ইশ্! মা যে কী! এখনো খাবার নিয়ে আসছে না। একটু ভালোমতো শিকারও করতে পারে না। খিদেয় পেট চোঁ চোঁ করছে। কাল দুপুর থেকে কিছু খাইনি। এখন মা অনেকটা দুর্বল হয়ে পড়েছে। অনেক দিন ধরে মা বুনো ছাগল, বানর—এসব ছাড়া আর কিছুই শিকার করতে পারছে না। এমন দিনও যায়, যেদিন কিছুই শিকার করতে পারে না। আমি দুধ ছেড়ে দিয়েছি। কিন্তু এখনো শিকার শিখিনি। শিখলে কিছু একটা শিকার করে খাওয়া যেত। আমি এখনো অনেক দুর্বল রয়ে গেছি। আমি জোরে দৌড়াতেও পারি না। একা কাছের নদীটায়ও পানি খেতে যেতে পারি না। এখন নাকি সুন্দরবনের এই গহিন জঙ্গলেও দোপেয়ে অদ্ভুত এক প্রাণী আসে বনের বাইরে থেকে। ওরা আসে বাঘ শিকার করতে। অন্যান্য প্রাণীও শিকার করে। ওরাই বাবাকে পিটিয়ে মেরেছিল। ওরা বাঘের মাংস খায় না, কিন্তু বাঘ শিকার করে। খিদেটা আরও বেড়েছে, পিপাসাও পেয়েছে। একটু পরই সূর্য ডুববে। বাইরে বেরিয়ে এলাম। এখন আর ভয় নেই। এ সময় দোপেয়ে অদ্ভুত জীবগুলো আসে না। সামনের কেওড়াগাছে অনেক বানর বসে বসে কী যেন খাচ্ছে! ওদের খাওয়া দেখে আমার ক্ষুধা আরও বেড়ে গেল। ওদের দেখে আমার শিকারের নেশা পেয়ে বসল।মায়ের কাছে শুনেছি, বানর শিকার করতে গেলে প্রথমেই জোরে একটা হুংকার দিতে হয়। তাই জোরে একটা হুংকার দিলাম। কিন্তু হুংকারটা মনে হয় বেশি আস্তে হয়ে গেছে। কারণ, বানরগুলো আমার হুংকার শুনে কিচকিচ করে হাসতে লাগল। আর আমার শরীরে কেওড়া ছিঁড়ে ছিঁড়ে মারতে লাগল। ওদের এই রসিকতায় আমার মন খারাপ হয়ে গেল। তাই মন খারাপ করে গুহায় ফিরে এলাম।মা এল। মাকে দেখে খুশি হয়ে উঠলাম। কিন্তু যখন মায়ের মুখে বানর দেখলাম, তখন একটু আগের কথা মনে করে আবার মন খারাপ হয়ে গেল। বানরটি খেতে চাইলাম না। তাই মা আবার শিকারে বেরিয়ে পড়ল এবং একটু পরই মা একটি বুনো ছাগল নিয়ে এল। ছাগলটি খেয়েই মায়ের সঙ্গে নদীতে গিয়ে পানি খেলাম। পানি খেয়ে এসেই ঘুমিয়ে পড়লাম।সকালে ঘুম থেকে উঠে মায়ের সঙ্গে পানি খেতে গেলাম। ফিরে আসার একটু পরই মা শিকারে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আজ অবশ্যই হরিণ বা বুনো মহিষ শিকার করবে। মা চলে যাওয়ার পরই আশপাশে একটু ঘুরতে লাগলাম। তখন বানরগুলো আবার জ্বালাতে শুরু করল। তাই মন খারাপ করে গুহায় ফিরে এলাম।গুহার মধ্যে মন খারাপ করে বসে আছি। তখন বাবার কথা মনে পড়ল। বাবা আমাকে খুর আদর করত। কিন্তু আমি খুব ছোট থাকতেই ওই অদ্ভুত জীবগুলো বাবাকে মেরেছিল। গুহার সামনের গাছের বুলবুলি পাখিটা দেখেছিল। বাবা একবার শিকার খুঁজতে খুঁজতে বনের বাইরে চলে গিয়েছিল। তখন ওই দোপেয়ে অদ্ভুত জীবগুলো বাবাকে তাড়া করেছিল। বাবা দৌড়াতে দৌড়াতে একটা খড়ের গাদায় লুকিয়েছিল। কিন্তু ওরা বাবাকে খুঁজে বের করে চারপাশ থেকে ঘিরে ধরেছিল। বাবা ওদের দিকে কাতর চোখে তাকিয়ে ছিল। কিন্তু ওদের কোনো মায়াদয়া হয়নি। ওরা বাবাকে পেটাতে শুরু করেছিল। বাবার শরীর থেকে রক্ত বের হয়ে আসছিল। বাবা ব্যথায় ছটফট করছিল। কিন্তু ওরা থামেনি। বাবার রক্ত ছিটে ছিটে ওদের গায়ে লাগছিল। তার পরও ওরা থামেনি। এভাবে মারতে মারতে ওরা বাবাকে মেরেই ফেলেছিল। মেরেই ওরা থামেনি, বাবাকে মেরে ওরা ময়লার মধ্যে ফেলে দিয়েছিল। পরে সেখান থেকে বাবার মাংস নাকি কুকুরে খেয়েছে। তা-ও ওরা বাবাকে ওখান থেকে সরায়নি। বাবার মতো আরও অনেক বাঘ নাকি ওরা মেরেছে। বাঘ দেখলেই ওরা নাকি মারার চেষ্টা করে। ওদের কাছে নাকি বাঘের জীবনের কোনো মূল্যই নেই। আমি এসব কথা শুনেছি ওই বুড়ো বুলবুলি পাখিটার কাছ থেকে।