একটা লাল জামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরেই ঈদ। সবাই অনেক ব্যস্ত কে কোন জামাকাপড় কিনবে, তা নিয়ে।আমার ছোট বোন নুহা।ও অনেক ছোট। ঈদে সবার কেনাকাটা দেখে বায়না ধরেছে নুহা, ওর অনেক সুন্দর একটা জামা চাই-ই চাই। অথচ কিছুদিন আগেই ওকে ঈদের একটা জামা কিনে দেওয়া হয়েছে।শেষ পর্যন্ত ঈদের ঠিক কদিন আগে মা আমাকে আর নুহাকে নিয়ে চললেন মার্কেটে। নুহার নতুন জামা কিনে দিতে। বাবা এসব কেনাকাটা, দোকানে দোকানে ঘোরা একদম পছন্দ করেন না। তাই কেনাকাটার কাজটা সারতে হয় মাকে একাই। আমার জামাকাপড় আগেই কেনা হয়ে গেছে। তাই আমি নতুন করে আর কিছু কিনলাম না। দোকানে নুহাকে অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিতে চাইল মা। তার পরও ওর এক বায়না, ওসব জামা নাকি ও নেবে না। একটা টুকটুকে লাল জামা ওর চাই। শেষ পর্যন্ত ওকে লাল জামা কিনে দিতে হলো। দোকানেই জামাটা পরে নিয়ে আমার আর মায়ের সঙ্গে নাচতে নাচতে বাড়ি চলল নুহা। পথে একটা ব্যাপার লক্ষ করলাম আমি। নুহার লাল জামাটা দেখে ঠিক ওর সমানই ছোট্ট ফুটফুটে একটা মেয়ে ওর মায়ের কাছে লাল জামার জন্য বায়না ধরল। মেয়েটা সম্ভবত রাস্তাতেই থাকে। ওর মা রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল। আমার মনটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেল যে বলার নয়। রাস্তার মধ্যেই আমি মাকে বললাম, ‘মা, ওই মেয়েটাকে দেখেছ? রাস্তার পাশে বসে খেলছে। কী সুন্দর ফুটফুটে! নুহার লাল জামাটা দেখে একটা লাল জামার জন্য মেয়েটা ওর মায়ের কাছে বায়না ধরেছে।’মা বিরক্ত হয়ে বললেন, ‘তুই কীভাবে বুঝলি?’‘মা, আমি মেয়েটাকে বলতে শুনেছি।’‘চল তো। এই ভিড়ের মধ্যে আর কোনো ঝামেলা বাড়াস না। ও রকম কত বাচ্চা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়! এখন বাড়ি চল।’আমি অধৈর্য হয়ে বললাম, ‘মা, ওকেও একটা জামা কিনে দাও না।’আমার কথা শুনে নুহাও আমার সঙ্গে সুর মেলাল, ‘মা, ওকেও একটা জামা কিনে দাও না।’মা শেষ পর্যন্ত আমাদের ধমক দিয়ে বাড়ি নিয়ে চললেন। বাড়ি ফিরে আসার পরও আমার বারবার মনে হতে লাগল, ইশ্! মেয়েটার না-জানি একটা লাল জামার কত শখ!তারপর আবার মনে হয়েছে, মেয়েটা তো আমারও বোন হতে পারত। নুহার মতো ছোট্ট একটা বোন।এই দুঃখটা নিয়েই আমার ঈদ কাটল।মা-বাবা আর ছোট চাচার কাছ থেকে ঈদের সেলামি পেলাম ৫০ টাকার মতো। টাকাটা যখন খরচ করতে যাব তখন মনে হলো, আচ্ছা, এই টাকাটা তো আমি জমিয়ে রাখতে পারি আগামী ঈদের জন্য। টাকাটা জমিয়ে রাখলে মেয়েটাকে তা দিয়ে একটা লাল জামা কিনে দেওয়া যাবে। কিন্তু বাকি টাকা? সেটা কোথায় পাব?মাসের শেষে বাসায় বেশ কিছু পেপার পড়ে ছিল। সঙ্গে আমার কিছু পুরোনো খাতা। মা কাগজওয়ালার কাছে সব বিক্রি করে দিলেন। বিক্রি করে মা কিছু টাকা পেলেন।লাল জামা কেনার জন্য বাকি টাকাটা কোথায় পাব, এই বুদ্ধিটা মাথায় খেলে গেল তখনই।বছর প্রায় শেষ। খুব তাড়াতাড়ি নতুন বছরের ক্লাস শুরু হবে। ক্লাস ফাইভে উঠব এবার। মা কথা দিয়েছেন, ক্লাস ফাইভে বৃত্তি পেলে আমাকে নতুন সাইকেল কিনে দেবেন। নতুন বছরের ক্লাস শুরু হলো। একদিন মাকে বললাম, ‘ক্লাস ফাইভের গণিত বইটা যদি আমি শেষ করতে পারি কয়েকবার, তাহলে প্রতিবারের জন্য আমাকে ১০ টাকা করে দিতে হবে।’ মা বললেন, ‘কেন, ১০ টাকা কেন?’আমি এক মুহূর্ত চিন্তা করে নিয়ে বললাম, ‘কয়েকবার গণিত বইটা শেষ করে দিয়ে তোমার কাছ থেকে টাকা নিয়ে একটা ক্রিকেট ব্যাট কিনব।’মা হেসে বললেন, ‘১০ টাকা না। তুই যদি গণিত বইটা একবার করে শেষ করতে পারিস, তাহলে প্রতিবারের জন্য আমি তোকে ১৫ টাকা করে দেব। কী, কতবার শেষ করতে পারবি?’আমি একগাল হেসে মাকে দুই হাতের সব আঙুল দেখিয়ে বললাম, ‘এই অনেকবার, মা!’মাকে আলাদা করে বলতে হলো না। দেখলাম, মা আমার জন্য অনেক নিউজপ্রিন্ট খাতা কিনে এনেছেন অঙ্ক করার জন্য।খাতাগুলো কিনে আনার পরদিন থেকেই অঙ্ক করতে লেগে গেলাম। একটা করে খাতা শেষ হতো আর গণিত বইটার এক কোনায় একটা করে দাগ দিয়ে রাখতাম।এভাবে ঈদ চলে এল। ঈদের সপ্তাহ দুয়েক আগে আমি গুনে দেখলাম, অঙ্ক করে ৫০টির বেশি খাতা শেষ করে ফেলেছি। ব্যাপারটা আমার নিজের কাছেই অবিশ্বাস্য মনে হলো। মাকে বললাম, ‘অঙ্ক করে যে খাতাগুলো শেষ করেছি, সেগুলো কাগজওয়ালার কাছে বিক্রি করে দেব। তারপর ব্যাটটা কিনব।’ মা শুধু বললেন, ‘আচ্ছা।’তারপর খাতা বিক্রির টাকা, মায়ের কাছ থেকে পাওয়া টাকাসহ বাকি টাকা একত্র করে দেখলাম, অনেক টাকা হয়ে গেছে। মাকে বললাম, ‘ব্যাটটা ঈদের পরে কিনব।’এর পরের ঘটনা।মা গত বছরের মতো এবারও আমাকে আর নুহাকে নিয়ে ঈদের জামাকাপড় কিনতে গেলেন। নুহা যথারীতি এবারও লাল জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরল এবং মা আবারও ওকে একটা লাল জামা কিনে দিলেন। নুহার জামা কেনা হয়ে গেলে আমি মাকে আরেকটা জামা কিনতে বললাম। পকেট থেকে টাকাগুলো বের করে বললাম, ‘টাকাটা আমি দিচ্ছি।’ মা আশ্চর্য হয়ে বললেন, ‘তুই ব্যাট কিনবি না?’‘না, আমার ব্যাট কিনতে ইচ্ছে করছে না।’‘কিন্তু তার বদলে জামা কেন?’আমি অধৈর্য হয়ে বললাম, ‘মা, প্রশ্ন কোরো না। টাকাটা তো আমার।’ মা আমার সঙ্গে আর তর্ক না করে একটা লাল জামা কিনলেন। আমাকে আর কোনো প্রশ্নও করলেন না। কেনাকাটা শেষে আমরা বাড়ি ফিরছি। ঠিক সেই জায়গাটাতেই সেই পরির মতো মেয়েটাকে দেখা গেল। কী সুন্দর ফুটফুটে চেহারার সেই ছোট্ট মেয়েটা!এবার মেয়েটা ওর মায়ের কাছে লাল জামার জন্য বায়না ধরল না। নুহার লাল জামাটার দিকে তাকিয়ে রইল শুধু। আমি প্যাকেট থেকে জামাটা বের করে মেয়েটার দিকে এগিয়ে গেলাম।মেয়েটার কাছে গিয়ে বললাম, ‘তোমার নাম কী?’অনেক মিষ্টি করে মেয়েটা উত্তর দিল, ‘পুষ্প।’‘বাহ্! সুন্দর নাম তো! এই লাল জামাটা তুমি নেবে?’‘এইডা আমার?’‘হ্যাঁ, পুষ্প, এটা তোমার। নাও।’আমার হাত থেকে লাল জামাটা নিয়ে পুষ্প এত সুন্দর করে হাসল যে আমি মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই থাকলাম। আর ভাবলাম, আমার এই ছোট্ট বোনটার হাসি দেখার জন্য এক বছর ধরে অঙ্ক কষা আজ সার্থক।পুষ্পর আনন্দ দেখে নুহাও আনন্দে হাততালি দিয়ে উঠল। আর মা অবাক দৃষ্টি মেলে তাকিয়ে থাকলেন শুধু।বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া