করেনি বাবু। যদিও মাকে সে দাদি বলে ডাকে, আসলে দাদিই তো তার আপন মা। অন্যদের সঙ্গে শুধু এই তফাত যে, যাকে সকলে মা বলে যাকে, বাবু তাকে দাদি বলে। কিন্তু নামে কী আসে যায়? নানি যে তাকে কালোমানিক বলে ডাকে, তাতে কি সে কালোমানিক হয়ে গেল? না, সে তো বাবুই আছে। ওই ঘরে সে কখনোই যায়নি তা কিন্তু নয়। বাবার সঙ্গে, দাদির সঙ্গে সে অনেকবার গেছে। হাতে থাকত লাল বলটি। লাল বলটি সঙ্গে না নিয়ে কখনো সে ওই ঘরে যায়নি। এই ঘর যেন ভয়ের ফ্যাক্টরি। এখানে কোনো একটা অদৃশ্য যন্ত্রে ভয় তৈরি হয়; আর তৈরি করে কে? অবশ্যই কোনো ভুল নেই—ওই শুঁটকি মহিলা ছাড়া আর কে? চাঁদে যেমন বুড়ি আছে না। সারা রাত ধরে চাঁদের ফ্যাক্টরিতে যদি সেই বুড়ি আলো বুনে না তুলত, তাহলে পরদিন দিন হতো কী করে! পরদিনও তো সেই রাতই থাকত। তেমনি বাবুর মনের সব ভয় দিন-রাতে কে বুনে চলে? ‘মাক্কা’—এত ক্ষমতা পেল কোথা থেকে? রাতের বেলায় কার খাটের তলায় ‘মাক্কা’ বিশ্রাম নেয়? সে জন্যই তো একা ফুফুর সঙ্গে ওই ঘরে বাবু যায় না। আর বাবা বাড়িতে থাকলে কেন জানি বাবুর একদম ভয় করে না। মনে আছে, একদিন উঠোনে নেমে ওই মহিলা সবাইকে ভয় দেখাতে চেয়েছিল। একবার এদিকে লুটিয়ে হাসে, আবার ওদিকে লুটিয়ে কাঁদে। কাপড় ঠিক নেই, মাথার চুলগুলো সব মুখের ওপর এসে পড়েছে। তখন দরজা লাগানো কাঠটা দেখিয়ে বাবাই তো তাকে ঘরে তুলে দাঁড়িয়ে ছিল। তারপর কত দিন দরজায় তালা দেওয়া ছিল। তখন সে জানালার নিচে বসে থাকত। জানালা দিয়ে মাঝেমধ্যে উঁকি দিত। কিন্তু বাবু তখনো ভয় পেত। বাবু কোনো দিন স্বপ্নেও ভাবেনি এই ঘরে সে রাতে ঘুমাবে। অবশ্য শুঁটকি মহিলা নেই আজ এ ঘরে, উঠানেও নেই। আরও রাতে একটা খাটে করে তাকে নিয়ে গেল। বাবু আর কখনো তাকে দেখেনি। দেখার কোনো ইচ্ছাও বাবুর নেই। কিন্তু আসল কথা এসব নয়। আসল কথা হলো, ভয়ের সঙ্গে খরগোশের সম্পর্কটা কী। সেদিন রাতে দাদির পাশে কখন যে ঘুমিয়ে পড়েছিল, সে টের পায়নি। স্বপ্নে সে দেখেছিল এই ঘরটাকেই। ঘরের ভেতর কারা ছিল, তা সে দেখেনি। তখনো রাত। হঠাত্ এই ঘরের পাশ ঘেঁষে দুরন্ত গতিতে ছুটে গেল একটা সাদা খরগোশ। আর আতঙ্কে বাবুর ঘুম ভেঙে গেল। এমনি খরগোশ দেখলে তো বাবুর ভয় করে না। কিন্তু সেই রাতে—কান্না-ঘন সেই রাতে, স্বপ্নের ভেতরে এই বিষণ্ন ঘরটাকে নিয়ে ঢুকে আচমকা দেখে ফেলল একটা ছুটন্ত সাদা খরগোশ। বাবু কোনো দিন ভেবে পায় না সাদা খরগোশের ছুটে যাওয়ার মধ্যে ভয়ের কী আছে?