অনেক সময় হয়েছে। মা এখনো আসছে না। তাই বাইরে বেরিয়ে এলাম। দূরে একটি হরিণ দেখেই মনটা খারাপ হয়ে গেল। ইশ্! এখন মা থাকলে ওটি শিকারের চেষ্টা করতে পারত। হঠাৎ চমকে উঠে থেমে গেলাম। খুব ভয় করছে। ভয়ে ঘেমে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে আছে দুটো অদ্ভুত দোপেয়ে জীব। শীতল হিংস্র চোখে তাকিয়ে আছে। ওরাই তো মনে হয় বাবাকে মেরেছিল! আমার দিকে একটা লম্বা কী যেন তাক করে রেখেছে। মায়ের কাছে শুনেছি, ওরা এ রকম লম্বা একটা জিনিস দিয়েই বাঘ মারে। আমাকেও মারবে। দৌড় দিতে চাইছি। কিন্তু পারছি না। ভয়ে নড়তে পারছি না। পাগুলো জমে গেছে। ভয়ার্ত অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে আছি। ওদের চোখ খুশিতে জ্বলজ্বল করছে। ঠাস! নলটির মাথায় আগুনের ঝলক। ছোট কী যেন আমার দিকে ছুটে আসছে। সরে যেতে চাইছি, কিন্তু নড়তে পারছি না। হঠাৎ জোরে ঝাঁকি খেয়ে পড়ে গেলাম। আমার বুকে কী যেন ঢুকে গেছে। উফ্! কী ব্যথা! ব্যথায় কাতরে উঠলাম। আমার বুক থেকে রক্ত বের হয়ে শরীর ভিজে যাচ্ছে। অসহ্য ব্যথা। সহ্য করতে পারছি না। খুব কষ্ট পাচ্ছি। বাবাকে মারার সময় বাবাও মনে হয় এ রকম কষ্ট পেয়েছিল। এর চেয়েও মনে হয় বেশি। মায়ের কথা মনে পড়ল। মা হয়তো আমার জন্য খাবার খুঁজছে। হয়তো খাবার পেয়েও গেছে। হয়তো হরিণ নিয়ে আসবে। এসে দেখবে...। আর ভাবতে পারলাম না। মনে হয় মরে যাচ্ছি। উফ্, কী ব্যথা! দূরে মাকে দেখা যাচ্ছে। মায়ের মুখে একটা হরিণ ঝুলছে। মা আমার অবস্থা দেখেই ছুটতে শুরু করল। আবারও ঠাস করে আওয়াজ হলো। মায়ের শরীর একটা ঝাঁকি খেল। মা পড়ে যাচ্ছিল। কোনোমতে সামলে আবার ছুটতে শুরু করল। মায়ের শরীর রক্তে ভিজে যাচ্ছে। কিন্তু তবু মা ছুটছে। মায়ের মুখে হরিণটা রয়েছে। মা ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ল। একেবারে আমার পাশে এসে পড়ে গেল। মায়ের শরীর তাজা রক্তে ভিজে গেছে। মা আমার পাশে পড়ে ব্যথায় ছটফট করছে। মা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মা তাকিয়ে থাকতে পারছে না। কিন্তু তবু তাকিয়ে আছে। যন্ত্রণা মাকে তাকিয়ে থাকতে দিচ্ছে না। মা তবু চেষ্টা করছে। মায়ের চোখ বন্ধ হয়ে আসছে। মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। মা এখনো তাকিয়ে থাকতে চেষ্টা করছে, যেন শেষবারের মতো প্রিয় সন্তানকে দেখে নিচ্ছে।আমার সামনে পড়ে আছে একটা হরিণ, যে হরিণ শিকারের জন্য মা সারা দিন বনে বনে ঘুরেছে। আমি যা খাওয়ার জন্য সারা দিন অপেক্ষা করেছি, সে হরিণ মা আজ শিকার করে এনেছে। আমার সামনে পড়ে আছে সেটা। কিন্তু আমি ছুঁতেও পারছি না। জানি, আর কোনো দিন পারবও না। আমার চোখও বন্ধ হয়ে আসছে। ব্যথায় খুব কষ্ট হচ্ছে। আমার দিকে দোপেয়ে অদ্ভুত জীবগুলো এগিয়ে আসছে। শেষবারের মতো মায়ের দিকে তাকালাম। এত দিন যে আমাকে শিকার করে খাইয়েছে, এই প্রিয় মুখ আর কোনো দিন দেখব না। আমার চোখ বন্ধ হয়ে আসছে। মা...।তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা,সাভার, ঢাকা